০৩:৫৩ পি.এম
পিরোজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. মাজহারুল ইসলাম (২৫) নামে এক ট্রাকচালককে, যিনি বিএনপি নেতা ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। এই গ্রেপ্তারটি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল কর্তৃক করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টায় এসআরবি-৮ (বরিশাল) এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন
এসআরবি জানিয়েছে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শকসহ স্থানীয় এক বিএনপি নেতা নিহত ও ২ পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে ঘাতক ট্রাক চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআরবি -৮, সিপিএসসি, বরিশাল এবং এসআরবি-১, সিপিসি-৩, গাজীপুর এর যৌথ আভিযানিক দল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এস আই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, পিএসআই (নিরস্ত্র) জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রিকালীন ডিউটি পালনকালে ৩ আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে ২ ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।
এ সময় আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে পুলিশ দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দিলে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর, তদন্ত চলছে
পরে ট্রাক চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এস আই মো. মিজানুর রহমান ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫শ’ গজ সামনে টেনে নিয়ে পালিয়ে যায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আনুমানিক সকাল ৬টা ৪৭ মিনিটে এস আই মো. মিজানুর রহমানও মারা যান।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-১, সিপিসি-৩ এবং এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং অবশেষে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: গাজীপুর পুলিশ: শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর গুজব
গ্রেপ্তার চালকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন