মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি
০৩:৪২ পি.এম
নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে কীটনাশক (বিষ) পান করে জাহিদুল খান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের ধারণা, ঋণের চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই এলাকার মো. হুমায়ূন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করেন জাহিদুল। পরে বাড়ির পেছনের ধানক্ষেতের আইলে গিয়ে অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় প্রতিবেশী জামেলা খাতুন তাকে দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো কাজ করতেন না। তিনি স্থানীয় ব্যক্তি ও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুনরায় স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন। তবে ঋণ না পেয়ে বাড়িতে ফিরে আসেন। ধার করা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তাদের ধারণা, এ কারণেই তিনি কীটনাশক পান করেছেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও মূল্যবান ধাতুটি টানা দ্বিতীয় সপ্তাহের জন্য দরপতনের মুখোমুখি হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। শুক্রবারের বাজারে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর মাসের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রেখেছিল, যা ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ০৪১৯ জিএমটি পর্যন্ত স্পট স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত ছিল। এই সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ১৮৪ দশমিক ৪৫ ডলার। চলতি সপ্তাহে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার চুক্তির দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২১৪ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের ওপর সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের উচ্চ সুদহার। যখন ডলার শক্তিশালী হয়, তখন অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনার খরচ বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতুটির চাহিদা কমে যায়। শুক্রবার ডলার কিছুটা কমলেও এটি আগের দিনের ১৭ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি ছিল এবং চলতি সপ্তাহে প্রায় ১ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।
অন্যদিকে, মার্কিন ট্রেজারি বাজারে সাম্প্রতিক সময়ে সুদহার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বৃহস্পতিবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫ দশমিক ৩৪৪ শতাংশে পৌঁছে ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহারও বহু বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। উচ্চ সুদহারের কারণে সুদবিহীন সম্পদ স্বর্ণের তুলনামূলক আকর্ষণ কমে যায়।
তবে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির তুলনামূলক নরম তথ্য স্বর্ণের দরপতনের গতি কিছুটা সীমিত করেছে। আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় অক্টোবরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাজারে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারের বাজারে অক্টোবরে সুদহার বৃদ্ধির সম্ভাবনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যারা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
শুক্রবার (২ অক্টোবর) এয়ারপোর্ট থানার পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ এবং শ্রীপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় পূর্ব লন্ডনের 'আড্ডা ঘর' রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান। এরপর সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের কল্যাণে অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও চট্টগ্রামবাসীর প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, বিমানবন্দরসহ দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তিনি নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করার লক্ষ্যে চট্টগ্রামের সকল সংসদ সদস্যকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, "প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দেশে যাতায়াতকালে কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হন এবং যথাযথ সম্মান পান, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।" কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, সেতুর কাজ দ্রুত দৃশ্যমান করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং চট্টগ্রামের উন্নয়নে সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন বড়ুয়া, মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, রাজনীতিবিদ মোহাম্মদ মোন্না খালেক, মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, এইচঅ্যান্ডএইচ গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জিয়াদ্দিন বাবলু, সায়েদ এ এম সাইফুল ইসলাম, সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান এবং মোহাম্মদ সিফাত প্রমুখ।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন। একই সাথে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলায় মাদক, অনলাইন জুয়া, প্রতারণা ও শিশুদের নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের সময় উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা জামে মসজিদে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে শিশু-কিশোরদের মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখা, জমিজমা নিয়ে বিরোধে না জড়ানো এবং পানিতে পড়ে শিশুদের মৃত্যু রোধে অভিভাবকদের সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিকাশসহ বিভিন্ন ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকা এবং পিতা-মাতার প্রতি সদয় আচরণের বিষয়েও মুসল্লিদের সচেতন করা হয়।
এ সময় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ ও সেগুলো প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মুসল্লি মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ