০৯:৪১ পি.এম
বীরেদ্র শেবাগ, যিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ওপেনার হিসেবে পরিচিত, তার পুত্র আর্যবীর শেবাগ নিজের পরিচয় গড়তে চান। বাবার ছায়ায় হারিয়ে যেতে চান না তিনি। তার লক্ষ্য, বাবার দ্বিতীয় সংস্করণ হওয়া নয় বরং নিজের নামে একটি আলাদা স্থান তৈরি করা।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পারফরম্যান্সের জন্য আলোচনায় উঠে এসেছেন আর্যবীর। টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভারতের এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে তার অবদান ছিল ৫৮ রান। কনুইয়ে আঘাত পাওয়ার পরও ব্যথানাশক ওষুধ নিয়ে তরুণ এই ক্রিকেটার ব্যাটিং চালিয়ে গেছেন।
জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে আর্যবীর বাবার সঙ্গে তুলনা নিয়ে বলেছেন, ‘আমি অনেক আগেই মেনে নিয়েছি সব সময় বাবার সঙ্গে আমার তুলনা করা হবে। এটা অনিবার্য, এ নিয়ে আমার কিছু করার নেই। মানুষ যদি আমার খেলায় বাবার সঙ্গে মিল খুঁজে পায়, সেটা তাদের মতামত এবং আমার বাবার প্রতি ভালোবাসারই প্রকাশ। তবে আমি শেবাগ ২.০ হতে আসিনি, আমি আর্যবীর শেবাগ হতে এসেছি। দ্বিতীয় শেবাগ না হয়ে প্রথম আর্যবীর হতে চাই।’
আরও পড়ুন: বেথেলের চোটে ইংল্যান্ড দলে ডাক পেলেন ম্যাককিনি
ফাইনালের ৫৮ রানের ইনিংসটি নিয়েও তিনি কথা বলেছেন। কনুইয়ে আঘাত পাওয়ার পর ব্যথায় হাত নাড়ানো কঠিন হয়ে পড়েছিল। ফিজিও তাকে ব্যথানাশক ওষুধ দেন। প্রথমবার ওষুধ খেয়েও খুব একটা কাজ হয়নি। তবুও দলের প্রয়োজনে ব্যাটিং চালিয়ে যান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের ইনিংসটি তার কাছে বিশেষ। কঠিন উইকেটে প্রথম ১০-১৫ ওভার সামলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এরপর পরিস্থিতি বুঝে রান করেছেন।
বাবার নামের ভার যে সহজ নয়, তা আর্যবীর জানেন। তবে তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে উত্তরাধিকার নয়, নিজের পারফরম্যান্স দিয়েই পরিচিত হতে চান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন