ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে নির্মাণ করা হবে কমপ্লেক্স


প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে নির্মাণ করা হবে কমপ্লেক্স

প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় গিভেন্সি গ্রুপের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জিয়া হায়দার বলেন, সরকারের লক্ষ্য শুধু বয়স্কদের থাকার ব্যবস্থা করা নয়। বরং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বয়স্কদের দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও সরকার চিন্তা করছে।

আরও পড়ুন: গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর

তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য এ ধরনের পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব কমপ্লেক্সে বয়স্করা নিরাপদে বসবাসের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, বিনোদন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক খাতিব আব্দুল জাহিদ মুকুল গাজীপুর এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন: খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে অধিকার’র মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে অধিকার’র মানববন্ধন

মানবাধিকারকর্মীরা দাবি জানিয়েছেন যে, গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বা শৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা উচিত।

রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে চেম্বার অব কমার্সের সামনে রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এই দাবি উত্থাপন করা হয়। এই কর্মসূচির আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

মানববন্ধনের সভাপতিত্ব করেন অধিকার’র রাজশাহী সমন্বয়ক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহসভাপতি সাংবাদিক মঈন উদ্দিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক ও কবি সোহেল মাহবুব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, মানবাধিকারকর্মী ও খোলা কাগজ স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা রাব্বানী, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম, মানবাধিকারকর্মী ও সাংবাদিক হুজাইফা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানবাধিকারকর্মী নুরুল আলমসহ শতাধিক সাংবাদিক ও মানবাধিকারকর্মী। কর্মসূচিটি সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক এম শামিম আক্তার।

অধিকার’র পক্ষ থেকে গুম থেকে ফিরে আসা আল আমিন হোসেন সংগঠনটির বিবৃতি পাঠ করেন। বক্তারা উল্লেখ করেন যে, গুমের অভিযোগের তদন্ত যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শৃঙ্খলা বাহিনীর হাতে থাকে, তবে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ গুমের ঘটনায় কোন বাহিনী জড়িত ছিল, তা নিরপেক্ষ তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। রাজনৈতিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহারের ইতিহাসও রয়েছে। তাই, জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়া জরুরি।

অধিকার’র বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী এবং সাধারণ নাগরিকদের গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে অভিযুক্ত কোনো শৃঙ্খলা বাহিনী নিজে তদন্ত করতে না পারলেও সরকার অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী তদন্ত দলের কাছে তদন্তভার দিতে পারবে। এ ব্যবস্থায়ও তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় বলে অধিকার মনে করে।

সংগঠনটি আরও জানায়, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের বিধান ভুক্তভোগী ও তাঁদের পরিবারকে অভিযোগ দায়ের থেকে নিরুৎসাহিত করতে পারে।

মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতন, মিথ্যা সাক্ষ্য বা জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে হওয়া মামলা ও সাজা পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

কর্মসূচি থেকে অধিকার’র পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীর পরিবর্তে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করে তা আইনে স্পষ্টভাবে উল্লেখ করা; গুমের শিকার হয়ে এখনও ফিরে না আসা ব্যক্তিদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব পরিচালনাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনগত সুযোগ সৃষ্টি করা; এবং গুমের পর ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ মিথ্যা সাক্ষ্য, নির্যাতন বা জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে দেওয়া সাজা ও মামলাগুলো পুনর্বিবেচনা করা।#

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে প্রায় ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


গোদাগাড়ীতে প্রায় ৯০ লাখ টাকার  হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব পরিত্যক্ত অবস্থায় ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানার হরিসংকরপুর গ্রামের বড়গাছীর নদীর চর এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারী ওই এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৮৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় প্রশাসক আন্তরিকতার সঙ্গে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার এবং আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন যে, রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণের কারণে ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা আরও জানান, ওই এলাকার পাশে রুয়েটের পুরকৌশল অনুষদের ১০তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবনটি দ্রুত শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ অবস্থায় অবৈধ স্থাপনাগুলো ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রুয়েটের প্রায় ৬০০ শিক্ষার্থী ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। এর ধারাবাহিকতায় রোববার রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দুটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেট এবং সীমানাপ্রাচীর ঘেঁষে চলাচলের ফুটপাতে নির্মিত সব অননুমোদিত ও অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা এবং তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে বিশ্ববিদ্যালয়ের জমি দখল বা ব্যবহারের যে অংশ সৃষ্টি হয়েছে, তা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

স্মারকলিপি প্রদানকালে রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জমান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাতসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনএসসির পুরাতন ভবন ভেঙে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ার পরিকল্পনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


এনএসসির পুরাতন ভবন ভেঙে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ার পরিকল্পনা সরকারের

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরাতন ভবনটি ভেঙে ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের ইনডোর ও আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত একটি বহুতল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৩০ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান পুরাতন ভবনটি ভেঙে আন্তর্জাতিক মানের সকল ফ্যাসিলিটিজ রেখে একটি বড় হাইরাইজ বিল্ডিং করার পরিকল্পনা সরকারের রয়েছে। অ্যাথলেটদের গরমে কষ্টের কথা বিবেচনা করে দ্রুতই আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত সুন্দর এক ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে চায় সরকার।

তিন দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ২৮টি দল ও সংস্থার ৪৫০ জন খেলোয়াড় মোট ৩৪টি ওজন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের সিনিয়র পুরুষ বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সিনিয়র নারী বিভাগে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

অন্যদিকে জুনিয়র পুরুষ বিভাগে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মিরপুর ডিওএইচএস তায়কোয়ানডো ক্লাব।

প্রতিযোগিতা শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%