০৩:১৩ এম
টিকটক, ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর বিজ্ঞাপন প্রচারের জন্য অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। প্ল্যাটফর্মটি জানায়, রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ টিকটকের আনুষ্ঠানিক বক্তব্য জানার জন্য যোগাযোগ করেছে।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে দ্য হলিউড রিপোর্টারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিট সম্প্রতি টিকটককে জানিয়েছে যে, তাদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত এই তথ্যচিত্রে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
এর আগে, তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের বিজ্ঞাপন মেটা ও ইউটিউব প্রত্যাখ্যান করেছিল। তবে পরে উভয় প্ল্যাটফর্ম বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটা জানায়, তাদের সিদ্ধান্তটি ছিল একটি ত্রুটির ফল।
আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট, ম্যাক্রোঁর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়নি। অন্যদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানায় আংশিকভাবে রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠান। এলিসন ও মাস্ক দুজনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক হিসেবে পরিচিত।
তথ্যচিত্রটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরে এটি আরো বিস্তৃত পরিসরে প্রদর্শন শুরু করেছে। আগামী বছর এইচবিওতে এটি স্ট্রিমিংয়ের জন্য আসার কথা রয়েছে। বর্তমানে এইচবিও প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অংশ। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন। সূত্র : সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন