১২:২১ পি.এম
ফ্রান্সে চলমান সহিংসতা ও দাঙ্গার পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবি তুলেছেন ন্যাশনাল র্যালি পার্টির নেতা জর্দান বারদেলা। তিনি দেশের বর্তমান অবস্থাকে ফ্রান্সের জন্য ‘অপমান’ হিসেবে চিহ্নিত করেছেন।
বারদেলা রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন, ‘আজ সন্ধ্যায় আমি আশা করছি, ম্যাক্রোঁ ক্ষমা চাইবেন এবং চলে যাবেন।’
তিনি বলেন, কয়েক দশকের উদাসীনতা, সরকারের কর্তৃত্ব হারানো এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মনোবল ও সক্ষমতা দুর্বল হয়ে পড়ার ফলস্বরূপ এখন ফ্রান্সকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির জেগে ওঠা এবং সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: শক্তিশালী ডানপন্থি সরকার গঠন করতে হবে: নেতানিয়াহুর আহ্বান
গত ১৭ অক্টোবর, জ্বালানির মূল্যবৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে প্রায় আট লাখ মানুষ অংশগ্রহণ করে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বিক্ষোভকারীর সংখ্যা ছিল পাঁচ লাখ ৫০ হাজার।
বিভিন্ন শহরে এই বিক্ষোভ একপর্যায়ে দাঙ্গা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, দেশজুড়ে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তথ্যসূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন