মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:১৩ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : কেনিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দুই দিন অচল করে দেওয়া ধর্মঘট প্রত্যাহার করেছেন দেশটির বিমান চলাচল খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রোববার ও সোমবার কর্মীরা ধীরগতিতে কাজ করার প্রতিবাদ কর্মসূচি পালন করায় রাজধানী নাইরোবিসহ পূর্ব আফ্রিকার দেশটির অন্যান্য বিমানবন্দরে কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নতুন যৌথ দরকষাকষি চুক্তি এবং স্বেচ্ছাসেবী কর্মী ব্যবহারের অবসানের দাবিতে বিমান চলাচল খাতের ইউনিয়নগুলোর ধারাবাহিক ধর্মঘট ও কার্যক্রম বন্ধের হুমকির মধ্যে এটি ছিল সর্বশেষ ধর্মঘট।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, যৌথ দরকষাকষি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। শিল্প বিরোধের কর্মসূচি থেকে উদ্ভূত কারণে কর্মীদের ‘হয়রানি না করার’ বিষয়েও সমঝোতা হয়েছে।
নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র। কেনিয়ার পর্যটন ব্যবসার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এ শোভাযাত্রার নেতৃত্ব দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা হোসেন বখত চত্বর (বক পয়েন্ট) এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। আজ তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের নতুন পথে এগিয়ে যাচ্ছে।’তিনি আরো বলেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না; ছিল হত্যা ও গুমের রাজনীতি। সেই ফ্যাসিবাদের কবল থেকে আজ দেশ মুক্ত। ইনশাআল্লাহ, এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।শোভাযাত্রা ও সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার সংসদ মঙ্গলবার ডেস্ট্রি দামায়ান্তিকে দেশের নতুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে অনুমোদন প্রদান করেছে। পেরি ওয়ারজিও হঠাৎ করে পদত্যাগ করার পর গত জুলাইয়ে তাকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ করা হয়। এ বিষয়ে খবর প্রদান করেছে বার্তা সংস্থা এএফপি।
গত মাসে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ডেস্ট্রিকে মনোনয়ন দেওয়ার পর তিনিই একমাত্র প্রার্থী হিসেবে ছিলেন। পেরি পদত্যাগের পর থেকে তিনি ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব পালন করে আসছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রেসিডেন্ট প্রবোওর মনোনয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তার ভাতিজা ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থমাস জিওয়ান্দোনোকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হয়েছিল।
পেরি হঠাৎ পদত্যাগের আগে ৬২ বছর বয়সী অর্থনীতিবিদ ডেস্ট্রি ২০১৯ সাল থেকে ব্যাংক ইন্দোনেশিয়ার (বিআই) ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস জানিয়েছে, ডেস্ট্রির মনোনয়ন থেকে নীতির ধারাবাহিকতা বজায় থাকবে—এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
গত সপ্তাহে সংসদে অনুষ্ঠিত নিয়োগসংক্রান্ত শুনানিতে ডেস্ট্রি বলেছেন, তিনি এমন একটি কেন্দ্রীয় ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন, যা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাসঙ্গিক থাকবে, আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে বিশ্বাসযোগ্যতা ধরে রাখবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রেসিডেন্ট প্রবোও ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর পেরির পদত্যাগ ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিনির্ধারকের দ্বিতীয় পদত্যাগের ঘটনা। ক্যাপিটাল ইকোনমিকসসহ কয়েকটি পর্যবেক্ষক প্রতিষ্ঠান মনে করছে, সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিমুখী নীতিকে আরও বেশি সমর্থন করার জন্য পেরির ওপর চাপ ছিল কি না, তা নিয়ে এ পদত্যাগের পর জল্পনা তৈরি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়েও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। জুনে একটি আইন পাস হয়, যা সংসদকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম মূল্যায়নের দায়িত্ব দেয়। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির দায়িত্বও কেন্দ্রীয় ব্যাংকের ওপর দেওয়া হয়—যা প্রেসিডেন্ট প্রবোওর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
পেরির পদত্যাগ এমন একটি কঠিন সময়ে ঘটে, যখন ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহর বড় ধরনের দরপতন এবং শেয়ারবাজারে মন্দাভাব দেখা দেয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কয়েকজন ডেপুটি গভর্নর নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ দেশটির মুদ্রানীতি নির্ধারণ করে এবং সুদের হার ঠিক করে।
জুলাইয়ে পেরির শেষ নীতিনির্ধারণী বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রাখে। চলতি বছরে এর আগে সুদহার মোট ১০০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল। ক্যাপিটাল ইকোনমিকসের মতে, সুদহার বৃদ্ধির এই পদক্ষেপ সরকারকে সম্ভবত হতাশ করেছে।
গত মাসের বৈঠকেও কেন্দ্রীয় ব্যাংক সুদহার অপরিবর্তিত রাখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইল, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নড়াইল জেলা কমিটির উদ্যোগে শহরের চৌরাস্তা থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নড়াইল চৌরাস্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ব্যানার, ফেস্টুনসহ এই বর্ণাঢ্য র্যালিতে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, বিএনপি দেশের জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল পৌরসভার পুকুরপাড়ে বৃক্ষ রোপণ এবং পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, গোবরা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. সুলতান মোল্যা, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়াদত কবির রুবেল, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালে ভয়াবহ হড়কা বানের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ইনেশিনিটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট টিম (ডিসিএইচটি)। বন্যার কারণে দুর্ভোগে পড়া এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য ত্রিশূলি বাজারের ১ নম্বর মিলিটারি ট্রেনিং সেন্টার ফিল্ড হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে উক্ত সংগঠনগুলোর একটি দল।
নেপাল থেকে সিআইএস ও ডিসিএইচটি দলের সদস্য মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় শিশু, বয়স্ক, নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। দুর্যোগের কারণে নিয়মিত ওষুধ সরবরাহ ব্যাহত হলে এসব রোগীর শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। তাই বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে জরুরি ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
হস্তান্তরিত সামগ্রীর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপারলিপিডেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, বন্যার পর সাধারণভাবে দেখা দেওয়া সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধও প্রদান করা হয়েছে।
এছাড়া, বন্যার পানির কারণে সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে স্যানিটারি প্যাড, মাস্ক, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানসহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুর্যোগের সময় দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ফিল্ড হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এসব হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা প্রদান করে চলেছেন।
সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, দুর্যোগের সময়ে মানবিক সহায়তা ও পারস্পরিক সহযোগিতাই ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে বড় ভূমিকা রাখতে পারে। সিআইএস ও ডিসিএইচটির এই উদ্যোগের মাধ্যমে নেপালের বন্যাদুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা আরও কার্যকরভাবে চালু রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ