০২:৫০ এম
রান্নার মঞ্চে এবার নেই
জনপ্রিয় রিয়ালিটি শো ‘সেরা রাঁধুনী’র পূর্ববর্তী আটটি আসরের মধ্যে চারটিতে বিচারকের দায়িত্ব পালন করেছেন পূর্ণিমা। সর্বশেষ আসরেও তিনি প্রতিযোগীদের রান্না চেখে সেরাদের নির্বাচন করেছেন। তবে নবম আসরে তাঁকে আর দেখা যাবে না। এবারের বিচারকের আসনে থাকছেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর সঙ্গে থাকবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। জানা গেছে, ব্যক্তিগত কারণে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পূর্ণিমা।
অভিনেত্রী পূর্ণিমা এর আগে এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন। এক আলাপে তিনি জানিয়েছেন, ‘সেরা রাঁধুনী’র সঙ্গে যুক্ত সবাইকে তাঁর নিজের পরিবারের মতো মনে হয়। আয়োজকরা প্রতি আসরে তাঁকে অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু প্রতিবারই তাঁর মনে সংশয় কাজ করে, শেষ পর্যন্ত হয়তো অংশ নেওয়া হবে না। কারণ, তাঁর মেয়ে উমাইজার স্কুল ও পড়াশোনার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বললেন, "নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন"
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়েছে। একটি রিয়ালিটি শোর ভিডিওকে কেন্দ্র করে কেউ কেউ দাবি করছেন, পূর্ণিমা আবার মা হতে যাচ্ছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।
পরিবারই এখন প্রথম
অভিনয়ে পূর্ণিমার নিয়মিত উপস্থিতি এখন আগের মতো নেই। তিনি বর্তমানে সংসার, পরিবার ও ব্যক্তিগত জীবনকে অধিক গুরুত্ব দিচ্ছেন। নিজের জন্মদিনে বর্তমান জীবনযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘সব সময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে, এখন সেটাই করছি।’ এ বছর জন্মদিনে তিনি স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন। তবে তিনি একেবারে আড়ালে চলে যাননি। বিভিন্ন অনুষ্ঠানেও মাঝে মাঝে তাঁকে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দীর্ঘদিন পর শাকিব খান ও পূর্ণিমাকে একসঙ্গে দেখা গেছে। তাঁদের একসঙ্গে দেখে অনেক দর্শক নস্টালজিক হয়ে পড়েছেন।
মুক্তির অপেক্ষায় দুই ছবি
আরও পড়ুন: মিশিগানে এক মঞ্চে মৌসুমী ও মুন্নী, বন্ধুত্বের ৩০ বছর উদযাপন
পূর্ণিমা অভিনীত দুটি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় আটকে আছে ছবিগুলোর মুক্তি। দুটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। ছবিগুলোর শুটিংও অনেক আগেই সম্পন্ন হয়েছে। তবে কবে নাগাদ সেগুলো প্রেক্ষাগৃহে আসবে, তা এখনো নিশ্চিত নয়।
ফেরার অপেক্ষায় নতুন চরিত্র
১৯৯৮ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১০ সালে ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রিয়াজের সঙ্গে প্রায় ২৫টি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক নায়িকা হিসেবে এক সময় দর্শকের কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা ছিল। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তির সময়ও নিজের চাওয়ার কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির প্রসঙ্গ সামনে এনেছিলেন পূর্ণিমা। ব্যক্তিগত চাওয়ার চেয়ে ঢাকাই চলচ্চিত্রের উন্নতি, নতুনদের কাজের সুযোগ এবং চলচ্চিত্রাঙ্গনে সুস্থ পরিবেশের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রত্যাশা ছিল, চলচ্চিত্রের মানুষদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।
অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ নিয়েও একসময় খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ২৫ বছরের অভিনয়জীবনের সঙ্গে মানানসই ভালো চরিত্রের প্রস্তাব খুব একটা আসে না। ওটিটির জন্য পাওয়া প্রস্তাবগুলোও তাঁর কাছে অনেকটা একই ধরনের মনে হয়েছে। ফলে পছন্দসই চরিত্র না পাওয়ায় কাজের সংখ্যা কমেছে।
আরও পড়ুন: বিজয় সেতুপতি এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার দেবেন
তবে অভিনয় থেকে বিদায় নেওয়ার কোনো ঘোষণা দেননি পূর্ণিমা। বরং নতুন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিনের রোমান্টিক নায়িকার পরিচিত গণ্ডি ছেড়ে এবার ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে চান তিনি। এমনকি নেতিবাচক চরিত্রেও অভিনয়ের ইচ্ছা রয়েছে তাঁর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন