ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ


ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। বিরোধীরা প্রায় দুই বছর পর প্রথমবারের মতো একযোগে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করার ফলে দেশটিতে নির্বাচনের দাবি আরও জোরালো হয়েছে। তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুেলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নির্বাচনের বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু মাদুরোর উত্তরসূরি বেছে নিতে ভোট কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো আটক হওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন দেখা দেয়।

বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, "২০২৭ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।" বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের পর প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর তিনি দেশ ছেড়ে বাইরে অবস্থান করছেন। তার রাজনৈতিক আন্দোলন ভেনেজুয়েলায় এই বিক্ষোভের আয়োজন করে।

আরও পড়ুন: ইরান পরমাণু চুক্তি বজায় রেখেছে: উপপ্রতিনিধি গোলামহোসেইন দারজি

বৃহস্পতিবার রাজধানী কারাকাস ছাড়াও ভ্যালেন্সিয়া, মারাকাই, সান ক্রিস্তোবাল ও মারাকাইবোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মারাকাই শহরের উত্তরাঞ্চলে শত শত মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নেন ১৮ বছর বয়সি প্রসাধনবিদ্যার শিক্ষার্থী লিওসমারি হার্নান্দেজ। তিনি বলেন, "এ দৃশ্য দেখে আমার ভালো লাগছে। কারণ, আমি জানি পরিবর্তন সম্ভব।"

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ডলারের কারণে সৃষ্ট নানা সমস্যা এবং পড়াশোনার ক্ষেত্রে অসুবিধাসহ অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবুও দেশের ভবিষ্যৎ এবং পরবর্তী নেতা ও প্রেসিডেন্ট মারিয়া কোরিনার বিষয়ে তাঁর অনেক আশা রয়েছে।

হার্নান্দেজ আরো বলেন, "আগেও আমি বিক্ষোভে অংশ নিয়েছি। তখন পরিস্থিতি আরো কঠিন ছিল। এখন আমার ভয় আরো কম, কারণ আমি চাই আমার কণ্ঠস্বর শোনা হোক।"

আরও পড়ুন: ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ের জন্য প্রস্তুত আইএইএ, দাবি গ্রোসি

ক্ষমতায় বহাল মাদুরোর দল

গত ৩ জানুয়ারি থেকে ভেনেজুেলার নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) নেতা।

রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দলটির নেতাদের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে রয়েছে যথেচ্ছ গ্রেপ্তার, কারাবন্দি করা ও নির্যাতন।

সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে কারাগারে পাঠাতে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর পরও পিএসইউভি ক্ষমতায় রয়েছে। হোয়াইট হাউসের সমর্থন নিয়ে দলটি ক্ষমতা ধরে রেখেছে। মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলের অবরোধ, ফিলিস্তিনিদের মধ্যে সমষ্টিগত শাস্তির আতঙ্ক

ভেনেজুয়েলায় এখনো সক্রিয় ভূমিকা রাখছে ট্রাম্প প্রশাসন। দেশটির তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি রদ্রিগেজ সরকারের ওপর সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার চাপ দিচ্ছে ওয়াশিংটন।

বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম ছিল।

১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক আন্দোলনের শাসন চলছে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের পর ক্ষমতায় আসেন মাদুরো। অতীতে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে বৃহস্পতিবারের বিক্ষোভস্থলগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল সীমিত। ছোট অনেক শহরে অন্ধকার নামার আগেই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলও বৃহস্পতিবার নিজ সমর্থকদের নিয়ে মিছিলের আয়োজন করে। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত ওই মিছিলের শুরু হয় রাজধানী কারাকাসের প্লাজা ভেনেজুয়েলা থেকে। একই স্থানে বিরোধীদের বিক্ষোভ হওয়ার কথা ছিল দুই ঘণ্টা পর। ক্ষমতাসীন দলের মিছিলটি সেখান থেকে প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি একটি স্থানের দিকে যায়।

আরও পড়ুন: শীতকালীন সময়ে ইউরোপ এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে

নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকে রাষ্ট্রীয় টেলিভিশনে ওই মিছিলে অংশ নিতে দেখা যায়। এদিকে বিরোধী সমর্থকেরা তাদের বিক্ষোভের স্থান পরিবর্তন করে কাছাকাছি অন্য একটি জায়গায় সমবেত হন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে আলোচনা চলছে

ভবিষ্যতে নির্বাচন আয়োজনের আগে দেশটির সর্বোচ্চ আদালত ও নির্বাচন কাউন্সিলে পরিবর্তন আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এবং বিরোধীদের একটি অংশের মধ্যে আলোচনা চলছে। চলতি মাসে এ আলোচনার সর্বশেষ বৈঠক হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে পরিবর্তন আনতে উল্লেখযোগ্য সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের সমর্থনে চলা এই আলোচনায় মাচাদোর রাজনৈতিক আন্দোলন অংশ নিচ্ছে না। তবে আলোচনা এগিয়ে যাওয়ার পথে তিনি বাধা হবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপত্তা সতর্কতা জারি

২০২৪ সালের নির্বাচনে মাচাদোর সমর্থিত প্রার্থী এদমুন্দো গনসালেস উররুতিয়া জয়ী হয়েছিলেন বলে দাবি করেন। বিরোধীদের প্রকাশ করা ভোটের হিসাবের ভিত্তিতে তিনি এ দাবি করেছেন। তবে সরকার কখনো পূর্ণাঙ্গ ভোটের হিসাব প্রকাশ করেনি। দেশটির সরকার, বিচার বিভাগ ও নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মাদুরোর পক্ষ নিয়েছিল।

বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন মাচাদো। ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থি কর্মকর্তাদের সঙ্গে তার অবস্থানের মিল রয়েছে। ওই কর্মকর্তাদের যুক্তি ছিল, মাদক চক্রের সঙ্গে মাদুরোর কথিত সম্পর্ক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক-সংক্রান্ত অপরাধ ও নির্যাতনের অভিযোগে মামলা চলছে। তারা দুজনই অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

এএম

আরও পড়ুন: জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে কর্তৃপক্ষের জরুরি সতর্কতা, নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


রিয়াদে কর্তৃপক্ষের জরুরি সতর্কতা, নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান

সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্তৃপক্ষ একটি জরুরি সতর্কতামূলক বার্তা জারি করেছে। এই সময়ে বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, বাসিন্দাদের ভবনের ভিতরে নিরাপদ স্থানে অবস্থান করা, জানালা থেকে দূরে থাকা এবং খোলা স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, যারা বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্তিশালী আড়ালের পেছনে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হয়েছে।

তবে, রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করার পেছনে কী ধরনের হুমকি বা পরিস্থিতি রয়েছে, সে সম্পর্কে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশার সঞ্চার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


শাহিদ-কারিনার উষ্ণ আলিঙ্গনে ভক্তদের মনে নতুন আশার সঞ্চার

বলিউডের এক সময়ের তুমুল আলোচিত জুটি শাহিদ কাপুর ও কারিনা কাপুর ছিলেন। পরবর্তীতে দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের মতো করে বিয়ে করে সুখের সংসার গড়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত আইফা ২০২৭-এর এক সংবাদ সম্মেলনে হঠাৎ করে দেখা হয়ে গেল এই সাবেক জুটির।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইভেন্টে একে অপরকে জড়িয়ে ধরার একটি মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় পুরোনো স্মৃতিতে ফিরে গেছেন ভক্তরা।

২০০৭ সালের কালজয়ী রোমান্টিক সিনেমা ‘যব উই মেট’-এর গান ও আদিত্যকে আজও ভোলেননি দর্শকরা। শাহিদ ও কারিনার এই সৌহার্দপূর্ণ দেখায় ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে যে, হয়তো শিগগিরই আবারও পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে তাদের।

সংবাদ সম্মেলনে কারিনা একটি স্টাইলিশ ব্ল্যাক লেদার টপ ও স্কার্ট পরিহিত ছিলেন, অন্যদিকে শাহিদ পরেছিলেন একটি চমৎকার হোয়াইট স্যুট। ইভেন্টের এই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। ইমতিয়াজ আলী পরিচালিত ওই সিনেমার প্রতি ভালোবাসা প্রকাশ করে অনেকেই বিভিন্ন আবেগঘন মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, “দৃশ্যটি দেখে আমার কেন জানি চোখে পানি চলে আসছে!” আরেকজন মন্তব্য করেছেন, “আমরা কেন এত খুশি?” কেউ লিখেছেন, “আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি”, আবার কেউ সংক্ষেপে লিখেছেন, “গীত এবং আদিত্য।”

অনেকে আবার এই জুটিকে বড়পর্দায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। কেউ এ মুহূর্তটিকে নিজেদের ‘রোমান সাম্রাজ্য’ বলে অভিহিত করেছেন, আবার কেউ লিখেছেন, “আমরা যব উই মেট-এর সিক্যুয়েল চাই।”

এছাড়া অনেকেই একে অক্টোবরের জাদুকরী তত্ত্বের সঙ্গে তুলনা করেছেন, যেখানে বিশ্বাস করা হয় অক্টোবর মাস জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটায় কিংবা পুরোনো কারো সঙ্গে পুনর্মিলন করায়।

উল্লেখ্য, কারিনা ও শাহিদের এমন মিষ্টি মুহূর্ত এবারই প্রথম নয়। এর আগে আইফা ইভেন্টে নজর কেড়েছিল সাবেক এই তারকা যুগল। ২০২৫ সালের মার্চ মাসে জয়পুরে অনুষ্ঠিত আইফা-র সংবাদ সম্মেলনেও তারা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানিয়েছিলেন।

সে সময় এ নিয়ে ভক্তদের উন্মাদনা দেখে শাহিদ বলেছিলেন, “আমাদের জন্য এটি নতুন কিছু নয়... আজ স্টেজে দেখা হলো, এমনিতেও আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, তবে এটা আমাদের জন্য খুবই স্বাভাবিক... তবে মানুষ যদি এতে আনন্দ পেয়ে থাকে, তবে সেটা বেশ ভালো।”

প্রসঙ্গত, ২০০৭ সালের দিকে ‘যব উই মেট’-এর শুটিং চলাকালীন তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটেছিল। এরপর দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। এই দম্পতির তৈমুর ও জেহ নামে দুই পুত্রসন্তান রয়েছে।

অন্যদিকে ২০১৫ সালের ০৭ জুলাই মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। তাদের ঘরেও মিশা নামের এক কন্যা এবং জৈন নামের এক পুত্রসন্তান রয়েছে।

এদিকে শাহিদপত্নী মীরা রাজপুত ও কারিনাকেও সম্প্রতি একসঙ্গে দেখা গেছে। কারিনার জনপ্রিয় টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মীরা। শুটিং শেষে মীরা শোয়ের কিছু ছবি শেয়ার করে কারিনাকে ধন্যবাদ জানান। জবাবে কারিনাও মীরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন এবং মীরাকে ‘অত্যন্ত উষ্ণ ও দুর্দান্ত মানুষ’ বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ৮ নিহত, ১০ আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ পি.এম


ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ৮ নিহত, ১০ আহত

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে বৃহস্পতিবার দাঙ্গার ফলে আটজন নিহত এবং ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কারা কর্তৃপক্ষ।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কোটোপাক্সি কারাগারে চারজন বন্দি প্রাণ হারিয়েছেন। একই সময়ে পিচিনচা কারাগারে আরও চারজনের মৃত্যু ঘটেছে।

২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ৫০০ জনের বেশি বন্দি নিহত হয়েছেন।

দেশটির কিছু কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও, কারাগারের অভ্যন্তরে সক্রিয় মাদক পাচারকারী চক্রগুলো কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চক্রগুলো কারাগারের ভেতর থেকেই হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নির্দেশনা প্রদান করে থাকে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দাঙ্গার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তরিত করা হবে।

দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার এই কারাগারটি নির্মাণ করেছে, যা সবচেয়ে বেশি চাহিদাভুক্ত অপরাধীদের রাখার জন্য পরিকল্পিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকার ভোটে জিতলেও রোনালদো পাবেন না ‘ব্যালন ডি’অর’: কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


টাকার ভোটে জিতলেও রোনালদো পাবেন না ‘ব্যালন ডি’অর’: কর্তৃপক্ষ

ব্যালন ডি’অরের ‘বোট’ ভোট নিয়ে সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ফ্রান্স ফুটবল এবার বিষয়টি পরিষ্কার করেছে। তারা জানিয়েছে, এটি ঐতিহাসিক সুপার ব্যালন ডি’অরকে ফিরিয়ে আনার উদ্যোগ নয়। এই ভোটের বিজয়ী কোনো ট্রফি পাবেন না।

‘বোট’ শব্দের অর্থ ‘ব্যালন ডি’অর অব অল টাইম’। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই ভোটের সূচনা হয়েছে। এ বছরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার, ২৬ অক্টোবর। ভোটের সময়সীমা শুরু হওয়ার কারণে বিভ্রান্তি আরও বেড়েছে।

এই ভোটে সমর্থকেরা সেরা ব্যক্তিগত মৌসুম নির্বাচন করছেন। বিবেচনায় আছেন ১০ জন, যারা ব্যালন ডি’অর একাধিকবার জিতেছেন। তাদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের রোনালদো, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইনৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাউয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো।

এখানে খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার বা ব্যালন ডি’অরের সংখ্যা বিবেচনা করা হচ্ছে না। বরং, একেকটি মৌসুমের পারফরম্যান্সের মধ্যে তুলনা করা হচ্ছে। প্রতিটি ভোটের জন্য এক ইউরো দিতে হয় এবং ভোট দেওয়ার জন্য কোনো সীমা নেই।

সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। এর জবাবে ফ্রান্স ফুটবল জানায়, এই উদ্যোগ নতুন কোনো অফিশিয়াল সম্মান চালুর উদ্দেশ্যে নয়। এর মূল উদ্দেশ্য হল সমর্থকদের ভালোবাসাকে উদ্‌যাপন করা।

সংস্থাটি বলেছে, ‘বোট পুরোপুরি জনগণের ভোট। এটি আমাদের সমর্থকদের আবেগ উদ্‌যাপনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব ট্রফি নয়, আমাদের অনুষ্ঠানে দেওয়া কোনো অফিশিয়াল পুরস্কারও নয়। সমর্থকদের বেছে নেওয়া চূড়ান্ত ফল ২৮ অক্টোবর ঘোষণা করা হবে।’

ফ্রান্স ফুটবল আরও বলেছে, এই ভোটকে সুপার ব্যালন ডি’অরের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। সুপার ব্যালন ডি’অর একটি বিশেষ সম্মান ছিল। এটি শুধুমাত্র একবার, ১৯৮৯ সালের ডিসেম্বরে দেওয়া হয়েছিল। আগের তিন দশকে ব্যালন ডি’অর একাধিকবার জেতাদের মধ্যে সেরা কে, সেটি বেছে নেওয়ার লক্ষ্য ছিল।

সেবার সম্মানটি পান রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফরোয়ার্ড দি স্তেফানো। তিনি ক্রুইফ ও প্লাতিনির মতো মহাতারকাদের পেছনে ফেলেছিলেন। এরপর পুরস্কারটি আর দেওয়া হয়নি। নতুন কোনো আসরের তারিখও নির্ধারণ করা হয়নি।

এদিকে চলমান ‘বোট’ ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম এগিয়ে রয়েছে। ওই বছর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিলেন। বর্তমানে তার ভোটের সংখ্যা ৭৫ শতাংশ। মেসির ২০১২ ও ২০১৩ সালের মৌসুম রয়েছে পেছনে, যার ভোট নয় শতাংশ করে।

ফ্রান্স ফুটবল এই ব্যাখ্যা দিয়েছে যাতে সমর্থকদের এই ভোট কোনো অফিশিয়াল ঐতিহাসিক পুরস্কার বলে ভুল না হয়। এখানে সমর্থকেরা তাদের প্রিয় মৌসুম বেছে নিতে পারছেন, এটুকুই। তবে এটি সুপার ব্যালন ডি’অর গোছের কিছু নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%