১০:২৭ পি.এম
ঢাকা ওয়ান্ডারার্সের বিরুদ্ধে আজ বসুন্ধরা কিংস যেন ‘ছেলেখেলা’ করেছে। ৭-০ গোলের জয়ের ঘটনা সাধারণত ঘটে না। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর পরও বসুন্ধরা কিংসের সভাপতির কথায় কিছুটা আক্ষেপের সুর শোনা গেছে।
ইমরুল হাসান মনে করেন, বড় জয় পেলেও খেলায় উন্নতির প্রয়োজন রয়েছে। সভাপতির এই মন্তব্যের পেছনে রয়েছে একটি বড় লক্ষ্য। ম্যাচ শেষে তিনি সেটি ব্যাখ্যা করেছেন। তার চাওয়া, এবার সব ট্রফি ঘরে তোলা। তিনি বলেছেন, ‘বসুন্ধরা কিংস সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করে। আমাদের বেশ কিছু প্লেয়ার চলে গেলেও সাফে যাদের নিয়েছি এবং রবসনকে ফিরিয়ে এনেছি, তাতে মনে হয় এবারের দলটি আগের বছরের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। আশা করছি, এবার মৌসুমের সব ট্রফি নিজেদের কাছে রাখতে পারব।’
প্রতিকূল আবহাওয়া ও ভেজা মাঠের কারণে বসুন্ধরা কিংস পূর্ণশক্তির দল নামাতে পারেনি। ইমরুল জানিয়েছেন, যদি তারা পূর্ণ শক্তিতে নামতে পারত, তবে পারফরম্যান্স আরো উজ্জ্বল হতো। তিনি বলেন, ‘আজকে আমাদের লিগের দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এই ম্যাচটায় বৃষ্টি আমাদের কিছুটা ভোগান্তিতে ফেলেছিল, মাঠও ভেজা ছিল। দল বড় জয় পেলেও মনে করি খেলায় আরো কিছু জায়গায় উন্নতির দরকার আছে। অবশ্য আজকে আমরা পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারিনি। আশা করছি পূর্ণশক্তির দল পেলে আগামীতে খেলা আরো ভালো হবে।’
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইনালে যেতে আফগানিস্তানকে ১১৯ রানে আটকে রাখতে হবে
এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনার সংস্কার নিয়েও ইমরুল কথা বলেছেন। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমাদের ড্রেনেজ সিস্টেম বেশ ভালো। তবে মাঠের পিচ আরেকটু ভালো করার জন্য সংস্কারে হাত দেওয়ার ইচ্ছা এবারই ছিল। ফর্টিস এফসির ম্যাচ থাকার কারণে তা করা সম্ভব হয়নি। আগামী মৌসুমে আমরা পিচকে আরো উন্নতমানের করার চেষ্টা করব।’
বড় জয়ে হ্যাটট্রিক করেছেন সাব্বির হোসেন। রাকিব হোসেন দুটি গোল করেছেন। মনীশ ডাঙ্গি ও আব্দুল্লাহ একটি করে গোল করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন