ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে


স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে

২০১৮ সালের কেপটাউন টেস্টে বহুল আলোচিত স্যান্ডপেপার-কাণ্ডের প্রসঙ্গ আবারও অস্ট্রেলীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাবেক ওপেনার উসমান খাজার নতুন বই ‘সাবর’-এ উত্থাপিত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

খাজার দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকল সদস্য অবগত ছিলেন। ব্যাটার, বোলার এবং সাপোর্ট স্টাফ, কেউই এই বিষয় থেকে বাদ পড়েনি। খাজার বইয়ে উল্লেখ রয়েছে, ‘আমরা সবাই ছিলাম। ব্যাটার, বোলার কিংবা সাপোর্ট স্টাফ কেউ বাদ ছিল না। আমরা সবাই।’

ক্রিকেট অস্ট্রেলিয়া খাজার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়ার্নার তার বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন করেছেন।

আরও পড়ুন: শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন

ওয়ার্নার বলেন, ‘উজি, আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, সে জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক।’

তিনি আরও বলেন, ‘এখন সবাই সত্যটা জানে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি সামনে এসে বলেছ। এখন আবার কেউ কেউ প্রশ্ন তুলছে, আট বছর পর কেন? বই বিক্রির জন্য কি না। এটি উসমানের গল্প। সে যা বিশ্বাস করে, সেটিই লিখেছে। সেই দিন থেকে প্রতিটি ঘটনা উসমান লিখে রেখেছে।’

খাজার বক্তব্যের সমর্থনের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ওয়ার্নার। তার অভিযোগ, সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। এমনকি ঘটনার সময় ড্রেসিংরুমে উপস্থিত থাকা খাজার সাক্ষাৎকারও নেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

ওয়ার্নারের ভাষায়, ‘পুরো সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। উজি তখন ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিলেন। অথচ তার সাক্ষাৎকারই নেওয়া হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়, তা আমার বোধগম্য নয়।’

আরও পড়ুন: ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ক্লার্কের অন্তর্ভুক্তি

তবে কাউকে নতুন করে অভিযুক্ত করার উদ্দেশ্যে নয়, বরং ঘটনার প্রকৃত সত্য ও জবাবদিহি নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, পুরোনো ক্ষত খুলে দেওয়ার বদলে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছেই এখন প্রশ্নের জবাব চাওয়া উচিত।

স্যান্ডপেপার-কাণ্ডে বল বিকৃতির দায়ে ২০১৮ সালে ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। ওয়ার্নার ও স্মিথ এক বছর এবং ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন। পাশাপাশি ওয়ার্নারকে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই ঘটনার প্রভাব যে তার পরিবারেও পড়েছিল, সেটিও তুলে ধরেছেন ওয়ার্নার। বিশেষ করে তার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন তাদের ঘিরে এত ক্যামেরা ছিল এবং টেলিভিশনে তাঁদের কাঁদতে দেখা গিয়েছিল।

মেয়েদের কাছে ঘটনার ব্যাখ্যা দেওয়া কঠিন ছিল জানিয়ে ওয়ার্নার বলেন, ‘আমি মেয়েদের একটা কথাই বলেছি, সব সময় সত্য কথা বলবে। কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই।’

আরও পড়ুন: মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লবের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

এদিকে ঘটনার সময় অস্ট্রেলিয়া দলের চার পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্পিনার নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছেন, নিউল্যান্ডসের বড় পর্দায় ব্যানক্রফটকে দেখানোর আগপর্যন্ত বলের অবস্থা পরিবর্তনে মাঠে কোনো বিদেশি বস্তু নেওয়ার বিষয়ে তারা কিছু জানতেন না।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যানের বক্তব্যেও উঠে এসেছে বল বিকৃতির বিষয়টি। তার মতে, সবাই সবকিছু জানতেন এমনটা মনে করেন না তিনি। তবে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা সম্পর্কে জানার কথা ছিল বলে মন্তব্য করেছেন লেম্যান। তার মতে, কে কতটা জানতেন, তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

খাজার বইয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরেকটি বিষয়ও উঠে এসেছে। ২০০০ ও ২০১০-এর দশকে ভিক্টোরিয়া দলের পুরোনো বল ব্যবহারের দক্ষতা এবং তা থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে আট বছর আগের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি, তদন্তের স্বচ্ছতা এবং প্রকৃত দায়ীদের ভূমিকা।

আরও পড়ুন: মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫২ রানে নতুন রেকর্ড গড়লেন মুমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা জহিরুল ইসলাম জহির দল ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা জহিরুল ইসলাম জহির দল ছাড়লেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জহিরুল ইসলাম জহির নামে এক নেতা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় তিনি এনসিপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জহির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পদত্যাগের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণসহ আরও কিছু বিষয় নিয়ে তার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জহির তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এতে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাহিরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌরসভার সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহকে মন্তব্য জানতে মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ‘ফেসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছে। পোস্টটি দেখেছি। তবে কি কারণে পদত্যাগ করেছে তা জানা নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকেয়া আদায়ে বিটিআরসির কঠোর পদক্ষেপ, নিয়ম লঙ্ঘনকারী অপারেটরদের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


বকেয়া আদায়ে বিটিআরসির কঠোর পদক্ষেপ, নিয়ম লঙ্ঘনকারী অপারেটরদের জরিমানা

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের টেলিকম খাতে আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থাটি বকেয়া রাজস্ব আদায়, শর্ত লঙ্ঘনকারী অপারেটরদের জরিমানা এবং সেবার সীমাবদ্ধতা নিশ্চিত করতে বিভিন্ন কঠোর ব্যবস্থা নিচ্ছে।

বিটিআরসির সর্বশেষ কমিশন সভায় গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি)।

কমিশনের নথিপত্র থেকে জানা গেছে, বিটিআরসির মূল লক্ষ্য বর্তমানে আইআইজি অপারেটরদের ব্যবহৃত আনবিল্ড ব্যান্ডউইথের বকেয়া টাকা আদায় করা। একটি নিরীক্ষায় ২৬টি অপারেটরের বিরুদ্ধে মোট ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা পাওনা হিসাব করা হয়েছে। এই বিশাল অংকের টাকার মধ্যে এ পর্যন্ত মাত্র ৫১ লাখ ১৪ হাজার টাকা আদায় হয়েছে এবং বাকি ৮ কোটি ৯৬ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে।

বকেয়া থাকা অপারেটরদের মধ্যে সাইবারগেট লিমিটেড ৫ লাখ টাকা পরিশোধের পর তাদের বকেয়া দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজার টাকা। কমিশন বাকি ৩৮ লাখ ১৯ হাজার টাকা ১৫ শতাংশ বার্ষিক বিলম্ব ফি সাপেক্ষে ১২টি সমান মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়েছে।

অন্যদিকে, আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড তাদের ৯৬ লাখ ২৬ হাজার টাকা পাওনার বিপরীতে ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। প্রতিষ্ঠানটিকে বাকি ৭১ লাখ ২৬ হাজার টাকা ১২টি সমান কিস্তিতে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ২১ লাখ ১৩ হাজার টাকা বকেয়া থাকা পিয়ারেক্স নেটওয়ার্কস লিমিটেডকে এক মাসের সময় বর্ধিতকরণ সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া, অন্যান্য বেশ কয়েকটি আইআইজি অপারেটরের বকেয়া পাওনা আদায়ের জন্য বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। এই তালিকায় ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব লিমিটেড, ইন্ট্রাগ্লোব কমিউনিকেশন লিমিটেড, ১ এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন লিমিটেড, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ইক্যুইটেল কমিউনিকেশন লিমিটেড, রেডিয়ান্ট কমিউনিকেশন লিমিটেড, রেগো কমিউনিকেশন লিমিটেড এবং প্ল্যানেট ইন্টারনেট গেটওয়ে লিমিটেড অন্তর্ভুক্ত রয়েছে।

একটি পৃথক সিদ্ধান্তে, বিটিআরসি বেনাপোলে অবৈধ টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) পরিচালনা এবং অবকাঠামো শেয়ার করার দায়ে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকে জরিমানা করেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৫(৫) ধারা অনুযায়ী এই জরিমানা আরোপিত হয়েছে এবং কোম্পানিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

মূল সভার কার্যবিবরণীতে সংখ্যা এবং কথায় লেখার ক্ষেত্রে অমিল থাকায় উক্ত টাকার পরিমাণটি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর কাছে আনবিল্ড ব্যান্ডউইথ চার্জ বাবদ বকেয়া থাকা ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়ে একটি আনুষ্ঠানিক তাগিদপত্র জারি করেছে কমিশন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) খাতে স্বয়ংক্রিয় ডাটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) বাধ্যতামূলক তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। আইএসপি লাইসেন্সিং নির্দেশিকা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী, অপারেটরদের আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম ব্যান্ডউইথের ব্যবহার, গ্রাহক সংখ্যা এবং নেটওয়ার্ক পারফরম্যান্স সংক্রান্ত তথ্য আপলোড করা বাধ্যতামূলক।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ডিআইএস-এ তথ্য জমা না দেওয়ায় ১১৬টি অকার্যকর বা আইন অমান্যকারী আইএসপি লাইসেন্সধারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।

অপারেটরদের প্রতিক্রিয়া ও কমপ্লায়েন্সের ওপর ভিত্তি করে কমিশন বিভিন্ন ধরনের জরিমানা আরোপ করেছে। যারা নোটিশের জবাব দিয়েছে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করেছে, তাদের মধ্যে বিভাগীয় পর্যায়ের একটি অপারেটরকে ২০ হাজার টাকা, জেলা পর্যায়ের একটি অপারেটরকে ১০ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের ২৬টি অপারেটরের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

যেসব অপারেটর নোটিশের জবাব দিলেও তথ্য আপলোড করতে ব্যর্থ হয়েছে তাদের বেশি জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিভাগীয় পর্যায়ের একটি অপারেটরকে ৪০ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের ১৩টি অপারেটরের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া, শুরুতে জবাব না দিলেও পরবর্তীতে তথ্য আপলোড করা দুটি অপারেটরকে ৩ হাজার ৭৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, যেসব অপারেটর নোটিশের জবাবও দেয়নি এবং তথ্যও আপলোড করেনি এমন ১৯টি অপারেটরকে আরও উচ্চ হারে জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিভাগীয় পর্যায়ের দুটি অপারেটরের প্রত্যেককে ৫০ হাজার টাকা, জেলা পর্যায়ের দুটি অপারেটরের প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের ১৫টি অপারেটরের প্রত্যেককে ৬ হাজার ২৫০ টাকা করে জরিমানা করা হয়।

কমিশন নিবন্ধিত গ্রুপের বাইরে থাকা অপারেটরদের মধ্যেও ডিআইএস খেলাপিদের চিহ্নিত করেছে। এক্ষেত্রে জরিমানার পরিমাণ দেশব্যাপী একটি অপারেটরের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, বিভাগীয় পর্যায়ের অপারেটরদের জন্য ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা, জেলা পর্যায়ের অপারেটরদের জন্য ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ের অপারেটরদের জন্য ৬ হাজার ৭৫০ থেকে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খেলাপি সব অপারেটরকে আগামী ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে লাইসেন্স বাতিলের জন্য তাৎক্ষণিক আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

ইতোমধ্যেই 'জিরোটেক অনলাইন' তাদের লাইসেন্স সারেন্ডার করেছে, অন্যদিকে বারবার নোটিশের জবাব না দেওয়ায় 'এম বি ক্লিয়ার নেট'-এর বিরুদ্ধে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে।

পাশাপাশি, দেশের একমাত্র এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেড'-এর বিরুদ্ধে মোট ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকার পুঞ্জীভূত বকেয়ার দায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বকেয়ার মধ্যে পরিশোধ না করা রাজস্বের অংশ (রেভিনিউ শেয়ার), বিলম্ব ফি, ভ্যাট, সার্ভিস অবলিগেশন ফান্ডের পাওনা এবং সংশ্লিষ্ট বিলম্ব ফি অন্তর্ভুক্ত রয়েছে।

কোম্পানিটিকে এর আগে কমিশনের ৩০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২টি মাসিক কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করতে পারেনি। ফলে কমিশন প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে, যা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে মূল বকেয়া আদায়ের বিষয়টি কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে।

পৃথক আরেকটি সিদ্ধান্তে, বিটিআরসি'র পূর্বানুমোদন ছাড়া 'সাইক্লোন প্রজেক্ট'-এর আওতায় রোমান্স এবং সান-সহ তৃতীয় পক্ষের সাথে প্ল্যাটফর্ম ও সেবা চুক্তি করার দায়ে এনটিটিএন অপারেটর 'ফাইবারঅ্যাটহোম লিমিটেড'-কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৬৫(৫) ধারা অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে এবং তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

কমিশন আইপিটিএসপি খাতের বকেয়া লাইসেন্স ও বার্ষিক ফি আদায়ের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে, যেখানে মোট বকেয়ার পরিমাণ ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। ইতোমধ্যেই ১৮টি আইআইটিএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বকেয়া টাকা আদায়ের জন্য 'ডিজিটাল কানেক্টিভিটি লিমিটেড' (বকেয়া ৮ কোটি ৭৯ লাখ টাকা) ও 'আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড' (বকেয়া ২১ কোটি ২১ লাখ টাকা)-এর বিরুদ্ধে আইনি সার্টিফিকেট মামলা (পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্টের অধীনে) দায়ের করা হয়েছে।

পাশাপাশি, বকেয়া থাকা সচল আইপিটিএসপি অপারেটর— আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং সরকার কমিউনিকেশন-এর ব্যান্ডউইথ সক্ষমতা তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার (ব্যান্ডউইথ ক্যাপ) নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসির এই সিদ্ধান্তগুলো টেলিযোগাযোগ শিল্পের বিভিন্ন খাতে নিয়ন্ত্রক প্রতিবেদন জমা দেওয়া, আর্থিক দায়বদ্ধতা, লাইসেন্সের শর্তাবলী এবং সেবা পরিচালনার ক্ষেত্রে একটি কঠোর অভিযানের প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, "প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই।"

দলটির পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধের পাশাপাশি, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ নিয়োগ বন্ধে যথাযথ যাচাই, ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে BMET-এর অপ্রয়োজনীয় জটিলতা নিরসন এবং ইউরোপীয় ভিসা সেবা বাংলাদেশে সম্প্রসারণসহ সাত দফা দাবি জানানো হয়েছে।

রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী এসব দাবি তুলে ধরেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, "প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।" তিনি আরও বলেন, "তাদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে আছে। অথচ বিদেশে যেতে গিয়ে তাদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।"

তিনি উল্লেখ করেন, "প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল হলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে।" মঞ্জু বলেন, "প্রবাসীদের কল্যাণকে কেবল রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না। তাদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। সরকারকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

তিনি আরও বলেন, "প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন; তারা বাংলাদেশের নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।"

মঞ্জু সরকারকে উদ্দেশ্যে করে বলেন, "সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপি ৩১ দফা দিয়েছিল।" তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আপনারা যেসব নোট অব ডিসেন্ট দিয়েছিলেন, গণভোটে জনগণের রায়ের পর সেগুলো অকার্যকর হয়ে গেছে।"

বর্তমান নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে আপনারা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আর চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডেকে ইজারা দিয়েছেন। তাহলে গণভোটের গণরায় মানতে এতো অনীহা কেন? গণভোটের গণরায়ের পর নোট অব ডিসেন্টের আর কোন রাজনৈতিক ভিত্তি নেই।

প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির পক্ষ থেকে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।

৩. রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের BMET ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান করতে হবে।

৫. ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

৬. বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের জন্য দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৭. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি সমন্বিত, সহজলভ্য ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক( ঢাকা) শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসী বিষয়কসহ সম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিব, নুরুন্নবী নয়ন, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, মোহসীনুল হক চৌধুরী, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়কসহ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, বরিশাল মহানগর সদস্য সচিব জি.এম রাব্বি, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী ও বরিশালের নেতা জাকির হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "এটা তার ব্যর্থতা।" তিনি উল্লেখ করেছেন যে, এই ব্যর্থতা তার সরকারের নয়। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।"

জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।"

হামের টিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "কিছু দুষ্ট লোক বলে এই টিকা ভারত থেকে আনা হয়েছে।" তিনি দাবি করেন, "এই কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা আনা হয়েছে ভারত থেকে। বাকি টিকা আনা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্প মূল্যে এই টিকা আনা হয়েছে।"

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "অনেকেই তাদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না।" তিনি অভিযোগ করেন, "এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউ-ই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীর প্রায় কারো টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%