০৪:৪০ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির অনুমোদন প্রদান করেছে। এই চিপগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি দ্বারা তৈরি করা হয়েছে। অনুমোদনের তালিকায় চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কোম্পানিও অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। কমিটির প্রকাশিত নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প ও নিরাপত্তা ব্যুরো (বিআইএস) মোট ৮ লাখ ৭৯ হাজার ৮৬৮টি চিপ রপ্তানি, পুনরায় রপ্তানি বা স্থানান্তরের জন্য ২১টি আবেদন অনুমোদন করেছে।
অনুমোদিত চিপগুলোর মধ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চীনা সামরিক-সংশ্লিষ্ট কোম্পানির তালিকায় অবস্থান করছে।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপানোর ক্ষমতা নেই
তবে, ওই ছয় মাসে চীনে মোট ৩৪ লাখ ৪৪ হাজার ১৬০টি চিপ পাঠানোর অনুমতি চেয়ে আবেদন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। অনুমোদিত চিপগুলোর মধ্যে রয়েছে এনভিডিয়ার এইচ২০০ এবং এএমডির এমআই৩২৫এক্স মডেল। চীনে কতগুলো চিপ পৌঁছেছে, তা নিশ্চিত নয়। কমিটির প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে যে, অনুমোদিত চালানগুলোকে ‘অনুমোদিত, কিন্তু পাঠানো হয়নি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট রপ্তানি নিয়ন্ত্রণ সংস্কার আইনের আওতায় এনভিডিয়া ও এএমডির চিপ রপ্তানির লাইসেন্স আবেদনের তথ্য প্রকাশ করেন। কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তিনি এই আইনের আওতায় পাওয়া ক্ষমতা ব্যবহার করে এসব তথ্য প্রকাশ করেছেন।
চিপ রপ্তানির অনুমোদনসংক্রান্ত তথ্য প্রকাশের ঘটনা এমন সময়ে সামনে এসেছে, যখন চীনের প্রযুক্তিগত সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ এবং চীনে এনভিডিয়ার এআই চিপ পাচারের বিভিন্ন ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা ও চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিযোগিতাবিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ম্যাকগুয়ার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, চীনে পাঠানো এআই চিপের ৩০ শতাংশের বেশি এমন প্রতিষ্ঠানের কাছে গেছে, যেগুলোকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চীনা সামরিক কোম্পানি হিসেবে চিহ্নিত করেছে। তাঁর ভাষায়, বিষয়টি বিস্ময়কর এবং এসব চিপ রপ্তানির অনুমোদনের আগে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু
এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, চিপ রপ্তানির অনুমোদনগুলো কঠোর শর্ত ও সীমিত পরিমাণের ভিত্তিতে দেওয়া হয়েছিল। যদিও কিছু রপ্তানি লাইসেন্স পেয়েছে, তারা পরে চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এএমডির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তাদের আশঙ্কা ছিল, এসব চিপ চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের অগ্রণী অবস্থান দুর্বল করতে পারে। তবে গত ডিসেম্বরে ট্রাম্প এনভিডিয়াকে চীনে এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেন। এর মাধ্যমে বাইডেন প্রশাসনের সময়কার বিধিনিষেধ শিথিল করা হয়। এ সিদ্ধান্তের সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক অবস্থানের চীনবিষয়ক কঠোর নীতির সমর্থকেরা।
খবরটি প্রকাশের দিন শেয়ারবাজারে এনভিডিয়া ও এএমডির শেয়ারের দামও কমে যায়। এনভিডিয়ার শেয়ারের দর ৩ দশমিক ৩ শতাংশ এবং এএমডির ৭ দশমিক ৭ শতাংশ কমেছে। একই দিনে প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক ২ দশমিক ২ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৮ শতাংশ কমেছে।
আরও পড়ুন: পশ্চিম জাভায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন