শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:১৫ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশকে নির্দেশ দিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য ব্যবহার করতে। তিনি একই সঙ্গে তাদের গ্রেপ্তারে ভূমিকা রাখার জন্য পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সপ্তাহ-২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
আরো পড়ুন
মুমিনের চূড়ান্ত প্রত্যাশা জান্নাতুল ফিরদাউস
মন্ত্রী বলেন, ‘যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে সক্ষম হবে, তাদের আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এরকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেপ্তার হয়েছে, গতকালও একজন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচেয়ে উত্তম মনে করি। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ইউজ করুন।’
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। তারা যদি স্বেচ্ছায় আসে, আইনের মুখোমুখি হয়, তাহলে তো ভালো। আইন নিজস্ব গতিতে চলবে, আইনের নিজের কোর্স অনুযায়ী চলবে।’
অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, পুলিশ বাহিনী অতীতে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এবং অপব্যবহারের শিকার হয়েছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য করা হয়েছিল। তবে বর্তমানে তাদের সামনে সংশোধন ও নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগে তাদের পরিবর্তনটি দেখাতে হবে।
আজ শনিবার সকাল ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।’
আরো পড়ুন
বারবার তাগাদার পরও বিগত সরকার শিশুদের হামের টিকা দেয়নি : স্বাস্থ্যমন্ত্রী
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে হবে।’ দেশের জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, ‘পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্ব পালনে ব্যর্থতা বা অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না; কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে একই সঙ্গে প্রচলিত আইনে মামলা ও বিচার হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো ধরনের অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণ এখন রাজা-বাদশাহ নয়, ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। কোনো সিনিয়র কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না, যা সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে।”
তিনি বলেন, ‘দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকলেও কেউ যদি সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার পরিণতি ভালো হবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানো হবে।’
পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এর সদর দপ্তরের পাশাপাশি মেট্রো, জেলা ও বিভাগীয় পর্যায়ে শাখা থাকবে। আধুনিক প্রযুক্তি, ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সুবিধা ধাপে ধাপে বাড়ানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের বড় একটি অংশ সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও অপরাধ দমনের সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি আবারও উল্লেখ করেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। তবে এখন তাদের সামনে নিজেদের সংশোধন ও নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটকে নতুন কাঠামোর আওতায় এনে আরো কার্যকর করা হবে। প্রয়োজন অনুযায়ী মেট্রো ও অন্যান্য এলাকায় বিশেষ ইউনিটের সক্ষমতা বাড়ানো হবে এবং অবকাঠামো ও লজিস্টিক সুবিধা দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়া, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-ঢাকার উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয়, বগুড়ার সহযোগিতায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শনিবার সকালে ৫ দিনব্যাপী ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, ‘একটি প্রতিষ্ঠানের সফলতা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা অপরিসীম ভূমিকা পালন করে। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।’
ঢাকার উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সাধারণ ব্যবস্থাপনা অনুবিভাগ আয়োজিত এবং বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই কোর্সে অংশগ্রহণকারীদের মানবসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, কর্মী ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ এবং প্রতিষ্ঠানের মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার সংক্রান্ত নীতি ও ব্যবহারিক বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, কোর্স পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. আজিজার রহমান মিল্টন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে বড়াল নদীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌর সদরের লক্ষ্মীকোল বাজারসংলগ্ন বড়াল নদীতে এই অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
অভিযানের সময় স্বেচ্ছাসেবক ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নদীতে ফেলা বিভিন্ন বর্জ্য এবং কচুরিপানা অপসারণ করেন। একই সাথে ইউএনও লক্ষ্মীকোল বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং নদীকে দূষণমুক্ত রাখতে সেখানে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানান।
অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
পৌর প্রশাসক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, "ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বড়াল নদীতে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।" তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান, দোকানপাটের বর্জ্য নদীতে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে, সেখান থেকে পৌরসভার কর্মীরা তা অপসারণ করবেন। পাশাপাশি তিনি পৌরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফ্রেমওয়ার্কের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করেছেন।
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনের সময় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে তিনি এই আলোচনা করেন।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক এবং এর গতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাকে আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
বৈঠকে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং উভয় দেশের জনগণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ