ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যৌতুকের দাবিতে বর না আসায় বধূর সাজে অপেক্ষা


যৌতুকের দাবিতে বর না আসায় বধূর সাজে অপেক্ষা

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অতিথিদের জন্য রান্নাবান্নাও শেষ। কনেও বধূর সাজে প্রস্তুত। কিন্তু নির্ধারিত দিনে বরপক্ষ আসেনি বিয়ের অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে যে, যৌতুক হিসেবে দাবি করা বাড়তি অর্থ না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন বর ও তার পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কনে খয়রুন বেগম অভিযোগ করেছেন যে, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়া হয়েছে এবং তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্র অনুযায়ী, কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে খয়রুন বেগম (৩৫) ওমানে অবস্থানকালে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসে থাকাকালে বিভিন্ন সময় আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে দেশে ফিরে আসার পর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি শ্রমিক

কনের পরিবারের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে বিয়ের আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরের ভাইয়েরা কনের বাড়িতে এসে স্থানীয়দের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য তাদের হাতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন।

কনে খয়রুন বেগম জানান, বিয়ের দাওয়াতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বরযাত্রীদের আপ্যায়ন ও আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বরপক্ষ জানায় যে, মোটরসাইকেল কেনার জন্য আরো দেড় লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছে। টাকা না দিলে বিয়ে হবে না বলেও তারা জানিয়ে দেয়। অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো সম্ভব হয়নি।

খয়রুনের বড় ভাই মইন উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিয়ের দিন আমার বোনকে বধূ সাজে সাজানো হয়েছিল। সমাজের লোকজন দাওয়াত খেয়ে গেছেন, অথচ যৌতুকের জন্য বরপক্ষ এলো না। এখন সমাজে আমরা মুখ দেখাব কী করে? বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তবে বরপক্ষের ভাই ইয়াসিন মিয়া যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লাখ টাকা নিয়েছি। প্রবাসে আমার ভাই ও ওই নারী একসঙ্গে ছিলেন। মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে, তা জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।’

আরও পড়ুন: যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, ‘বিয়ের বিষয়ে কেউ আমাকে আগে কিছু জানায়নি। অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। পরে পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিল।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান ও শিমুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে আমান ও শিমুল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে আমান উল্লাহ আমান এমপিকে এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে নিযুক্ত করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের মাধ্যমে ১৬৭ বছরের গণিত রহস্য সমাধানের দাবি, বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


এআইয়ের মাধ্যমে ১৬৭ বছরের গণিত রহস্য সমাধানের দাবি, বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা

বিশ্বের অন্যতম আলোচিত এবং জটিল গাণিতিক ধাঁধা ‘রিম্যান হাইপোথিসিস’ (Riemann Hypothesis) কি অবশেষে সমাধান করা সম্ভব হয়েছে? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে দাবি করেছেন যে, তিনি এআই মডেল ‘ক্লদ’-এর সহায়তায় এই ১৬৭ বছরের পুরনো সমস্যার একটি প্রমাণ আবিষ্কার করেছেন। একই সময়ে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক সম্পূর্ণ মানবীয় প্রচেষ্টার মাধ্যমে এর সাধারণীকৃত রূপের একটি খসড়া প্রমাণ প্রকাশ করেছেন।

বিশ্বজুড়ে গণিতবিদরা এই বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং চূড়ান্ত স্বীকৃতির আগে স্বাধীন যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করছেন।

কী ঘটেছে সাম্প্রতিক ঘোষণায়?

গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে, অ্যানথ্রোপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানিয়েছেন যে, ক্লদ এআই মডেলের সহযোগিতায় তিনি রিম্যান হাইপোথিসিস এবং এর সাধারণীকৃত রূপের প্রমাণ তৈরি করেছেন। তিনি এই প্রমাণটি কম্পিউটারে যাচাইযোগ্য ‘লিন’ (Lean) কোড আকারে প্রকাশ করেছেন এবং একটি সংক্ষিপ্ত নোটে উল্লেখ করেছেন যে, কারিগরি গণিতের বড় অংশে ক্লদ যুক্ত ছিল।

একই সময়ে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক আলেসান্দ্রো মাসুলো ১২ বছরের গবেষণালব্ধ ফলাফল হিসেবে ‘জেনারেল রিম্যান হাইপোথিসিস’-এর একটি খসড়া প্রমাণ প্রকাশ করেছেন, যা কোনো এআই ব্যবহার ছাড়াই তৈরি বলে জানা গেছে।

রিম্যান হাইপোথিসিসের গুরুত্ব কেন? ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উপস্থাপন করেন। এটি মূলত মৌলিক সংখ্যার (যেমন—২, ৩, ৫, ৭, ১১) বিন্যাস এবং লুকানো শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। সংখ্যা তত্ত্বের বহু গুরুত্বপূর্ণ উপপাদ্য এখনো এই অনুমানটি সত্য ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। যদি প্রমাণটি চূড়ান্তভাবে সঠিক প্রমাণিত হয়, তবে সেই সব শর্তসাপেক্ষ উপপাদ্য স্থায়ী গাণিতিক সত্যে পরিণত হবে।

তবে, কিছু মহলে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ হলে আধুনিক এনক্রিপশন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হলেও বিশেষজ্ঞরা তা নাকচ করেছেন। তাদের মতে, আরএসএ (RSA) বা ইলিপটিক-কার্ভ ক্রিপ্টোগ্রাফির নিরাপত্তা ভিন্ন গাণিতিক সমস্যার ওপর নির্ভরশীল, তাই এই প্রমাণের ফলে তাৎক্ষণিকভাবে বিদ্যমান এনক্রিপশন ভেঙে পড়ার সম্ভাবনা নেই।

যাচাই-বাছাই ও মিলেনিয়াম প্রাইজ প্রসঙ্গ লিন প্রুফ অ্যাসিস্ট্যান্টে কোড সংকলিত হওয়া যুক্তির ধাপগুলো পরীক্ষা করার একটি শক্তিশালী উপায় হলেও, প্রকাশিত সংজ্ঞাগুলো মূল গাণিতিক সমস্যার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কি না এবং কোনো অপ্রত্যাশিত অনুমান ঢুকে পড়েছে কি না—তা মানুষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা জরুরি। প্রখ্যাত গণিতবিদ টেরেন্স টাওসহ বিশ্লেষকেরা জানিয়েছেন, বিশাল এই প্রমাণটি খতিয়ে দেখতে সময় লাগবে।

রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউটের সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর একটি, যার পুরস্কার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। তবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ বা কোড আর্কাইভ জমা দেওয়াই যথেষ্ট নয়; স্বীকৃত জার্নালে প্রকাশ এবং দীর্ঘ সময় ধরে গণিত সমাজের বিস্তৃত গ্রহণযোগ্যতা অর্জনের পরেই এই পুরস্কারের বিষয়টি বিবেচিত হয়। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনি রিয়ালে ব্রাজিলের ছন্দ দেখাতে চান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


ভিনি রিয়ালে ব্রাজিলের ছন্দ দেখাতে চান

ব্রাজিলের জার্সিতে গোলের বন্যা বইছে। তবে ক্লাব ফুটবলে সেই ধারার অভাব দেখা যাচ্ছে। জাতীয় দলের হয়ে অর্জিত আত্মবিশ্বাস এবার রিয়াল মাদ্রিদেও ছড়িয়ে দিতে চান ভিনিসিয়ুস জুনিয়র। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠিত দুই প্রীতি ম্যাচে পাঁচ গোল করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এখন তার লক্ষ্য ক্লাবের জার্সিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখা।

জাপানের বিপক্ষে তিনি দুই গোল করেছিলেন। এরপর সিঙ্গাপুরের বিরুদ্ধে ব্রাজিলের ৭-০ গোলের জয়ে মাত্র ২১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন। জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্স তাকে আত্মবিশ্বাসী করে তুললেও রিয়ালে চলতি মৌসুমটি এখনও প্রত্যাশার মতো কাটেনি। ক্লাবের হয়ে তিনি মৌসুমে মাত্র একটি গোল করেছেন।

এদিকে নিষেধাজ্ঞাও তার ছন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভিয়ারিয়ালের মিডফিল্ডার নাথান সালিবার চুল টানার ঘটনায় ভিনিসিয়ুস চার ম্যাচের নিষেধাজ্ঞা পান। এর ফলে ক্লাবের হয়ে টানা কয়েকটি ম্যাচে মাঠে নামার সুযোগ তিনি হারান। জাতীয় দলের হয়ে ভালো খেলার পর সেই বিরতি কাটিয়ে উঠতে চান ২৬ বছর বয়সী এই তারকা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে তার সম্পর্কও আত্মবিশ্বাসের একটি বড় উৎস। রিয়ালে আনচেলত্তির অধীনে সাফল্য অর্জন করা ভিনি বলেছেন, এই কোচ তার ফুটবলজীবনের গতিপথ পরিবর্তন করেছেন। জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পরও আনচেলত্তির প্রতি তার আস্থা রয়েছে।

এখন সেই আস্থার প্রতিদান দিতে চান ক্লাব ফুটবলে। রিয়ালের আক্রমণে নিজের গতি, ড্রিবলিং এবং গোল করার সামর্থ্য ফিরে পেলে দলের শিরোপা লড়াইয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন ভিনিসিয়ুস। জাতীয় দলের আলো এখন সান্তিয়াগো বার্নাব্যুতে ছড়ানোর অপেক্ষায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সংগঠনটি ‘পলাতক আওয়ামী সন্ত্রাসীদের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, খুন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার দাবিতে’ এই বিক্ষোভের আয়োজন করে।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখতে জুলাইয়ের পক্ষে থাকা সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, সহসভাপতি কৃষিবিদ হাসান আলী, যুগ্ম সচিব ডা. শহীদুল্লাহ শরীফ, ড. মো. মোশাররফ হোসেন, ড. মোহাম্মদ শফিউদ্দিন, ড. মো. মিজানুর রহমান, কৃষিবিদ আবদুল হক প্রমুখ।

ফোরামের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির স্বপ্ন দেখছে। তাদের এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এ জন্য সরকারকেই জাতীয় ঐক্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের ভেতরে যারা জাতীয় ঐক্যের পরিবেশ বিনষ্ট করছেন এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের পথ তৈরি করছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ব্যক্তিদের বিভিন্ন অজুহাত ও তকমা দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

কৃষিবিদ মাসউদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতা প্রতিরোধ, ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বন্ধ, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%