ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানিকগঞ্জে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে


মানিকগঞ্জে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে

মানিকগঞ্জে আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করবেন বিভিন্ন দেশের বিশ্বখ্যাত ক্বারীরা, যেমন তানজানিয়া, ইরান, মিশর। এই সম্মেলনের আয়োজন করেছে তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা, যা হবে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে।

এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) মানিকগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকেরা সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আয়োজকেরা জানান, তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও ক্বিরাত শিক্ষার প্রসারে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ইরান মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয়: প্রথম ভাইস প্রেসিডেন্ট

বিশেষ আকর্ষণ হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বের দীর্ঘতম শ্বাসের অধিকারী ক্বারী ঈদী শাবান, ইরানের শিশু ক্বারী মুহাম্মদ আমীন কুহানী এবং বাংলাদেশের বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান। এছাড়াও, পবিত্র কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ কাব্যানুবাদক হিসেবে পরিচিত আল্লামা মুহিব খানও সম্মেলনে উপস্থিত থাকবেন।

আয়োজকেরা জানিয়েছেন, বিদেশি অতিথি ক্বারীরা ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে নির্ধারিত সময়েই সম্মেলনের কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে সম্মেলনের সার্বিক তত্ত্বাবধায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা মুহাম্মাদ মুরাদ হোসাইন মানিকগঞ্জবাসীসহ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। তিনি সম্মেলনের দাওয়াতি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মাওলানা মুরাদ হোসেন। এ সময় শিক্ষাবিদ মাওলানা আব্দুল গাফফার ফরিদ, ড. হাবিবুর রহমান ও মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান: কিউবার জ্বালানি অবরোধ তুলে নিক যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদের সিলিং ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী টিনা দত্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ছাদের সিলিং ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী টিনা দত্ত

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্তের জীবনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ করেই তার বাড়ির ফলস সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অভিনেত্রী অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সিলিংয়ের ভাঙা অংশ এসে পড়ে তার মাথা, ঘাড় ও কাঁধের ওপর। সম্প্রতি তিনি সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের বিধ্বস্ত বাড়ির ছবি এবং সেই আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ভিডিওতে টিনা জানান, গত ৩১ অক্টোবর দুর্গাপূজার পর কলকাতা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। স্যুটকেস রেখে ফ্রেশ হওয়ার পর বসার ঘরে খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি নিজের নতুন কার্পেটের ওপর ছাদের সিলিংয়ের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়িতে যারা কাজ করেন, তারা কিছু নোংরা করেছেন। তারপর ভাবলাম এটা এলো কোথা থেকে? বাইরে থেকে কিছু পড়েছে কি না দেখার জন্য জানালার দিকে এগোতেই হঠাৎ আমার মাথা, ঘাড় এবং কাঁধের ওপর কিছু একটা এসে পড়ল।

ওপরে তাকিয়ে দেখি, আমার বাড়ির ফলস সিলিং ভেঙে পড়ছে!’

কলকাতার অন্যতম সেরা স্থপতিকে দিয়ে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করিয়েছিলেন টিনা। ভালোবাসা ও যত্নে সাজানো সেই বাড়ির এমন বিপর্যয় তিনি মেনে নিতে পারেননি। দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

নিজের সেই মানসিক অবস্থার কথা জানিয়ে টিনা বলেন, ‘এমনটা কার সঙ্গে হয়? আমি এত ভালোবাসা দিয়ে বাড়িটা বানিয়েছিলাম, আর হঠাৎ ছাদের সিলিংটাই ভেঙে পড়ল! আমার সঙ্গেই কেন এমন হয়? আমি দুদিন ধরে পুরো স্তব্ধ হয়ে ছিলাম, চরম শকে চলে গিয়েছিলাম। তৃতীয় দিনে যখন বুঝতে পারলাম আসলে কী ঘটেছে, তখন হাউমাউ করে কেঁদে ফেলি।’

ভিডিওতে বাড়ির বিভিন্ন অংশের বর্তমান বিধ্বস্ত অবস্থাও দেখিয়েছেন অভিনেত্রী। তার প্রিয় সোফাটি ভেঙে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু আসবাব নয়, ক্যারিয়ারে অর্জন করা একাধিক মূল্যবান পুরস্কারও ভেঙে নষ্ট হয়েছে। ইতালি থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে আনা পছন্দের ওয়ালপেপারসহ ঘরের নানা শৌখিন জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ‘উত্তরণ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। ধারাবাহিকে ইচ্ছা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম। এবার অভিনয়ের বাইরে নিজের বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, কৃষকরা দাম বৃদ্ধিতে খুশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, কৃষকরা দাম বৃদ্ধিতে খুশি

লক্ষ্মীপুর, ২৫ নভেম্বর ২০২৬ : চলতি আমন মৌসুমে লক্ষ্মীপুর জেলায় আমনের ব্যাপক ফলন ঘটেছে। এ মৌসুমে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। আগের মৌসুমের তুলনায় ধানের দাম মণ প্রতি ১০০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সন্তুষ্ট।

জেলায় ইতোমধ্যে ধান কাটা কার্যক্রম শুরু হয়ে গেছে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। সার ও কীটনাশকের দাম সহনশীল থাকায় চাষাবাদে খরচ কমেছে। ফলে বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন তারা। গতবারের তুলনায় প্রতিমণ ধানে একশ টাকা দাম বেড়েছে। গত বছর প্রতিমণ ধান বিক্রি হয়েছিল ১০০০ থেকে ১১০০ টাকায়, এবারে সেই ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত। তবে সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা। ধানের বাম্পার ফলন ও ন্যায্য দাম পাওয়ায় কৃষকরা খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, এবার জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন অর্জিত হয়েছে। লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।

কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, এবারের আমনের ফলন ভালো হয়েছে এবং এতে তারা খুবই খুশি। সার, কীটনাশকের দাম সহনশীল থাকায় প্রতি মণ ধানের উৎপাদনে খরচ পড়েছে ১০০০ টাকা। বাজারে ধানের দাম ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া সরকার মণ প্রতি ১৪০০ টাকা দামে ধান সংগ্রহের ঘোষণা দিয়েছে, যা বাস্তবায়িত হলে কৃষকদের জন্য আরও লাভজনক হবে।

তারা জানান, গতবারের তুলনায় সরকার ধান সংগ্রহের জন্য বেশি দাম দিচ্ছে। তবে সরকারিভাবে ধান বিক্রি করতে গেলে কৃষকদের নানা শর্তের বেড়াজালে পড়তে হয়। প্রান্তিক কৃষকরা এসব শর্ত আরও সহনশীল করার আবেদন জানিয়েছেন।

সদর উপজেলার চর রমণিমোহন এলাকার কৃষক আবুল বাসার, চররুহিতার তোফায়েল হোসেন এবং নুরুল হুদা জানান, এবছর সার, সেচ ও কীটনাশকের দাম সহনশীল ছিল। তবুও প্রতিমণ ধান উৎপাদনে খরচ ১০০০ টাকা হয়েছে। বাজারে ধানের দাম ভালো। গতবারের তুলনায় মণপ্রতি ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। সরকার কৃষকদের জন্য নানা প্রণোদনার উদ্যোগ নিয়েছে এবং প্রশাসন প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহির আহমেদ বাসস’কে জানান, জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। আমন ধান কাটা শুরু হয়েছে এবং মাঠে ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই জীবনসঙ্গী খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


এআই জীবনসঙ্গী খুঁজে দেবে, বিয়ে না হলে টাকা ফেরত

চীনের একটি ডেটিং অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার কাজ করছে। শুধু সঙ্গী খুঁজে দেওয়ার বিষয়েই নয়, তিন বছরের মধ্যে ব্যবহারকারী যদি বিয়ে না করেন, তবে সাবস্ক্রিপশনের পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে অ্যাপটির। এই অভিনব উদ্যোগটি চীনের অনলাইন ডেটিং বাজারে আলোচনা সৃষ্টি করেছে।

অ্যাপটির নাম ‘লিয়াংপেই এআই’। গত জুলাই মাসে চালু হওয়া এই অ্যাপটির বার্ষিক সাবস্ক্রিপশন ফি দুই হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। অ্যাপটির প্রতিশ্রুতি অনুযায়ী, সাবস্ক্রিপশন নেওয়ার তিন বছরের মধ্যে যদি কোনো ব্যবহারকারী বিয়ে না করেন, তাহলে তাঁকে পুরো টাকা ফেরত দেওয়া হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

চীনের প্রচলিত ডেটিং অ্যাপগুলোর তুলনায় লিয়াংপেই এআইয়ের কার্যপদ্ধতি কিছুটা ভিন্ন। সাধারণত এসব অ্যাপে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে, কিন্তু এই অ্যাপে ব্যবহারকারী একবারে একজনের সঙ্গেই পরিচিত হতে পারবেন। একজনের সঙ্গে পরিচয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।

এআই যেভাবে খুঁজে দেবে জীবনসঙ্গী

অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। এছাড়া অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। অ্যাপটির প্রথম মাসেই যাচাইয়ের মাধ্যমে ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।

নিবন্ধনের পর নতুন ব্যবহারকারীকে প্রথমে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলতে হয়। এই কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করে এআই। এতে পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশার তথ্য রাখা হয়।

এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর সঙ্গে মানানসই জীবনসঙ্গী খুঁজে দেয় অ্যাপটি। তবে একজনের সঙ্গে পরিচয়ের প্রক্রিয়া শেষ না করে অন্য কারও সঙ্গে যোগাযোগ করা যায় না।

লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন।

একটি ম্যাচমেকিং বা ঘটকসেবার সাক্ষাৎকার থেকে ধারণা পাওয়ার পর এআই ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার এই উদ্যোগ নেন তিনি। গত বছর কিমি কে-টু প্রকাশের সময় চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেন জেং। এ জন্য তাঁকে কয়েক কোটি ইউয়ান মূল্যমানের শেয়ার অপশনের সম্ভাবনাও ছাড়তে হয়েছে।

জেংয়ের মতে, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা ‘অনলাইন হলুদ পাতা’র মতো। সেখানে মানুষের পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করার কঠিন কাজটি ব্যবহারকারীকেই করতে হয়।

তাঁর ভাষ্য, তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড এখন অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ। কিন্তু প্রচলিত অ্যাপগুলো ব্যবহারকারীর পছন্দ ও ব্যক্তিত্ব যথাযথভাবে বুঝতে পারে না। এই সীমাবদ্ধতা দূর করতেই এআই ব্যবহার করছেন তিনি।

জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে এক হাজার শব্দের বেশি লিখেছিলেন। মাত্র এক দিনের কথোপকথনের পর তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন। তাঁর ধারণা, শুরুতেই একে অপরকে ভালোভাবে বোঝার কারণেই তাঁদের সম্পর্ক দ্রুত এগিয়েছিল।

বিয়ে না হলে টাকা ফেরতের প্রতিশ্রুতি

অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো বিয়ে না হলে টাকা ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।

তবে এ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে ম্যাচমেকিং সেবা থেকে মুনাফা করা উচিত নয়। অ্যাপটি কাজে না এলে গ্রাহকের টাকা ফেরত দিতে তিনি প্রস্তুত।

সম্পর্কের সমস্যায় পরামর্শ দেবে এআই

লিয়াংপেই এআইতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধা রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয় এটি।

অ্যাপটির এক নারী ব্যবহারকারী তাঁর সঙ্গে পরিচিত হওয়া এক পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এই সুবিধার সাহায্য নেন। এআই তাঁকে জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত।

এই পরামর্শ পাওয়ার পর ওই নারী চলমান পরিচয়টি শেষ করেন। পরে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান।

৩৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী

প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতিমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৯ শতাংশ অর্থ দিয়ে সেবা নিচ্ছেন। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান বা প্রায় ২২ লাখ ডলার অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।

তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে এখন পর্যন্ত কতজন সফলভাবে জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন বা বিয়ে করেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত সঙ্গী নির্বাচন করা সম্ভব হলে তা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মানুষের প্রেম ও সম্পর্কের প্রতি আগ্রহও বাড়তে পারে।

অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, অ্যাপটির ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ সুবিধাটি বিবাহিত দম্পতিদের জন্যও চালু করা যেতে পারে। সম্পর্কের টানাপোড়েনে নিরপেক্ষ পরামর্শক হিসেবে এটি কাজে আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী নির্যাতন প্রতিরোধে সরকারের দৃঢ় অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


নারী নির্যাতন প্রতিরোধে সরকারের দৃঢ় অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী

সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, দেশের মোট জনগণের অর্ধেকেরও বেশি নারী, এবং নারীর প্রতি সহিংসতা রোধে এবং প্রত্যেক নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আলোকি-তে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন কর্তৃক আয়োজিত ‘১৬ দিনের অ্যাক্টিভিজম: জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে’ (16 Days of Activism Against Gender-Based Violence) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য মর্যাদা পাবে। তিনি জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে ভুক্তভোগীরা এক জায়গা থেকেই সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বৈশ্বিক চিত্র তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে পৃথিবীর মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল; ২০২৫ সালে সে সংখ্যা বেড়ে ১০৪টিতে পৌঁছাবে। তবুও, বিশ্বজুড়ে নারীরা এখনো বিভিন্ন উপায়ে নির্যাতনের শিকার হচ্ছেন, এবং এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা (টেকনোলজি-ফ্যাসিলিটেটেড ভায়োলেন্স)। বক্তারা বাংলাদেশে নারী নির্যাতন-সংক্রান্ত বিদ্যমান আইনগুলোকে আরো সময়োপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী Carol Flore-Smereczniak। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%