০৯:১৪ পি.এম
রেকর্ড পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে মালিকপক্ষ টাটা সান্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে প্রায় ১.৫ বিলিয়ন ডলার চেয়েছে এয়ার ইন্ডিয়া। ২০২২ সালে সাবেক এই রাষ্ট্রীয় সংস্থাকে টাটা গোষ্ঠী অধিগ্রহণ করার পর থেকে এটি এয়ার ইন্ডিয়ার বৃহত্তম তহবিল আবেদনের একটি।
মার্চে শেষ হওয়া অর্থবছরে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যৌথভাবে প্রায় ২.৩৩ বিলিয়ন ডলার লোকসান গুনেছে, যা আগের বছরের চেয়ে দ্বিগুণ। অভ্যন্তরীণ এই সংকট বর্তমানে অংশীদার সিঙ্গাপুর এয়ারলাইন্সের মুনাফায়ও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করার প্রস্তাব থাকলেও এয়ার ইন্ডিয়া দ্রুতই এই মূলধন চেয়েছে, যা বাস্তবায়নে ২৫ শতাংশ শেয়ার থাকা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সম্মতিও জরুরি।
বিদ্যমান বিমানগুলোর আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ সংস্কার চালাতে গিয়ে এয়ার ইন্ডিয়া বহুমাত্রিক সমস্যার মুখোমুখি হচ্ছে। এর ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুটের বিপর্যয় এবং একটি মারাত্মক বিমান দুর্ঘটনা এয়ারলাইন্সটির সংকট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্ষতি কমাতে ও খরচ কমানোর উদ্দেশ্যে এয়ারবাস এবং বোয়িং থেকে শত শত বিমান সরবরাহের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন