শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৩ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী মন্দির স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের লেকের (মুগ্ধ সরোবর) সর্বউত্তরের পূর্ব পাশে সীমানাপ্রাচীরসংলগ্ন একটি স্থান নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত স্থানের বাইরে ‘অনুমোদনহীন’ ইটের দেয়াল নির্মাণ করে পাকা স্থাপনা তৈরির কাজ শুরু করায় প্রশাসন তা বন্ধের নির্দেশ দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) অনুমোদনহীন ‘কেন্দ্রীয় মন্দির’ নামে নির্মাণাধীন স্থাপনার কাজ স্থগিত করা হয়। প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অস্থায়ী মন্দির স্থানান্তরসংক্রান্ত গঠিত কমিটির দ্বিতীয় সভায় নতুন স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের লেকের সর্বউত্তরের পূর্ব পাশে সীমানাপ্রাচীরসংলগ্ন স্থানটি অস্থায়ী মন্দির স্থাপনের জন্য নির্ধারণ করা হয়।
তবে সেখানে ‘কেন্দ্রীয় মন্দির ইসলামী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে প্রশাসনের অনুমতি ছাড়াই স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ইবি পূজা উদ্যাপন পরিষদের বিরুদ্ধে। সেখানে ইটের গাঁথুনি দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু হলে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে বিকেলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থায়ী মন্দির স্থাপনের কাজ বন্ধ করে দেন।
এ নিয়ে উপাচার্য বরাবর অনুমোদনহীন মন্দির নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়া। পরবর্তী সময়ে শাখা সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, মন্দির ইস্যুতে ইবি প্রশাসন শনিবারে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে। আশা করছি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখার সিদ্ধান্তই নেবে। প্রশাসনের নিয়ম ভঙ্গ করে অবৈধ স্থাপনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করে তুলেছে। এ জন্য অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে এবং ভবিষ্যতে যেন এ রকম দুঃসাহস কেউ না দেখায়।
মন্দিরের বিষয়ে জানতে চাইলে পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার বলেন, আমরা ইবি থানা-সংলগ্ন একটি খোলা জায়গায় পূজা করতাম। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি পরিবর্তন করে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। পরে আমরা নতুন জায়গায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পূজা করার মতো পরিবেশ তৈরি করি। জায়গাটি নিচু হওয়ায় ইটের গাঁথুনি দিয়ে উঁচু করা হয়। তবে এটি স্থায়ী মন্দির নয়। প্রশাসন বিকেলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিছুটা বর্ধিত নির্মাণকাজের জন্য প্রশাসনের অনুমোদন নেওয়া হয়নি। প্রশাসনের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার মো. আলীমুজ্জামান টুটুল বলেন, প্রক্টর ঘটনাস্থলে গিয়ে সব কাজ বন্ধ করে দিয়ে এসেছেন। আপাতত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব ছোট একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও একেবারে সীমানাঘেঁষা। কিন্তু তারা নির্ধারিত জায়গার চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। এ কারণেই প্রক্টর সেখানে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, আমাদের না জানিয়েই তারা নিজেদের মতো করে কাজটি করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশাসন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলেছে। আশা করছি, প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ইতোমধ্যে প্রক্টরকে বিষয়টি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা অস্থায়ীভাবে পূজা উদ্যাপনের জন্য একটি জায়গা তাদের ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তবে ওই জায়গার বাইরে ইটের দেয়াল নির্মাণ করে ওপরে টিন দিয়ে স্থাপনা তৈরির কোনো অনুমতি দেওয়া হয়নি। শুরু থেকেই বিষয়টি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।
তিনি আরও বলেন, বিষয়টি আজ আমাদের নজরে এসেছে। জানার পরপরই প্রক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদিত জায়গার বাইরে কোনো স্থাপনা করা যাবে না। ইতোমধ্যে তাদের জানানো হয়েছে, যেটুকু নির্মাণ করা হয়েছে, তা দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে নির্মাণাধীন মন্দিরটি বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্য ও পুলিশের পাহারায় রয়েছে। প্রশাসন খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। তবে এর প্রতিবাদে বাদ জুমা ‘লাইট অফ কুরআন’ নামক একটি প্ল্যাটফর্ম মানববন্ধনের ডাক দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নার্সের মাধ্যমে ডেলিভারি এবং অবশেষে নবজাতকের মর্মান্তিক মৃত্যু; অন্যদিকে মায়ের অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়া রিপোর্ট তৈরি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের সর্বদলীয় প্রতিনিধি ও সাধারণ জনগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন। এসময় সাংবাদিক ভাইগন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উপস্থিত হয়ে। একটি পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও ঘটনা স্থলে উপস্থিত হোন।
তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী পরিবারের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ১ লাখ টাকা প্রদান করেছে এবং পরবর্তী চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের সম্মতি দিয়েছে।
তবে প্রশ্ন একটাই—চিকিৎসার নামে এমন অবহেলা আর কত প্রাণ কেড়ে নেবে? কোনো হাসপাতালই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার রাখে না। শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
মানুষের জীবনের চেয়ে বড় কিছু নয়। চিকিৎসার নামে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার ১০টি পয়েন্টে প্রতি শুক্রবার বিশেষ ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। কার্যক্রমটি আগামী ৩ মাস অব্যাহত থাকবে।
সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহের এ সুযোগ গ্রহণে নারায়ণগঞ্জের সকল গার্মেন্টস শ্রমিককে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, মোঃ রায়হান কবির আর ও অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি ব্যস্ত অঞ্চলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। হামলাকারী, পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর, পরে নিজের গুলিতেই আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী হলেন ৫৫ বছর বয়সী ম্যাট ল্যামবার্ট। প্রথমে তিনি ৪৬ বছর বয়সী ভবন ব্যবস্থাপক জেমস স্টুয়ার্টকে লক্ষ্য করে ভবনের ব্যায়ামাগারে গুলি চালান। এরপর তিনি নিজের সপ্তম তলার বাসায় ফিরে বারান্দা থেকে গুলি করে আরও চারজনকে আহত করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশের দাবি, ল্যামবার্টের বাসায় ছাঁচ এবং স্যাঁতসেঁতে সমস্যা নিয়ে ভবনের মালিক সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশের সঙ্গে আলোচনার এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। এরপর পুলিশ বাসায় প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ ওই বাসা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং পেট্রল উদ্ধার করেছে। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাইকেল ক্যারিকের বিদায়ের পর নতুন কোচ নিয়োগের অপেক্ষায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন। পর্তুগিজ এই মিডফিল্ডার ক্লাবের দ্বিতীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন নতুন চুক্তির জন্য। এর ফলে ওল্ড ট্রাফোর্ডে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত রয়েছে। গত গ্রীষ্ম থেকেই ফার্নান্দেজ ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছেন। প্রথম প্রস্তাব প্রত্যাখ্যানের পর ক্লাব এবার বেতন ও চুক্তির মেয়াদ বাড়িয়ে দ্বিতীয় প্রস্তাব দিয়েছিল। তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ৩২ বছর বয়সী এই ফুটবলার নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন। দুই পক্ষই চুক্তি নবায়নে আগ্রহী হলেও আর্থিক শর্ত ও চুক্তির মেয়াদ নিয়ে মতপার্থক্য বিদ্যমান।
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফার্নান্দেজের বড় অঙ্কের বেতন দাবি অযৌক্তিক নয় বলে মনে করা হচ্ছে। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন তিনি। এফডব্লিউএ ফুটবলার অব দ্য ইয়ার, প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন এবং পিএফএ প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কারও জিতেছিলেন।
তবে ইউনাইটেড বর্তমানে খেলোয়াড়দের বেতন ব্যয় কমানোর চেষ্টা করছে। এজন্য ৩২ বছর বয়সী একজন খেলোয়াড়কে বড় অঙ্কের বেতন ও দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়ার ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ সতর্ক। অন্যদিকে, দলের সাম্প্রতিক অস্থিরতাও ফার্নান্দেজের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার ইউনাইটেড ক্যারিককে বরখাস্ত করেছে। তাঁর উত্তরসূরি হিসেবে মরিসিও পচেত্তিনোকে নিয়োগের প্রক্রিয়াও চলছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি মাত্র তিনটি জয় পেয়েছে। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা অবনমন অঞ্চলে রয়েছে।
এমন পরিস্থিতিতে জানুয়ারিতে ফার্নান্দেজের ভবিষ্যৎ নতুন করে আলোচনায় আসতে পারে। চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করলে বিদেশি ক্লাবগুলোর সঙ্গে সম্ভাব্য ফ্রি ট্রান্সফার নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন তিনি। তবে ইউনাইটেডের হাতে তাঁর চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে। সেটি কার্যকর হলে ২০২৮ সালের জুন পর্যন্ত তিনি ওল্ড ট্রাফোর্ডে থাকতে পারবেন।
ক্যারিকের বিদায়ের পর দলের নেতৃত্ব ও মাঠের পারফরম্যান্সে ফার্নান্দেজের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ দুই ম্যাচে তিনি চারটি গোলে অবদান রেখেছিলেন। এখন নতুন কোচের অধীনে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে ইউনাইটেড অধিনায়ককে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ