০৪:২১ পি.এম
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনার আইনি সমাধানের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তিনি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। রবিবার, তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা কখনোই শিক্ষকদের কাছে নিজেদের অনিরাপদ মনে না করে। তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো শিক্ষক সমাজকে দায়ী করা উচিত নয়।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তিনি উল্লেখ করেন, এ ধরনের ঘটনার জন্য সুনির্দিষ্ট আইনি বিধান ও প্রতিকারের ব্যবস্থা রয়েছে। তাই কাউকে অপরাধী মনে হলেই তার ওপর নিজেরা শাস্তি প্রয়োগ করা উচিত নয়। যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকেন, তাহলে তিনি শাস্তি ভোগ করবেন। অন্যদিকে, যদি তিনি অন্যায়ের শিকার হন, তাহলে নিরপরাধ হিসেবে স্বীকৃতি পাবেন। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।
শিক্ষকদের প্রতি মানুষের দীর্ঘদিনের শ্রদ্ধা ও ভালোবাসা যেন কোনো ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন। শিক্ষকদের ভূমিকা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, শিক্ষকরা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি মা-বাবার মতো দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে তিনি ‘লোকো প্যারেন্টিস’ ধারণার কথা উল্লেখ করেন, যার অর্থ হলো মা-বাবার অনুপস্থিতিতে তাদের মতো দায়িত্ব পালন করা।
তিনি মনে করেন, সংশ্লিষ্ট ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় তদন্ত ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে এর চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত।
অ্যাটর্নি জেনারেল জানান, তিনি জানতে পেরেছেন, গাজীপুরের এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে চূড়ান্তভাবে অপরাধী ঘোষণা না করে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন