০১:১০ পি.এম
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কটি সপ্তাহের বেশিরভাগ দিন ব্যস্ত থাকে। তবে শুক্রবার সেখানে দেখা যায় এক ভিন্ন দৃশ্য; সেটি হলো ‘হলিডে মার্কেট’। সড়কের দুই পাশে বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানি পসরা সাজিয়ে বসেন। এই অস্থায়ী মার্কেটে পোশাক, পর্দা, শিশুদের খেলনা, প্রসাধনী, বাদ্যযন্ত্র, গাছ, ফুল-ফল, মিষ্টি এবং ঘরের সাজসজ্জার যাবতীয় সামগ্রী পাওয়া যায়।
হলিডে মার্কেট সকাল থেকেই শুরু হয়। এখানে কেউ সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন, কেউ কম দামে পছন্দের পণ্য খুঁজতে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারটির খবর পেয়ে প্রথমবারের মতো দর্শনার্থী হয়ে আসেন। উচ্চমূল্যের বাজারে এসব ক্রেতা-দর্শনার্থী পছন্দসই পণ্য সাধ্যের মধ্যে থাকলে কিনে নেন।
মার্কেটটি সকাল থেকে শুরু হলেও দুপুর গড়াতে ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে যেন পা ফেলার জায়গা থাকে না। অত্যাধুনিক শপিংমল, শোরুম ও বিপণিবিতানের তুলনায় কম দামে পণ্য পাওয়ার প্রত্যাশা এবং দরদাম করে কেনাকাটার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর
মালিবাগের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে এ বাজারে এসেছেন। তিনি বলেন, "বাড়িতে অতিথি আসবেন, তাই কিছু সাংসারিক প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছি। এখানে তুলনামূলক কম দামে সবকিছু পাওয়া যায়।" তিনি পানির পাত্র, লাইট ও ক্রোকারিজের মতো কিছু সামগ্রী কিনেছেন এবং আরো কি কি কেনা যায় তা দেখছেন।
মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা গৃহিণী রুমানা বেগম প্রায়ই আসেন এ বাজারে। সবশেষ পণ্য এক কেজি কমলা কিনে রিকশা ধরছিলেন। তিনি বলেন, "শীতের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি পর্দাও কিনেছি। এখানে দামটাও তুলনামূলক কম।" এর ফলে সাংসারিক কেনাকাটায় সুবিধা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিঠুন আলী গাবতলীর আমিনবাজার এলাকা থেকে এসেছেন। এ বাজারে তার প্রথম আসা। তিনি বিছানার চাদর ও জানালার পর্দা কিনেছেন এবং ভাগনির জন্য জামা কিনতে দোকানির সঙ্গে দরকষাকষি করছেন। তার ধারণা, নিউ মার্কেট, ধানমন্ডি কিংবা এলিফ্যান্ট রোডের তুলনায় এখানে কিছু পণ্য কম দামে পাওয়া যায়; তবে খুঁজে নিতে হয়।
ঢাকার বাইরের ক্রেতারাও আসছেন
আরও পড়ুন: কেসিসি প্রশাসক: স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী
এ মার্কেটে শুধু রাজধানীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারাই কেনাকাটা করতে আসেন না, পার্শ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, ভোলা, চাঁদপুর প্রভৃতি জেলার মানুষও এখানে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ঢাকায় থাকেন, তাদের অনেকেই আত্মীয়র বাসায় বেড়াতে এসে এই মার্কেট থেকে পণ্য কেনার উদ্দেশ্যে আসেন।
ভোলার জাহাঙ্গীর আলম দক্ষিণ যাত্রাবাড়ীতে আত্মীয়র বাসায় বেড়াতে এসেছেন। প্রবাসী এই ক্রেতার দাবি, শোরুমে দুই হাজার টাকায় যে পণ্য পাওয়া যায়, তা এখানে ১,৪০০ থেকে ১,৫০০ টাকা। তিনি দুটি ভারী পর্দা কিনেছেন ২,৮০০ টাকায়। তার ধারণা, শোরুমে একই ধরনের পর্দার দাম হতে পারে প্রায় সাত হাজার টাকা। এছাড়া একটি বিছানার চাদর কিনেছেন এক হাজার টাকায়।
চাঁদপুরের মোহাম্মদ মুসলিম এ বাজারে প্রতি কেজি ৫৬০ টাকা এবং প্রতি পিস ৩০ টাকা দরে মিষ্টি বিক্রি করেন। তিনি বলেন, "বাড়িতে তৈরি মিষ্টি এনে এখানে বিক্রি করি। অন্য দিনগুলোয় বাংলামোটর এবং শুক্রবারে এই বাজারে বসি। এখানে ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে কেনাকাটা করতে।" তিনি জানান, এখানে আসা সব ব্যবসায়ীরই ভালো বিক্রি হয়।
এক দিনের লাভেই চলে জীবিকা
আরও পড়ুন: ডিএসইতে লেনদেন ২৬ শতাংশ বেড়ে ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বৃদ্ধি
ক্রেতাদের জন্য কম দামে পণ্য কেনার জায়গা হলেও বিক্রেতাদের কাছে শুক্রবারের বাজারটি আয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাদের অনেকেই সপ্তাহের বাকি দিনগুলোয় অন্য এলাকায় ব্যবসা করেন। কেউ প্রতিদিনের নির্দিষ্ট জায়গায় বসেন, আবার কেউ একাধিক স্থানে ঘুরে পণ্য বিক্রি করেন। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে দোকান সাজিয়ে বসা বিক্রেতাদের কাছে এ বাজার শুধু বাড়তি আয়ের জায়গা নয়, বরং অনেকের জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বনও। কারণ, এ মার্কেট থেকে এক দিনে যা আয় করা যায়, সপ্তাহের বাকি দিনগুলো থেকে তা অনেক বেশি।
ষাটোর্ধ্ব ফল বিক্রেতা কাজল মিয়া জানান, প্রায় এক যুগ ধরে তিনি এই হলিডে মার্কেটে ফল বিক্রি করছেন। এখানে তার বেচাকেনা বেশ ভালোই হয়। প্রতি কেজি ফলে ২০-৩০ টাকা লাভ করেন। অল্প লাভে বেশি বিক্রিতে বিশ্বাসী তিনি। তিনি পল্টন এলাকায় ফুটপাতে সপ্তাহের বাকি দিনগুলোয় ফল বিক্রি করেন। এ বাজারে দোকান বসাতে ফুটপাতের চেয়ে খরচ বেশি। কিন্তু অল্প লাভে বেশি বিক্রি করেন বলে খরচ বেশি হলেও তার দারুণ ব্যবসা হয়। এক দিন যা লাভ করেন, বাকি ছয় দিনেও তা হয় না বলে জানান কাজল।
দরদামে মেলে ভালো মানের পণ্য
এ বাজারে কেনাকাটার অন্যতম আকর্ষণ হলো দরদামের সুযোগ। তবে একদামের পণ্যও আছে। বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা গলা মিলিয়ে পুরুষদের টি-শার্ট বিক্রির জন্য ক্রেতাদের আকর্ষণ করছেন : একদাম ২০০, এক পিস ২০০—এমন হাঁকডাকে। নারীদের থ্রি-পিস ৫৫০ বা ৮০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে একদরের দোকান খুবই কম। বেশিরভাগ দোকানেই দরদাম ও পছন্দের মাধ্যমে পণ্য কেনা যায়।
আরও পড়ুন: গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬: ২৪০ স্টলে ১২ খাতের পণ্য, অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৬১ প্রতিষ্ঠান
পুলিশ সদস্য জামিল আহমেদ জানান, কদিন আগে ঢাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। এখানে দরদাম করলে অনেক পণ্যই কম দামে পাওয়া যায় শুনে তিনি স্ত্রী-সন্তানদের জন্য পোশাক কিনতে এসেছেন।
উত্তরা থেকে আসা অনিত ও রুনা, দুই ভাই-বোন, তারাও এ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন। বিভিন্ন দোকান ঘুরে তারা নানা পণ্য কিনেছেন। রুনা বলেন, "এখানে কম দামেই পণ্য পাওয়া যায়। কিন্তু দেখে-শুনে কিনলে অল্প দামে ভালো পণ্য পাওয়া যায়। আমিও কিনলাম; এখন বাসায় যাচ্ছি।"
আবুল হোসেন নামের এক ক্রোকারিজ ব্যবসায়ী বলেন, "আমি ছয় পিস চামচ ৬৮ টাকায় কিনে বিক্রি করছি ৮০ টাকা। অন্য দোকানে একই ধরনের চামচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আমি অল্প লাভে বিক্রি করি বলে সন্ধ্যা হওয়ার আগেই সব পণ্য শেষ হয়ে যায়। কোনো পণ্যেই ১৫-২০ টাকার ওপর লাভ করি না। অল্প লাভ করি বলে এক শুক্রবারেই আমার লাভ থাকে ২৫০০-৩০০০ টাকার মতো।"
দোকানপ্রতি দিতে হয় সর্বোচ্চ হাজার টাকা। ২০০৭ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন মতিঝিলের এই স্থানটি হকারদের জন্য বরাদ্দ দেয়। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ বাজারটির তদারকি শুরু করে। প্রায় দুই দশক ধরে প্রতি শুক্রবার বসা এ বাজারে পসরা সাজাতে ব্যবসায়ীদের ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া লাগে।
আরও পড়ুন: চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "আমি এই ফুটপাতেই প্রতিদিন ব্যবসা করে থাকি। শুক্রবারের জন্য আমার দেওয়া লাগে ৫০০ টাকা। বাকি দিনগুলোর জন্য ২৫০ টাকা করে দিতে হয়। এখানে এক দোকান বসাতে ৫০০ টাকা এবং দুই দোকান বসাতে এক হাজার টাকা দিতে হয়।"
তিনি বলেন, "এটা এক বছরের জন্য পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররাই প্রতিদিন ফুটপাতের এবং শুক্রবার বাজারের টাকা তোলেন। বাজারে দুই হাজারের বেশি দোকান বসে বলে দাবি করেন তিনি।"
ঘুরে ঘুরে শিশুদের খেলনা বিক্রেতা শরীয়তপুরের দেলোয়ার মগবাজারে থাকেন। তিনি এ বাজারে ‘পেজ বল’ নামের একটি খেলনা বিক্রি করছিলেন। তিনি জানান, এখানে খেলনা বিক্রি করতে তাকে ১০০ টাকা দিতে হচ্ছে।
ক্রেতাদের মধ্যে শিক্ষার্থী, চাকরিজীবী, পুলিশসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি যেমন রয়েছে, তেমনি এক দিনের বাজার হলেও এখানে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা জড়িয়ে আছে। ক্রেতারা কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ খুঁজছেন, আর বিক্রেতারা সীমিত পুঁজি ও সামান্য লাভে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। শুক্রবারের এই বাজার তাই শুধু কেনাবেচার জায়গাই নয়; নগর জীবনের ব্যস্ততার মধ্যে স্বল্প আয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক লড়াইয়েরও একটি চিত্র।
আরও পড়ুন: বাংলাদেশে পাট ও ওষুধ আমদানি বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন