০২:৫১ পি.এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার অসলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা’ সম্পন্ন করেছেন।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা উল্লেখ করেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: হরমুজে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা এবং যুদ্ধ বন্ধে জেলেনস্কির ওপর চাপ প্রয়োগের পর, ট্রাম্পের অবস্থানের প্রেক্ষিতে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সৃষ্ট দূরত্ব কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে অসলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে জেলেনস্কির এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অসলোর বৈঠকের পর, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব তুলে ধরেছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সমন্বিত কৌশল নির্ধারণে পক্ষগুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা
ওই কর্মকর্তা জানান, অসলোর আলোচনায় অর্জিত অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কিয়েভ, মস্কো ও ওয়াশিংটনের সরাসরি ত্রিপক্ষীয় আলোচনার পথ তৈরি করাই পুতিনের সঙ্গে উইটকফের বৈঠকের লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি থাকলেও আজকের আলোচনা অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে পক্ষগুলোর মধ্যে জোরালো সহযোগিতা এবং একটি পূর্ণাঙ্গ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার অভিন্ন সংকল্পের প্রতিফলন ঘটেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন