ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার


হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় দুই হত্যা মামলাসহ ১১টি মামলার এক আসামিকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া ডাকাত (৫৪)। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি পাঁচটি ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা

বিদেশি কর্মী নিয়োগের জন্য ইতালি আবারও বড় আকারে শ্রমবাজার উন্মুক্ত করছে। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির অধীনে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন এই কর্মসূচিতে মৌসুমি, অমৌসুমি ও স্বনিয়োজিত এই তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রার্থীরা কাজের সুযোগ পাবেন।

কোন খাতে কত কোটা

সরকারি তথ্য অনুযায়ী, নির্ধারিত এই কোটার আওতায় বিভিন্ন পেশায় কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে অমৌসুমি চাকরির জন্য ৭৬ হাজার ২০০ জন, পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের জন্য ১৪ হাজার কোটা, মৌসুমি কাজ কৃষি ও পর্যটন খাতের জন্য ৮৯ হাজার এবং স্বনিয়োজিত কাজের জন্য ৬৫০ জনের কোটা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশিরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকরাও আবেদনের আওতায় থাকবেন।

আবেদন ও ক্লিক ডে সময়সূচি

আবেদন প্রক্রিয়াটি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।

প্রথম ক্লিক ডে : ১২ জানুয়ারি ২০২৭ (ইতালীয় সময় সকাল ৯টা)।

এদিন মূলত কৃষি খাতের মৌসুমি কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে।

দ্বিতীয় ক্লিক ডে : ৯ ফেব্রুয়ারি ২০২৭। এদিন হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন খাতের কাজগুলোর আবেদন শুরু হবে।

তৃতীয় ক্লিক ডে : ১৬ ফেব্রুয়ারি ২০২৭। এই ধাপে বিভিন্ন অমৌসুমি চাকরির জন্য আবেদন করা যাবে।

চতুর্থ ক্লিক ডে : ১৮ ফেব্রুয়ারি ২০২৭। পারিবারিক সহায়তা ও কেয়ারগিভিং কাজের আবেদন গ্রহণ করা হবে এদিন।

কোটা খালি থাকা সাপেক্ষে আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া ও ভিসা পাওয়ার ধাপ

ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিদেশি কর্মীরা সরাসরি নিজে থেকে আবেদন করতে পারেন না:

১. নিয়োগকর্তার আবেদন : ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধি কর্মী নেওয়ার জন্য কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’-এর আবেদন করবেন।

২. দূতাবাস থেকে ভিসা : নুল্লা ওস্তা অনুমোদন পেলে কর্মী নিজ দেশে অবস্থিত ইতালীয় কনস্যুলেট বা ভিএফএস-এর মাধ্যমে ভিসা প্রসেসিং সম্পন্ন করবেন।

প্রতারণা এড়াতে সতর্কবার্তা

ক্লিক ডেতে আবেদন জমা হওয়াই সরাসরি ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। এটি কেবল আবেদন প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ। কাজের অফার লেটার, চুক্তিপত্র এবং নুল্লা ওস্তার সততা ভালোভাবে যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নেওয়ার বৃহৎ পরিকল্পনা রয়েছে ইতালির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গরু চোরাচালানের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করার পর বাংলাদেশ সীমান্তে গুলি করে ফেলে দিয়েছে।

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দই খাওয়া সীমান্তে তাদের ফেলে দেওয়া হয়।

পরে আহত দুই ভারতীয় নাগরিককে তাদের বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ডিবি তাদের আটক করে। পরে পুলিশের হেফাজতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গুলিবিদ্ধ দুজনের মধ্যে আব্দুল আলীম ও ইসমাইল হোসেন রয়েছেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল ও মৃত আব্দুল করিম শেখের সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন জানিয়েছেন, বিএসএফ তাদের বাংলাদেশি ভেবে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে আটক করে। পরে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে রেখে চলে যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ান ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানিয়েছেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় প্রাণীর আক্রমণ বৃদ্ধি, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


পাইকগাছায় প্রাণীর আক্রমণ বৃদ্ধি, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন

খুলনার পাইকগাছায় কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণীর আক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে এসব প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেছেন ৭৩৯ জন। আগস্ট মাসে ৩৮৬ জন এবং সেপ্টেম্বরে ৩৫৩ জন ভ্যাকসিন নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্টে কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিতে আসেন ৮১ জন। বিড়ালসহ অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হন ৩০৫ জন। সব মিলিয়ে ওই মাসে প্রাণীর আক্রমণের ঘটনায় চিকিৎসা নেন ৩৮৬ জন। তাদের মধ্যে ক্যাটাগরি-১-এর রোগী ছিলেন ৩২ জন, ক্যাটাগরি-২-এর ৩২৫ জন এবং ক্যাটাগরি-৩-এর ২৯ জন।

আগস্টে এসব রোগীর মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন ১৩২ জন, দ্বিতীয় ডোজ ১১০ জন এবং তৃতীয় ডোজ ১৪৪ জন। স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী, ওই মাসে মোট ৩৮৬ জন ভ্যাকসিন গ্রহণ করেন।

সেপ্টেম্বর মাসেও প্রাণীর আক্রমণের ঘটনা কমেনি। ওই মাসে কুকুরের আক্রমণের শিকার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ৩৭ জন। বিড়ালসহ অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হন ৩১৬ জন। এ মাসে ক্যাটাগরি-১-এর রোগী ছিলেন ২ জন, ক্যাটাগরি-২-এর ৩৩৭ জন এবং ক্যাটাগরি-৩-এর ১৪ জন।

সেপ্টেম্বরে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১২০ জন, দ্বিতীয় ডোজ ১০৫ জন এবং তৃতীয় ডোজ ১২৮ জন। সব মিলিয়ে ওই মাসে ৩৫৩ জন ভ্যাকসিন গ্রহণ করেন।

দুই মাসের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, প্রথম ডোজ নিয়েছেন ২৫২ জন, দ্বিতীয় ডোজ ২১৫ জন এবং তৃতীয় ডোজ ২৭২ জন। অর্থাৎ তিন ধরনের ডোজ মিলিয়ে মোট ৭৩৯টি ভ্যাকসিন দেওয়ার তথ্য রয়েছে।

পাইকগাছা পৌরসভার স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, দিন দিন পৌরসভার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন। এদের নিয়ন্ত্রণে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না।

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অবাধে ঘুরে বেড়ানো কুকুরের সংখ্যা অনেক জায়গায় বেড়েছে। একই সঙ্গে বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ের ঘটনাও ঘটছে। অনেকেই প্রথমে এসব ঘটনাকে তেমন গুরুত্ব দেন না। কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিচ্ছেন।

স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, কুকুর, বিড়াল বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর কামড় কিংবা আঁচড়ে চামড়া কেটে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। আক্রান্ত হওয়ার পর দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও নির্ধারিত সময়সূচি মেনে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।

বিশেষ করে কুকুরের কামড়ের ক্ষেত্রে প্রাণীটি জলাতঙ্কে আক্রান্ত কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘটনাটিকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। ক্ষত গভীর হলে, বেশি রক্তপাত হলে কিংবা মুখ, মাথা বা শরীরের সংবেদনশীল কোনো স্থানে কামড় বা আঁচড় লাগলে দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন রয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে ময়না বলেন, প্রাণীর আক্রমণের শিকার হলে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন নিতে হবে। এ ক্ষেত্রে কোনোভাবেই অবহেলা করা যাবে না। জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি পোষা প্রাণীদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে।

পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম দেবনাথ জানান, জলাতঙ্ক প্রতিরোধে প্রাণীদের জন্য সরকার এখন কোনো ভ্যাকসিন তৈরি করে না। কেউ প্রাণীকে ভ্যাকসিন দিতে চাইলে বাইরে থেকে কিনে দিতে হবে। জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়ার পাশাপাশি কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জলাতঙ্কের ঝুঁকি, প্রাণীর কামড় বা আঁচড়ের পর করণীয় এবং ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রচার বাড়ানো প্রয়োজন। তাদের মতে, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে প্রাণীর আক্রমণের ঘটনা আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক মারা গেছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।

এমজিএইচ গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। জানাজার আয়োজন করা হয়েছে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে।

১৯৩৪ সালে জন্মগ্রহণকারী এম গাজিউল হক স্বাধীনতার পূর্বে দেশের ব্যবসা ও নৌপরিবহন খাতে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্থানীয় ব্যবসা ও আন্তর্জাতিক কোম্পানির মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করেন।

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। একই বছরে ব্রিটিশ কোম্পানি বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মজীবন শুরু করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পর ১৯৭৬ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক হন। তখন প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত ছিল।

১৯৮০ সালে গাজিউল হক ওই প্রতিষ্ঠান ছেড়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি চট্টগ্রামভিত্তিক নৌপরিবহন কোম্পানি অ্যাকোয়ামেরিন লিমিটেডে অংশীদার হিসেবে যোগ দেন।

এক দশক পর, তার অংশীদারের সঙ্গে মিলে কোপেনহেগেনভিত্তিক নৌপরিবহন প্রতিষ্ঠান মারস্ক লাইনের সঙ্গে যৌথ উদ্যোগে মারস্ক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নৌপরিবহনের পাশাপাশি ফ্রেইট ফরওয়ার্ডিং, আমদানি-রপ্তানি, বিপণন, ব্যাংকিং, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব ও যৌথ উদ্যোগসহ বিভিন্ন খাতে তার ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল।

এম গাজিউল হক ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দেন এবং দীর্ঘ সময় ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ থেকে ২০০৬ সাল এবং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

এমজিএইচ গ্রুপের সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক ছিল। ১৯৯২ সালে তার ছেলে আনিস আহমেদ এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠা করেন। বাবার নামের আদ্যক্ষর থেকে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। বাংলাদেশভিত্তিক একটি ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি পরে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়।

বর্তমানে ২৬টি দেশে এমজিএইচ গ্রুপের কার্যক্রম রয়েছে এবং এতে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ কাজ করেন। গ্রুপটির ব্যবসা লজিস্টিকস, এভিয়েশন, ভ্রমণ, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, মোবিলিটি, আতিথেয়তা, অর্থায়ন ও বিমাসহ বিভিন্ন খাতে বিস্তৃত। দীর্ঘ ব্যবসায়িক জীবনে এম গাজিউল হক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%