১১:৫৬ পি.এম
নাটোর, ৪ জুলাই, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে। এই লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এই অবস্থান থেকে উত্তরণ সম্ভব। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশবাসীর ভাগ্যের পরিবর্তন করা। তিনি সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করে তার ভিত্তিতে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতের মত দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। যদি দলের কোনো নেতাকর্মী এই অনিয়মে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। অতীতে অনিয়মই ছিল নিয়ম, কিন্তু এই সংস্কৃতির ধারা থেকে আমরা বের হতে চাই। আমরা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন