প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে। শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব ও সমস্যা উপস্থাপন করেন।
শিক্ষকদের বক্তব্য শোনার পর, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। প্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে তারা আনন্দের সঙ্গে অংশ নিতে পারে।
শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না। শিক্ষার উন্নয়নে নেওয়া সকল উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি প্রকৌশলী শফিকুর রহমান এবং বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ অন্যান্য অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন