ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার


গাজীপুরে ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের ঘটনায় এক তরুণী (১৯) অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় পুলিশ শান্ত পাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি গত রবিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটে। ওই তরুণী ময়মনসিংহের একটি কলেজ থেকে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে তিনি ময়মনসিংহের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়াশোনা করছিলেন।

গ্রেপ্তার হওয়া শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল এলাকার সুনীল চন্দ্র পালের ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আহম্মদনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণীর গ্রামের বাড়িতে শান্ত পালের যাতায়াত ছিল আত্মীয়তার সূত্রে। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার সকাল ৮টার দিকে ওই তরুণী প্রতিদিনের মতো কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন মোবাইল ফোনে যোগাযোগ করে শান্ত পাল তার সহযোগী আনোয়ার হোসেনের সহায়তায় তাকে কালিয়াকৈরে তার ভাড়া বাসায় নিয়ে যায়।

সেদিন দুপুর ১২টার দিকে শান্ত পাল তাকে ধর্ষণ করে। পরে তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শান্ত পাল অ্যাম্বুলেন্সে করে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।

বাড়িতে গিয়ে শান্ত পাল জানান, খিঁচুনি ওঠার পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার কথাবার্তায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে লাশ ও পোশাকে রক্তের চিহ্ন দেখতে পেয়ে তারা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শান্ত পাল ঘটনার কথা স্বীকার করে বলে পরিবারের সদস্যদের দাবি।

খবর পেয়ে ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে। সোমবার (৫ অক্টোবর) সকালে নিহতের বাড়ি থেকে শান্ত পালকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনায় জড়িত প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


মিঠামইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকা

এক মুহূর্তের আগুনের তাণ্ডবে পুড়ে গেছে বছরের পর বছর ধরে গড়ে তোলা সংসার, বসতঘর ও সঞ্চিত সবকিছু। আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে গেছে দুটি পরিবারের স্বপ্ন। মঙ্গলবার দুপুরে মিঠামইনের গিরিশপুর গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ট্র‍্যাজেডিতে স্বজনদের আর্তনাদ, আগুনের ভয়াবহতা ও ধোঁয়ার কু-লীর মধ্যে নেমে আসে এক দুঃখজনক অবস্থা।

কিশোরগঞ্জের মিঠামইনে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে লাগা ভয়াবহ আগুনে দুটি পরিবারের বসতবাড়ি ও সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, অগ্নিকা-ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার মিঠামইন বাজারসংলগ্ন গিরিশপুর গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালায়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে গিরিশপুর গ্রামের নূর হোসেন মিয়ার বাড়িতে সিলিন্ডার গ্যাসের চুলায় রান্নার সময় হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন অংশে। পরিবারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়া আগুনের ভয়াবহতার কাছে তা সম্ভব হয়নি।

একপর্যায়ে আগুন নূর হোসেন মিয়ার বাড়ি থেকে পাশের দিলীপ চৌধুরীর বাড়িতেও ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দুটি বাড়ি পরিণত হয় আগুনের গ্রাসে। একে একে পুড়তে থাকে ঘরবাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সংসারের সবকিছু। আগুনের তীব্রতায় স্থানীয়দের চোখের সামনেই শেষ হয়ে যায় দুই পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও সাজানো সংসার।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, তাদের চেষ্টা সফল হয়নি। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি পরিবারের বসতবাড়ি ও ঘরের অধিকাংশ মালামাল।

আগুন নিয়ন্ত্রণে এলেও গিরিশপুরের ওই দুই পরিবারের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। আগুন শুধু তাদের ঘরবাড়িই পুড়িয়ে দেয়নি, মুহূর্তেই কেড়ে নিয়েছে বহুদিনের সঞ্চয় ও সাজানো সংসারের স্মৃতি। এখন পোড়া ঘরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করার কঠিন বাস্তবতার মুখোমুখি পরিবার দুটি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব নেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, অগ্নিকা-ে নূর হোসেন মিয়ার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। একই ঘটনায় দিলীপ চৌধুরীর প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিঠামইন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোস্তম আলী বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সিলিন্ডার গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে রানীগঞ্জ যৌনপল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, কারাদণ্ড ২

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


জামালপুরে রানীগঞ্জ যৌনপল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, কারাদণ্ড ২

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ বাজার এলাকার যৌনপল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাণীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাণীগঞ্জ বাজার এলাকার মমতা (৫০) এবং রশিদপুর এলাকার মফিজ উদ্দিন (৫০)। অভিযানে মমতার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম এবং মফিজ উদ্দিনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মফিজ উদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু ব্যবসার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই বালু ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার পশ্চিম শিকারমঙ্গল নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩-এর ১৫ ধারায় মো. সুমন বেপারী ও মো. মাসুদুর রহমানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


চরফ্যাশনে জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা। মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ফেসবুকে প্রকাশিত তথ্যকে ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে মাসুদ রানা বলেন, উত্তর আইচা বাজারের ১২৬৯ নম্বর দাগ ও ২০২৬-১০০২২৩ নম্বর খতিয়ানভুক্ত ভিটার মূল মালিক তিনি। তার বাবা আব্দুল জলিল ব্যাপারী ১৯৯৪ সালে ওই সম্পত্তি হালিমা খাতুনের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি সম্পত্তিটি পুনরায় ক্রয় করেন এবং বর্তমানে বৈধভাবে ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন তিনি।
মাসুদ রানা বলেন, তার স্বত্বাধিকার ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কীভাবে অন্য কেউ ওই সম্পত্তির মালিকানা দাবি করছেন, তা তার বোধগম্য নয়। সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কাগজপত্র যাচাই করে যদি প্রমাণিত হয় যে সম্পত্তিটি তার নয়, তাহলে তিনি সঙ্গে সঙ্গে নিজের দাবি ছেড়ে দেবেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি ‘সিটিএম’ নামের একটি ফেসবুক পেজে তাকে জড়িয়ে ওই জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছেন—এমন তথ্য প্রচার করা হয়েছে। তার দাবি, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য এবং এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি ওই প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তবে একই জমির মালিকানা দাবি করে সাবেক চেয়ারম্যান হাজি আব্দুর রব বলেন, সম্পত্তিটির প্রকৃত মালিক তিনিই। তার দাবি, কোনোভাবেই অন্য কেউ ওই সম্পত্তির মালিক হতে পারেন না।

এদিকে জমিটির মালিকানা নিয়ে বিরোধ নিরসনে উভয় পক্ষের দায়িত্ব পাওয়া চরফ্যাশন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, বিষয়টি সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষই তার ওপর দায়িত্ব অর্পণ করেছিলেন। সে অনুযায়ী কাগজপত্র পর্যালোচনার সময় মাসুদ রানা জমির দলিলপত্র উপস্থাপন করতে সক্ষম হলেও সাবেক চেয়ারম্যান হাজি আব্দুর রব কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী জিয়া উদ্দিন বলেন, সাবেক চেয়ারম্যান হাজি আব্দুর রব তাকে বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব প্রদান করেন, যাতে করে তিনি জমিটি পেতে পারেন যদি তার বিনিময়ে কোন মূল্য পরিশোধ করতে হয় তাহলে তিনি রাজি আছেন।

তবে জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া মাধ্যমে নির্ধারিত হবে।
সংবাদ সম্মেলনে মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%