১১:৫০ এম
ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল ব্রাজিল ও উরুগুয়েকে আমন্ত্রণ জানিয়ে একটি বড় আয়োজন করেছিল। কিন্তু এই উদ্যোগের ফলে ভারত বিপাকে পড়েছে। ব্রাজিল ও উরুগুয়ের জন্য দুটি প্রীতি ম্যাচের পুরো পারিশ্রমিক এখনও পরিশোধ করা হয়নি।
গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ভারত। উভয় ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। এর আগে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিপক্ষে একটি ম্যাচও খেলেছিল ভারত। পানামা পুরো পারিশ্রমিক বুঝে পেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত পাওনা অর্থের অর্ধেকই পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এআইএফএফের কাছে ব্রাজিলের জন্য প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের জন্য ৪ কোটি ৭০ লাখ রুপি দেনা রয়েছে। মূলত টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় এআইএফএফ আর্থিক সংকটে পড়েছে।
আরও পড়ুন: সিটির হার, ইউনাইটেড অবনমন জোনে, রিয়ালের জয়—ইউরোপিয়ান ফুটবলে আরও যা ঘটল
ভারত ম্যাচগুলো থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল। কিন্তু টিকিটের চড়া দামের কারণে দর্শকদের আগ্রহ প্রত্যাশার তুলনায় কম ছিল। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। ব্রাজিলের ম্যাচে একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার অফারও চালু করা হয়েছিল।
এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধের জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সভায় সদস্যরা এর বিরোধিতা করেন। তাদের যুক্তি ছিল, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও মনে করিয়ে দেন, নির্বাহী কমিটি স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল।
এই স্থায়ী আমানতটি প্রফুল প্যাটেলের সভাপতিত্বের সময় করা হয়েছিল। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি খতিয়ে দেখতে হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একটি অংশও ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। কারণ, ওই অর্থ ছিল শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম।
আরও পড়ুন: মিশর কোচ হোসাম হাসানকে সরিয়ে দিল
ভারতে প্রথমবার খেলতে এসে তারকাখচিত দল নিয়ে এসেছিল ব্রাজিল। দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির এস্তেভাও।
এত বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও ম্যাচ আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। দেনা পরিশোধের জন্য সময় বাড়ানোর আবেদনও তারা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন