১১:৪১ পি.এম
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর পৌরসভা শাখার উদ্যোগে গণ-সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে শিবচর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান-কে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা কৃষকদল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শিবচর পৌর বিএনপির সভাপতি মো. আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাহান্দার আলী জাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, “গত ১৭ বছর আপনারা নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এখন কেউ যদি দলের বাইরে থেকে অযথা ছোটাছুটি করেন, তাহলে সেই ত্যাগের মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে। যারা বিভিন্ন কারণে দলের বাইরে রয়েছেন, তাদের সবাইকে বিএনপির ছায়াতলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। দলের সঙ্গে থাকলে ১৭ বছরের ত্যাগ ও অবদান অবশ্যই দল মূল্যায়ন করবে।”
আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত
তিনি আরও বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।
সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন