০৯:৪৬ এম
কয়েকদিন ধরে চলা উত্তেজনা ও সংঘর্ষের পর, মালিক ও শ্রমিকের সম্মতির ঘোষণায় মজুরি বোর্ড কর্তৃক বেতন বৃদ্ধির সুপারিশে শ্রমিকরা কাজে ফিরে এসেছেন। শ্রমিকদের খুশি মনে কাজে ফিরে যাওয়ার ফলে কলকারখানার চাকা আবার ঘুরতে শুরু করেছে, এবং উৎপাদন পুরোদমে চলছে। ফলে গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে।
রোববার (৮ নভেম্বর) গাজীপুর শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালবেলা নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
এদিন সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে, যেমন কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
সরকারের গঠন করা মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির আশ্বাসে শ্রমিকরা আন্দোলন থেকে ফিরে এসে কাজে যোগ দিয়েছেন। নতুন মজুরি ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি মাস থেকে তা পাবেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানিয়েছেন, আজও শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন, এসআরবি ৮ প্লাটুন ও ৫ প্লাটুন আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরাও মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবস্থান করবে।
আরও পড়ুন: কালিয়াকৈরে ফ্লাইওভারে অবৈধ কবুতর খামার, জননিরাপত্তা ঝুঁকিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন