শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১১:৩২ এম
পোলাওর চাল ও আটা-ময়দার দাম কমছে না। বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এরই মধ্যে আদা, রসুন ও লেবুর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারা অভিযোগ করছেন, নজরদারি না থাকার কারণে সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, শান্তিনগর ও নিউমার্কেট এলাকার বাজার পরিদর্শন করে বিভিন্ন নিত্যপণ্যের দাম সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
বাজারে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে চীনা আদার দাম কেজিতে বেড়ে গেছে ৫০ থেকে ৬০ টাকা। ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া আদা এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, চীনা রসুনের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৮০ টাকায় পৌঁছেছে এবং দেশি রসুনের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে হালিপ্রতি লেবুর দামও ১৫ থেকে ৩০ টাকা বেড়ে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শীতের আগাম সবজি বাজারে উঠতে শুরু করলেও ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই। সরবরাহ কম থাকায় এসব সবজি কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। পটোল, ঢ্যাঁড়শ, ধুন্দল ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, ঝিঙা ৬০ থেকে ৮০ টাকা, কচুমুখি ৭০ টাকা, কাঁকড়ল ও বেগুন ৭০ থেকে ৯০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। পেঁপে ২৫ থেকে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে শীতের আগাম সবজি শিমের দাম কমলেও তা এখনো ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে শিমের দাম ১৬০ টাকা পর্যন্ত ছিল। আকারভেদে ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতাদের টম্যাটো প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা দিতে হচ্ছে। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা বেলায়েত জানিয়েছেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় সবজির দাম কিছুটা কমতির দিকে। তিনি বলেন, "এখন নতুন করে আর সবজির দাম বাড়বে না।"
এদিকে, আটা-ময়দার দাম বাড়ছে। বাজারে খোলা আটা ৪৮ থেকে ৫৫ টাকা এবং প্যাকেটজাত আটা ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোলাও চালের দাম ১২০ টাকা কেজি থেকে এক লাফে মানভেদে বেড়ে ১৯০ থেকে ২৩০ টাকা হয়ে গেছে, যা ক্রেতাদের হতবাক করেছে। বাজারে মানভেদে নাজিরশাইল ও মিনিকেট চাল ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইজাম, ব্রি-২৮ ও ব্রি-২৯ চালের দাম ৫৮ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। টিসিবির হিসাব অনুযায়ী, গত এক মাসে খোলা আটার দাম ২ শতাংশ ও প্যাকেটজাত আটার দাম ৮ শতাংশ বেড়েছে। খোলা ময়দা ও প্যাকেটজাত ময়দার দাম যথাক্রমে ৩ দশমিক ৭০ শতাংশ ও ৬ শতাংশ বেড়ে ৭০ টাকা এবং ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডাল ও মসলার মতো মৌলিক পণ্যগুলো এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ডিমের দাম কিছুটা কমলেও মুরগি, মাছ ও অন্যান্য মাংসের দাম চড়া রয়েছে।
সপ্তাহ দুয়েক আগে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১৬০ টাকা পর্যন্ত উঠেছিল। পরে ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।
মুরগি ও অন্যান্য মাংসের দামেও তেমন স্বস্তি নেই। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। পাঙ্গাশ মাছ কেজি ২২০ থেকে ২৫০ টাকায়, তেলাপিয়া মাঝারি ও বড় সাইজের কেজি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের রুই মাছ প্রতি কেজি ৩৮০ থেকে ৫০০ টাকা এবং কাতল মাছ ৩০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা নিয়ে ইউরোপজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ফ্রান্সে শুরু হওয়া এই আন্দোলনে অন্তত আটটি দেশের তরুণেরা যোগ দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়া ও গ্রিস। ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা থেকে তাঁরা রাস্তায় নেমে এসেছেন।
ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনের শুরুটা স্কুলের দুরবস্থা, শিক্ষকসংকট, অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার প্রতিবাদে হয়েছে। পরে এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি, নিম্ন মজুরি, জ্বালানির উচ্চমূল্য এবং সরকারি সেবার অবনতির বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভ। ইতালি ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্পেন এবং পর্তুগালে তরুণদের প্রধান উদ্বেগ হচ্ছে আবাসন ব্যয়। বাড়িভাড়া এবং বাড়ির দাম বেড়ে যাওয়ার কারণে অনেকের জন্য নিজস্ব বাসস্থান গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে। পর্তুগালের রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা সাশ্রয়ী আবাসন এবং ন্যায্য মজুরির দাবিতে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন।
তরুণদের আশঙ্কা, উচ্চ জীবনযাত্রার ব্যয়, সীমিত কর্মসংস্থান এবং শিক্ষা ও সামাজিক সেবায় চাপের কারণে তাদের সামনে ভালো ভবিষ্যৎ গড়ার সুযোগ সংকুচিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের বিক্ষোভের দাবি ও পরিস্থিতি এক না হলেও, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আন্দোলনগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর, ২৩ অক্টোবর, ২০২৬ : পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের অভিযোগে ২০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা এবং ইলিশ মাছ জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর আজ শুক্রবার সকাল ১০টায় বাসসকে জানান, অভিযানের সময় ২০ জন জেলে আটক করা হয়। এছাড়া ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩টি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
কারাদণ্ড প্রাপ্ত জেলেদের মধ্যে শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) এবং মো. রবিউল ইসলাম (১৯) অন্তর্ভুক্ত রয়েছেন।
এসব জেলেদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থিত।
আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে এবং নৌকাটি কোস্ট গার্ডের হেফাজতে রাখা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা যুদ্ধ থেকে ফিরে আসার পর মাত্র এক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছেন দুই ইসরাইলি সেনা। তাদের একজনের মৃত্যু ঘটেছে তেলআবিবের উত্তরে নেতানিয়া শহরে, অপরজন মারা গেছেন অধিকৃত পশ্বিম তীরের দক্ষিণাঞ্চলে। এই তথ্য বিভিন্ন হিব্রু ভাষার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় যুদ্ধে অংশগ্রহণের পর ওই দুই সেনা তীব্র মানসিক সংকটের মধ্যে ছিলেন।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাদের আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২১ জন ইসরাইলি সেনার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে একই সময়ে এই সংখ্যা ছিল ১২।
সূত্র: মিডল ইস্ট মনিটর
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে, চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করার পর থানায় ফেরার সময় অজ্ঞাত একটি গাড়ি (কাভার্ডভ্যান) চাপায় পুলিশের এক এসআই এবং স্থানীয় এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। আহতদের মধ্যে এসআই জাবেদ ওমর (২৮) এবং গাড়িচালক রাব্বি (২৮) অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে জাবেদ বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকায় মৃত শহিদ মিয়ার ছেলে চিহ্নিত মাদক কারবারি আহিদ মিয়াকে (৪৫) আটক করার জন্য শুক্রবার রাত পৌনে তিনটার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। পরে তাকে বাড়ি থেকে আটক করা হয়। থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্য মিজানুর রহমান, জাবেদ ওমর এবং রাব্বি। হঠাৎ করে ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত গাড়ি (কাভার্ডভ্যান) তাদের চাপা দিয়ে চলে যায়।
এ সময় অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত তিনটা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান এবং জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে মিজানুর রহমান এবং জাবেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ছয়টা ৪৭ মিনিটে চিকিৎসকেরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
[[
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ