ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে তড়িঘড়ি, পরীক্ষার দিন এডমিট কার্ড পেল প্রার্থীরা


কুবিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে তড়িঘড়ি, পরীক্ষার দিন এডমিট কার্ড পেল প্রার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করার অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু পদের প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ করেছেন।

প্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার এডমিট কার্ড পরীক্ষার দিন সকালে পরীক্ষাকেন্দ্রে এসে পেয়েছেন। এতে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৭ অক্টোবর ৩৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৪টি শিক্ষক এবং ২১টি কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন: নারী শিক্ষকরা বদলি আদেশ জারির দাবিতে আমরণ অনশনে

এরই ধারাবাহিকতায় আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সামনে আবেদন শেষ হওয়ার এক মাসের মধ্যে বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে দ্রুততার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রার্থীদের যথাসময়ে পরীক্ষার তথ্য ও এডমিট কার্ড না দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রশাসনিক কর্মকর্তা পদে একটি পদের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ১৪ নভেম্বর সকাল ৯টায়। কিন্তু পরীক্ষার বিষয়ে প্রার্থীদের আগের দিন, ১৩ নভেম্বর বিকেলে ফোন করে জানানো হয়। পরীক্ষার আগে কোনো এডমিট কার্ড হাতে না পাওয়ায় অনেক প্রার্থী পরীক্ষার সময়, প্রয়োজনীয় কাগজপত্র এবং পরবর্তী মৌখিক পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নিতে পারেননি বলে অভিযোগ করেছেন।

এডমিট কার্ড ডাকযোগে প্রার্থীদের কাছে পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু পরীক্ষার্থী সময়ে পাননি বলে অভিযোগ করেছেন। এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরেও এখনো ডাক বিভাগ থেকে কোনো চিঠি পাননি বলে জানায় তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের উদ্দেশে চিঠিটি ৫ নভেম্বর ইস্যু করা হয়েছিল। চিঠিতে জানানো হয়, লিখিত পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিন প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় সনদের মূলকপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শিক্ষামন্ত্রী

জানা যায়, গত ১৪ নভেম্বর একযোগে সহকারী রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা (আপগ্রেডেশনের জন্য), সহকারী রেজিস্ট্রার (আগগ্রেডেশনের জন্য) একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিন্তু প্রার্থীদের অভিযোগ, ৫ নভেম্বর চিঠি ইস্যু করা হলেও তারা পরীক্ষার আগে এডমিট কার্ড পাননি। ১৪ নভেম্বর সকালে পরীক্ষার হলে গিয়ে তারা এডমিট কার্ড হাতে পান। সেখানেই তারা জানতে পারেন, অন্য কোথাও চাকরিরত প্রার্থীদের এনওসি (অনাপত্তিপত্র) সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা ছিল। একই সঙ্গে লিখিত পরীক্ষার পর ওই দিনই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানতে পারেন তারা।

এক প্রার্থী বলেন, ‘পরীক্ষার আগের দিন আমাদের জানানো হয়, পরের দিন পরীক্ষা হবে। কোনো এডমিট কার্ড দেওয়া হয়নি। পরীক্ষার হলে এসে এডমিট কার্ড পাওয়ার পর জানতে পারি, কোথাও চাকরি করলে সেখান থেকে এনওসি প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। কিন্তু সকালেই লিখিত পরীক্ষার পর বিকেলে মৌখিক পরীক্ষার কথা জানানো হয়। আমাদের অনেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে পারেননি। জানিনা তারা কেন এমন করেছে। এটা একটা পাবলিক পরীক্ষা এতো তাড়াহুড়া কেন?’

আরেক চাকরিপ্রার্থী বলেন, ‘আমি প্রথমে এনওসি ও প্রয়োজনীয় সনদপত্র নিয়ে আসতে পারিনি। পরীক্ষার হলে এসে জানতে পারি এগুলো লাগবে। পরে আমার এক নিকটাত্মীয়ের মাধ্যমে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আনাই। পরীক্ষার হলে এডমিট কার্ড দেওয়া এবং পরীক্ষার আগের দিন জানালে প্রস্তুতিরও একটি বিষয় থাকে। কিন্তু সেটি হয়ে ওঠেনি। জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনটি কেন করল। এডমিট কার্ডে চিঠি ইস্যুর তারিখ ৫ নভেম্বর দেখেছি। কিন্তু এত দিনেও কেন আমাদের জানানো হয়নি?’

আরও পড়ুন: পরীক্ষার খাতা মূল্যায়নের মান প্রশ্নের মুখে

প্রার্থীদের অভিযোগ, নিয়োগের মতো গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ, এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে যথেষ্ট সময় আগে জানানো হলে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতেন। তবে শেষ মুহূর্তে পরীক্ষার তথ্য জানানো এবং পরীক্ষার দিন এডমিট কার্ড দেওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আমরা প্রার্থীদের ডাকযোগে এডমিট কার্ড পাঠানোর পাশাপাশি ফোন করে পরীক্ষার সময় ও তারিখ নিশ্চিত করেছি। ডাকযোগে চিঠি পৌঁছাতে দেরি হতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই ফোনে প্রার্থীদের জানানো হয়েছে। এডমিট কার্ড না পেলেও যাতে কেউ পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সে জন্য পরীক্ষার হলে অনুলিপি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। যারা এডমিট কার্ড পাননি, তাঁদেরও পরীক্ষা দিতে দেওয়া হয়েছে।’

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাউকে পরীক্ষা থেকে বিরত রাখা হয়নি বলেও জানান রেজিস্ট্রার। তিনি বলেন, ‘পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাউকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল যোগ্য কোনো প্রার্থী যেন শুধু এডমিট কার্ড বা কাগজপত্রের কারণে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হন।’

এক মাসের মধ্যে ৩৫টি পদের নিয়োগ কার্যক্রম তড়িঘড়ি করে সম্পন্ন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়সূচি অত্যন্ত ব্যস্ত। শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিভাগে শিক্ষক সংকট রয়েছে। এ কারণে প্রতিদিনই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বোর্ড এবং প্রশাসনিক সভা হচ্ছে। আগামী ২৮ নভেম্বর সিন্ডিকেট সভা রয়েছে। এর আগে নিয়োগ–সংক্রান্ত বোর্ডগুলো সম্পন্ন করতে হচ্ছে। সবকিছু বিবেচনা করেই নিয়োগের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’

আরও পড়ুন: মেডিক্যাল-ডেন্টালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে কথা বলো।’ নিয়োগ প্রক্রিয়া তড়িঘড়ির কারণে প্রার্থীরা সময়মতো এডমিট কার্ড পাচ্ছে না- এমন প্রশ্নকে তিনি অপ্রাসঙ্গিক বলে প্রতিবেদকের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান: কিউবার জ্বালানি অবরোধ তুলে নিক যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান: কিউবার জ্বালানি অবরোধ তুলে নিক যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস যুক্তরাষ্ট্রের কাছে কিউবার ওপর আরোপিত জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এসব নিষেধাজ্ঞার ফলে বিশেষ করে শিশুদের জীবন বিপদের সম্মুখীন হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) কিউবা সফরের সময় তিনি বলেন, জ্বালানি সরবরাহে বাধা এবং নিষেধাজ্ঞার কারণে কিউবার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম ও চিকিৎসা উপকরণের অভাব দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণও বেড়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউবার টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

ডা. টেড্রোস জানান, কিউবার মানুষের গড় আয়ু ২০২০ সালে ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে নেমে এসেছে। ১৯৫০ সালে হিসাব রাখা শুরুর পর এটি প্রথমবারের মতো দেশটির গড় আয়ু কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ শতবার পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ শতবার পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে একশবারেরও বেশি পেছাল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।

বুধবার (২৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকারদের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ধারণা করা হচ্ছে, দেশের অভ্যন্তরে থাকা কোনো একটি চক্রের সহযোগিতায় এই অর্থপাচার সংঘটিত হয়েছে।

এই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা হয়। পরবর্তী দিন, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করে। তখন থেকেই মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


মানিকগঞ্জে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে

মানিকগঞ্জে আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের বিশ্বখ্যাত ক্বারীরা, যেমন তানজানিয়া, ইরান, মিশর। এই সম্মেলনের আয়োজন করেছে তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা, যা হবে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে।

এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) মানিকগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকেরা সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আয়োজকেরা জানান, তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও ক্বিরাত শিক্ষার প্রসারে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের দীর্ঘতম শ্বাসের অধিকারী ক্বারী ঈদী শাবান, ইরানের শিশু ক্বারী মুহাম্মদ আমীন কুহানী এবং বাংলাদেশের বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান। এছাড়াও, পবিত্র কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ কাব্যানুবাদক হিসেবে পরিচিত আল্লামা মুহিব খানও সম্মেলনে উপস্থিত থাকবেন।

আয়োজকেরা জানিয়েছেন, বিদেশি অতিথি ক্বারীরা ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে নির্ধারিত সময়েই সম্মেলনের কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে সম্মেলনের সার্বিক তত্ত্বাবধায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা মুহাম্মাদ মুরাদ হোসাইন মানিকগঞ্জবাসীসহ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। তিনি সম্মেলনের দাওয়াতি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মাওলানা মুরাদ হোসেন। এ সময় শিক্ষাবিদ মাওলানা আব্দুল গাফফার ফরিদ, ড. হাবিবুর রহমান ও মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদের সিলিং ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী টিনা দত্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ছাদের সিলিং ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী টিনা দত্ত

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্তের জীবনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ করেই তার বাড়ির ফলস সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অভিনেত্রী অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সিলিংয়ের ভাঙা অংশ এসে পড়ে তার মাথা, ঘাড় ও কাঁধের ওপর। সম্প্রতি তিনি সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের বিধ্বস্ত বাড়ির ছবি এবং সেই আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ভিডিওতে টিনা জানান, গত ৩১ অক্টোবর দুর্গাপূজার পর কলকাতা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। স্যুটকেস রেখে ফ্রেশ হওয়ার পর বসার ঘরে খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি নিজের নতুন কার্পেটের ওপর ছাদের সিলিংয়ের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়িতে যারা কাজ করেন, তারা কিছু নোংরা করেছেন। তারপর ভাবলাম এটা এলো কোথা থেকে? বাইরে থেকে কিছু পড়েছে কি না দেখার জন্য জানালার দিকে এগোতেই হঠাৎ আমার মাথা, ঘাড় এবং কাঁধের ওপর কিছু একটা এসে পড়ল।

ওপরে তাকিয়ে দেখি, আমার বাড়ির ফলস সিলিং ভেঙে পড়ছে!’

কলকাতার অন্যতম সেরা স্থপতিকে দিয়ে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করিয়েছিলেন টিনা। ভালোবাসা ও যত্নে সাজানো সেই বাড়ির এমন বিপর্যয় তিনি মেনে নিতে পারেননি। দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

নিজের সেই মানসিক অবস্থার কথা জানিয়ে টিনা বলেন, ‘এমনটা কার সঙ্গে হয়? আমি এত ভালোবাসা দিয়ে বাড়িটা বানিয়েছিলাম, আর হঠাৎ ছাদের সিলিংটাই ভেঙে পড়ল! আমার সঙ্গেই কেন এমন হয়? আমি দুদিন ধরে পুরো স্তব্ধ হয়ে ছিলাম, চরম শকে চলে গিয়েছিলাম। তৃতীয় দিনে যখন বুঝতে পারলাম আসলে কী ঘটেছে, তখন হাউমাউ করে কেঁদে ফেলি।’

ভিডিওতে বাড়ির বিভিন্ন অংশের বর্তমান বিধ্বস্ত অবস্থাও দেখিয়েছেন অভিনেত্রী। তার প্রিয় সোফাটি ভেঙে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু আসবাব নয়, ক্যারিয়ারে অর্জন করা একাধিক মূল্যবান পুরস্কারও ভেঙে নষ্ট হয়েছে। ইতালি থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে আনা পছন্দের ওয়ালপেপারসহ ঘরের নানা শৌখিন জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ‘উত্তরণ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। ধারাবাহিকে ইচ্ছা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম। এবার অভিনয়ের বাইরে নিজের বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%