ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লির সীমাপুরিতে পাঁচতলা ভবনধসে বহু আটকে পড়ার আশঙ্কা


দিল্লির সীমাপুরিতে পাঁচতলা ভবনধসে বহু আটকে পড়ার আশঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বুধবারের এই দুর্ঘটনায় বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে, যা এনডিটিভি জানায়।

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) একজন কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পর ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছায়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের চারপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। কয়েকজনকে দেখা গেছে, তারা হাত দিয়ে বড় বড় কংক্রিটের খণ্ড সরিয়ে উদ্ধারের পথ তৈরির চেষ্টা করছেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইসরায়েলে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধ

এদিকে, দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা প্রকাশ করে ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য সকলকে আহ্বান জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, সীমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

জরুরি উদ্ধারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ট্রাফিক পুলিশ অনুরোধ করেছে, ঘটনাস্থলের কাছে গাড়ি না থামাতে, পার্ক না করতে এবং ভিড় না করার জন্য। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্যও আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার এক মাস আগে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি আবাসিক ভবনে দুর্ঘটনায় সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

আরও পড়ুন: সার্বিয়ার নির্বাচনে ভুচিচের পরাজয়, বিরোধী জোট ‘স্টুডেন্ট লিস্ট’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ‘হিস হিস’ শব্দে আতঙ্কিত চা শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


হঠাৎ ‘হিস হিস’ শব্দে আতঙ্কিত চা শ্রমিকরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে।

জানা গেছে, চা পাতার কুঁড়ি তোলার সময় এক শ্রমিক হঠাৎ ‘হিস হিস’ শব্দ শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে ঘটনাটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হয়।

খবর পেয়ে সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা পরে সাপটিকে পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করেন। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।

সাপটি নিরাপদে উদ্ধার করে পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষধর সাপটি না মেরে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সময়মতো সচেতনতার সঙ্গে খবর দেওয়ায় একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় অপরাধ দমনে শুরু হলো ‘স্পেশাল ড্রাইভ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


খুলনায় অপরাধ দমনে শুরু হলো ‘স্পেশাল ড্রাইভ’

খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলায় ঘনবসতি, সরু অলি-গলি ও নদী অববাহিকা কেন্দ্র করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করেছে। অপরাধ দমনে প্রয়োজনে অন্যান্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ সদস্য আনা হবে। মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে অভিযানটি আরও জোরদার করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ৩টায় খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, অপরাধ দমনে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার জানান, চলতি বছরে খুলনা জেলায় ৩৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক-সংক্রান্ত বিরোধে ৩টি, সামাজিক দ্বন্দ্বে ১৩টি, রাজনৈতিক কারণে ২টি, অজ্ঞাত কারণে ২টি, শ্বাসরোধে ২টি এবং পারিবারিক কারণে ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বর্তমানে সন্ত্রাসীদের তালিকা ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযানের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সুপার উল্লেখ করেন, অপরাধীদের ফোন ট্র্যাকিং এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে গিয়ে তাদের পাওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে দেখা গেছে, এসব সন্ত্রাসীর কাছে ভারী অস্ত্র নেই।

তিনি জানান, চলমান স্পেশাল ড্রাইভের মধ্যেই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে গত মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে অভিযানকে আরও আক্রমণাত্মকভাবে পরিচালনা করা হচ্ছে।

অপরাধ নিয়ন্ত্রণে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আড্ডা, কেরাম খেলা, চায়ের দোকানে দীর্ঘ সময়ের জমায়েত এবং অনলাইন জুয়ার আসরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত কেরাম খেলা, চায়ের আড্ডা ও অনলাইন জুয়ার আসর চলতে দেখা যাচ্ছে। এখন থেকে সন্ধ্যার পর এ ধরনের আড্ডা বা সন্দেহজনক জমায়েত হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্টদের আটক করা হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সব পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা জেলায় এবার ৮১৮টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লোকসমাগম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় ৮৯টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব মণ্ডপে পোশাকধারী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি টহল টিম, সাদা পোশাকের সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ ব্যানার টানানো হবে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক সহায়তার জন্য হটলাইন ও গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেওয়া থাকবে।

পুলিশ সুপার জানান, পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করা হয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা উসকানিমূলক প্রচারণা যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে পুলিশের সাইবার ইউনিট সক্রিয় থাকবে বলে পুলিশ সুপার জানান। পূজাকে কেন্দ্র করে কেউ গুজব বা প্রোপাগান্ডা ছড়ালে তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান কোনো সুপারিশ বা প্রভাবের কাছে থামবে না। অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং খুলনায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য রিট দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য রিট দায়ের

মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন ২০২৭ সালে দেশের সকল বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল করার জন্য একটি রিট দায়ের করেছে। বুধবার (৭ অক্টোবর) সংগঠনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিট দায়ের করেন।

রিটের বিবাদী হিসেবে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিট আবেদনের পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। একই দিনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি বাতিলের প্রজ্ঞাপনও জারি করা হয়। পরবর্তীতে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

রিট আবেদনের শুনানি আগামী সপ্তাহে এস. এম মনিরুজ্জামান ও এস. এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হতে পারে বলে জানান আইনজীবী জাহিদ তালুকদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


এডেন বিমানবন্দরে হুথিদের হামলা, রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান বিমানবন্দর এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে মারাত্মক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ব্যবহার করা হয়, যা বিমানবন্দরের রানওয়ে ও প্যাসেঞ্জার টার্মিনালকে লক্ষ্যবস্তু করে।

মিশর থেকে আসা একটি যাত্রীবাহী বিমান অবতরণের ঠিক কয়েক মুহূর্ত আগে বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, বলে জানিয়েছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়। বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে বিমানটি অবতরণ বাতিল করে সউদী আরবের জেদ্দা বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি, তড়িঘড়ি করে টার্মিনাল খালি করে রানওয়ে থেকে দুটি বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

হুথিরা এই অনাকাঙ্ক্ষিত হামলার দায় কিছুটা ভিন্নভাবে স্বীকার করেছে। তাদের দাবি, তারা বিমানবন্দরের পাশে অবস্থিত বদর সামরিক ঘাঁটিতে আসা "সউদী সামরিক সরবরাহ" লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত

অন্যদিকে, সউদী নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা সউদী আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সানায় অবস্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র উড্ডয়ন প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে এবং তা দ্রুত ধ্বংস করার প্রক্রিয়া চলছে।

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার আবহে ইয়েমেন ও সউদী সীমান্তে হুথিদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাব আল-মানদে প্রণালী ও লোহিত সাগরের কৌশলগত মোকা বন্দরের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় সউদী-সমর্থিত সরকারি বাহিনী তীব্র অভিযান শুরু করায় এই সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%