ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনই না ফেরার দেশে


কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনই না ফেরার দেশে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনের মৃত্যু ঘটেছে। গত ১১ অক্টোবর রাতে ঘটে যাওয়া বিস্ফোরণের পর চিকিৎসাধীন অবস্থায় একে একে সবাই না ফেরার দেশে চলে যান।

শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে রোজিনা (৩০) গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর পরদিন, বৃহস্পতিবার, মারা যান শরীফ (৩৪), যার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই দিনে মৃত্যু ঘটে রিয়াজ (২২) নামের এক যুবকের, যার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া আজ শুক্রবার ১৯ বছর বয়সী রনি মারা যান, যার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন: রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ডা. সুলতান মাহমুদ শিকদার দুঃখ প্রকাশ করে জানান, সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও ৪ জন রোগীকেই বাঁচানো সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে প্রবেশ করেছে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


বাংলাদেশে প্রবেশ করেছে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রথম চালানে ১৮টি বগি এসেছে।

বাংলাদেশে প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে রেলকোচগুলো সৈয়দপুরের কারখানায় নিয়ে যাওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে বগিগুলো প্রবেশ করে।

১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপরতলা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে।

শুক্রবার দুপুরে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রেলওয়ে পাকশীর বিভাগীয় কর্মকর্তারা বগিগুলো বুঝে নেন।

বগিগুলো লাল সবুজ রঙে রাঙানো হয়েছে। এসি চেয়ার কোচ ৩টি, এসি বাথ, লাগেজ ভ্যান ও ১১টি শোভন চেয়ার কোচের বগি এসেছে।

কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে সৈয়দপুরের রেলওয়ে নিজস্ব কারখানায় নিয়ে যাওয়া হবে। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ রেলকোচ কেনার জন্য চুক্তি করে ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সাথে। সৈয়দপুর রেলওয়ের কারখানায় নিয়ে যাওয়ার পর সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রেলের বহরে যুক্ত হবে।

ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রডগেজ যাত্রীবাহী রেলবগি সরবরাহ করছে বাংলাদেশে। ২০০টি কোচ সংগ্রহ করা হবে কয়েক ধাপে। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন করে যুক্ত হবে কোচগুলো। পাকশী বিভাগের রেলওয়ে কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ব্রডগেজ যাত্রীবাহী কোচগুলো গ্রহণ করেন। ভারত থেকে এখনও ১৮২টি ব্রডগেজ যাত্রীবাহী রেলবগি দেশে আসবে।

স্থানীয়রা জানান, সরকারের এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যাত্রী সেবার মান আগের চেয়ে কিছুটা হলেও এখন বাড়বে। পুরাতন যে বগিগুলো আছে সেগুলো মেরামত করে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। রেলের লোকসান কাটাতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। ২০০ বগি দেশে আসলে রেলে অনেকটা পরিবর্তন আসবে। আমরা চাই দ্রুত বাকি বগিগুলো দেশে প্রবেশ করুক।

রেলওয়ে পাকশীর বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারত থেকে আজকে ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি বাংলাদেশে প্রবেশ করেছে। বগিগুলো বিভিন্ন ক্যাটাগরির রয়েছে। যাত্রী সেবার মান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে। পশ্চিম অঞ্চলের যাত্রী সেবার মান অনেক বেড়ে যাবে। রেলখাতের আয় বৃদ্ধি পাবে। বগিগুলো মানসম্মত ও উন্নত মানের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্শদীপের বদলে ভুবনেশ্বর, বেঙ্গালুরুতে কি তার অপেক্ষা ফুরাবে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


আর্শদীপের বদলে ভুবনেশ্বর, বেঙ্গালুরুতে কি তার অপেক্ষা ফুরাবে?

ভুবনেশ্বর কুমার ক্যারিয়ারের গোধূলিলগ্নে রয়েছেন। ৩৬ বছর বয়সী এই পেসারের জন্য বল তুলে রাখার সময় এসে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রায় ৪ বছর ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়া বিষয়টি।

তবে ভুবনেশ্বর সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফিরেছেন। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবেন। সিরিজটি আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে।

জাতীয় দলের হয়ে সর্বশেষ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালে নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচটিও ছিল প্রতিপক্ষের মাঠে। তবে এবার মাঠে নামতে ভুবনেশ্বরকে এক সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে না। ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া সিরিজের আগে তিনি সুযোগ পাচ্ছেন।

আর্শদীপ সিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন। বাঁহাতি পেসারের পরিবর্তে পঞ্চম ম্যাচে ভুবনেশ্বরকে নিয়েছে ভারত। সিরিজটি ২-২ সমতায় রয়েছে এবং শেষ ম্যাচটি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।

ভুবনেশ্বর ২০২৫ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলছেন। বেঙ্গালুরুর মাঠ তার জন্য পরিচিত, কারণ এটি ফ্র্যাঞ্চাইজিটির ঘরের মাঠ। তিনি বেঙ্গালুরুকে গত দুই আসরে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গেল আসরে কাগিসো রাবাদার (২৯) পর সর্বোচ্চ ২৮ উইকেট ছিল তার। বিপরীতে ২০২৫ আসরে তিনি ১৭ উইকেট নিয়েছিলেন।

সিরিজের নির্ধারণী ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষা ভুবনেশ্বর কুমারের শেষ হতে পারে। দীর্ঘ অভিজ্ঞতা এবং পরিচিত মাঠের কারণে তার প্রত্যাবর্তন হতে পারে। তবে বেঙ্গালুরুর ম্যাচে ফিরতে পারবেন কি না, তা কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মসংস্থান ও শিল্প চাহিদার জন্য পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


কর্মসংস্থান ও শিল্প চাহিদার জন্য পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন এবং সবুজ প্রযুক্তিনির্ভর পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) একটি প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে।

কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার জন্য শিল্প চাহিদার সামঞ্জস্যে একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’- এর উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপনকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

তিয়ানজিন মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টিভেট: পরিবর্তনকে যৌথভাবে গ্রহণ, যৌথভাবে মানদণ্ড প্রতিষ্ঠা এবং যৌথভাবে ভবিষ্যৎ নির্মাণ’। এই উচ্চপর্যায়ের বৈশ্বিক সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী, ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল, ইউনেস্কোর উচ্চপদস্থ প্রতিনিধি, শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রধান এবং কারিগরি শিক্ষা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং, চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং, তিয়ানজিনের মেয়র ঝাং গং, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্যে শিক্ষামন্ত্রী প্রধান বক্তা হিসেবে বলেন, ‘বাংলাদেশের প্রধান সম্পদ তার জনগণ এবং মানবসম্পদই জাতীয় অগ্রগতির প্রধান ভিত্তি।’

তিনি টিভেটকে এমন একটি অপরিহার্য সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন, যা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে, একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে এবং তরুণদের সম্ভাবনাকে উৎপাদনশীল অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত করে।

ভবিষ্যতের অর্থনীতির চাহিদা পূরণে কেবল একাডেমিক শিক্ষা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে ব্যবহারিক, প্রযুক্তিগত এবং ডিজিটাল দক্ষতার সমন্বয় অপরিহার্য।

মন্ত্রী বলেন, বাংলাদেশের টিভেট সংস্কার কর্মসূচি কেবল নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। ‘আমরা এমন একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম গড়ে তুলছি, যেখানে পাঠ্যক্রম বাস্তবভিত্তিক শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে; শিক্ষকরা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে নিজেদের নিয়মিত হালনাগাদ রাখবেন; শিক্ষার্থীরা হাতে-কলমে শিল্প-সংযুক্ত অভিজ্ঞতা অর্জন করবে; এবং জাতীয় যোগ্যতা কাঠামো সরাসরি কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থাকে উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় উন্নয়নের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা।

গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, উভয় দেশ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ চীনের সফল অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে দেশের টিভেট খাতকে আধুনিকায়ন, শিল্প-প্রতিষ্ঠান সংযোগ জোরদার, শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন এবং শিল্প-সংযুক্ত ব্যবহারিক শিক্ষার প্রসারে কাজ করছে।

সম্মেলনের বৈশ্বিক প্রতিপাদ্যের আলোকে শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি সুনির্দিষ্ট আহ্বান জানান।

১. উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থাগুলোকে আরও অভিযোজনক্ষম ও গতিশীল করা।

২. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা।

৩. সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত, নিয়োগদাতা, আন্তর্জাতিক সংস্থা এবং তরুণ সমাজকে অংশীদারিত্বমূলক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ করা।

সম্মেলনের ফাঁকে শিক্ষামন্ত্রী মিলন চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বিদ্যমান বাংলাদেশি কারিগরি প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে একটি ‘বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার পরিকল্পনাসহ বিভিন্ন সহযোগিতা বিষয়ক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ এসব অগ্রাধিকারমূলক সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণে সম্মত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ইমরান খানের দলের প্রাদেশিক সরকার স্থগিত, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


পাকিস্তানে ইমরান খানের দলের প্রাদেশিক সরকার স্থগিত, জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে স্থগিত করেছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে, প্রদেশটির দায়িত্ব দেওয়া হয়েছে জারদারির রাজনৈতিক প্রতিপক্ষের একজনকে।

এতে কারাবন্দি এই নেতার রাজনৈতিক পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। এদিকে, ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেছে তার পরিবার।

রয়টার্স জানায়, রবিবার আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন জারদারি। সম্প্রতি সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে স্থগিত করেছেন জারদারি। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে, প্রদেশটির দায়িত্ব দেওয়া হয়েছে জারদারির রাজনৈতিক প্রতিপক্ষের একজনকে।

তবে পিটিআইয়ের অভিযোগ, জরুরি অবস্থা জারির অজুহাতে প্রদেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, দলের সমর্থকেরা যাতে মিছিল নিয়ে রাজধানী ইসলামাবাদে যেতে না পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে। এ সিদ্ধান্তের ফলে প্রাদেশিক বাজেটের অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হবে দলটি।

বুধবার প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হাইকোর্টে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে পিটিআই। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি বলেন, "সন্ত্রাসবাদের মতো জটিল বিষয়ের সঙ্গে ইমরান খানের মৌলিক মানবাধিকারের বিষয়টি মিলিয়ে দেখা হাস্যকর।"

জরুরি অবস্থা জারির আগে প্রদেশটিতে ইমরান খানের হাজারো সমর্থক সমাবেশ করেন। ইমরানের মুক্তি ও চিকিৎসার দাবিতে তাদের ইসলামাবাদে মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ওই মিছিলের আগে ইমরানের তিন বোন, দলের নেতাসহ কয়েক শ সমর্থককে গ্রেপ্তার করা হয়।

রাজনৈতিক বিশ্লেষক নাজাম শেঠি বলেন, ইমরান খানের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠবে। তার মতে, পিটিআই একই সঙ্গে ইমরানের মুক্তির বিষয়ে কোনো ছাড় আদায় করতে পারেনি এবং খাইবার পাখতুনখোয়ায় নিজেদের সরকারের নিয়ন্ত্রণও হারিয়েছে। দলের নেতাদেরও কারাবন্দি হতে দিয়েছে।

শেঠির মতে, এ পরিস্থিতিতে ইমরান খান ও পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যে দীর্ঘদিনের ক্ষমতার দ্বন্দ্ব আরো বাড়তে পারে।

৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। দুর্নীতির অভিযোগে ২০২৩ সালে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

গত কয়েক মাস ধরে কারাগারে তার সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ ছিল। ইমরানের এক চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, রক্তচাপের ওঠানামা এবং একাকী কারাবাসের কারণে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ার কথা জানিয়েছে তার পরিবার ও দল। তারা জরুরি চিকিৎসার দাবি জানিয়ে আসছেন।

দুই বছর আগে পিটিআইয়ের সর্বশেষ বড় বিক্ষোভ প্রাণঘাতী সংঘর্ষে শেষ হয়েছিল। ২০২৩ সালে ইমরান খানকে গ্রেপ্তারের পরও পাকিস্তানজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতি এড়াতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার পিটিআইয়ের সঙ্গে আলোচনা করে। আলোচনায় ইমরানের ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা, কারাগারে সাক্ষাতের সুযোগ এবং লন্ডনে থাকা তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ চায় দলটি।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, সরকারও পিটিআইয়ের কাছে কয়েকটি দাবি জানিয়েছিল। এর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানানো, হামলায় নিহত নিরাপত্তাকর্মীদের জানাজায় অংশ নেওয়া এবং সন্ত্রাসবাদ দমনে সরকারের সঙ্গে কাজ করা।

রয়টার্সকে তালাল চৌধুরী বলেন, পিটিআই যেসব দাবি জানিয়েছিল, সরকার তার প্রায় সবই মেনে নিয়েছিল। তবে তার দাবি, দলটি সরকারের শর্তগুলো প্রত্যাখ্যান করেছে।

১৯৭৫ সালের পর থেকে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে পাঁচবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে তিনবার খাইবার পাখতুনখোয়ায় এবং একবার করে পাঞ্জাব ও বেলুচিস্তানে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবারই কয়েক মাসের মধ্যে আদালত বা রাজনৈতিক হস্তক্ষেপে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছিল।

এবারের জরুরি অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, এ সিদ্ধান্তের অজুহাতে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হতে পারে। স্বাধীন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান কেন্দ্রীয় সরকার ও পিটিআইকে অর্থবহ রাজনৈতিক আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%