ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওরাবুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওরাবুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় উপজেলার আকনেরহাট বাজারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাওলানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, কাঁঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আনোয়ার ও মাওলানা জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দলীয় আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে মা ইলিশ রক্ষায় ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


চরফ্যাশনে মা ইলিশ রক্ষায় ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন জীবিকা সংকটে পড়া প্রান্তিক জেলেদের সহায়তায় ভোলার চরফ্যাশনে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে জেলেদের মাঝে এই চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় জেলেদের পরিচয়পত্র ও কার্ড যাচাই করে প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চরফ্যাশন উপজেলার নিবন্ধিত ৩৫ হাজার ৬৫৬ জন প্রান্তিক জেলে ও মাঝি-মাল্লার জন্য ২৫ কেজি করে মোট ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
চাল পেয়ে জিন্নাগড় ইউনিয়নের জেলে হারুন মোল্লা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘদিন নদীতে ইলিশের তেমন দেখা পাইনি। এখন ইলিশ আহরণের সম্ভাবনাময় সময় এলেও মা ইলিশ রক্ষায় আমরা সরকারি নির্দেশনা মেনে মাছ ধরা থেকে বিরত রয়েছি। নিষেধাজ্ঞার এই ২২ দিন জাল ও নৌকা মেরামতের কাজে লাগাব। সরকারের খাদ্যসহায়তা আমাদের এই সংকটের সময়ে কিছুটা স্বস্তি দেবে। সবাই নিয়ম মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাও উপকৃত হবেন।”
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক জয়ন্ত কুমার অপু বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলেদের মাঝে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্যসংকটে না পড়েন, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলতে জেলেদের সচেতন করা হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন হলে ভবিষ্যতে মাছের উৎপাদন ও জেলেদের আয় বাড়ার সম্ভাবনা তৈরি হবে।”
নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও পুনর্বাসন প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। চরফ্যাশনের তালিকাভুক্ত জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যেন সরকারি নির্দেশনা মেনে চলেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নদী ও সাগরে প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান ও সার্বক্ষণিক বিশেষ টহল অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ড্রেজার থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে মো. শহিদুল ইসলাম সুমন হাওলাদার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন হাওলাদারের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের নতুন নলবুনিয়া এলাকায় মাওলানা জলিল মুফতি সাহেবের বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন হাওলাদার মাটিভাঙ্গা গ্রামের মো. আলী আকবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ড্রেজার ব্যাবসায়ী মোঃ সোহেল এর কাছ থেকে বুধবার রাতে সুমন সাড়ে ৪ হাজার টাকা চাঁদা নেয়। পরে আরও চাঁদা দাবি করলে ড্রেজারের মালিক টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় ড্রেজারটি ভাঙচুর করে সুমন। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে সুমন ফের ড্রেজার থেকে চাঁদার টাকা নিতে গেলে মালিক ও কর্মচারীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সুমন হাতে থাকা দা দিয়ে তাদের কোপানোর চেষ্টা করলে তারা তার কাছ থেকে দা কেড়ে নেন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এতে সুমনের দুই পায়ে গুরুতর রক্তাক্ত জখম এবং মাথায় কোপের আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও ড্রেজারের কর্মচারীরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি সুমন হাওলাদারকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না: এলজিআরডি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : দেশের কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্য তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। যখন মানুষকে রাজধানীতে এসে ছোটখাটো সেবা নিতে হয়, তখন স্থানীয় সরকার ব্যবস্থার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। জনগণের জন্য প্রয়োজনীয় সেবা তাদের নিজ নিজ এলাকায় বসেই পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, ঢাকামুখী মানুষের চাপ কমাতে হলে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষমতাবান করতে হবে। রাজধানীতে কেন মানুষ আসে, সেই প্রশ্নের গভীরে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। যদি প্রত্যন্ত এলাকার মানুষকে জন্মনিবন্ধনের মতো সাধারণ সেবা পেতে মন্ত্রণালয়ে আসতে হয়, তাহলে তা দেশের শাসনব্যবস্থার কাঠামোগত সমস্যারই বহিঃপ্রকাশ।

তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব না দেওয়া হলে, মানুষকে সব কাজের জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হবে। প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত হলে, মানুষকে প্রয়োজনীয় কাজের জন্য ঢাকায় আসতে হবে না।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যেকোনো উদ্যোগের বাস্তবায়ন সবচেয়ে কঠিন ধাপ। প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে যারা কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাতে হবে, বিশেষ করে বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের। এই প্রকল্পের সাফল্য ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে নতুন কার্যকর প্রকল্প গ্রহণের পথ তৈরি করবে।

তিনি বলেন, কোনো প্রকল্প গ্রহণ ও শেষ করাই যথেষ্ট নয়; প্রকল্প বাস্তবায়ন থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা ভবিষ্যৎ উদ্যোগে কাজে লাগাতে হবে। প্রকল্প যাদের জন্য গ্রহণ করা হয়েছে, তাদের মধ্যে প্রকল্পটির মালিকানা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে মানুষকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে বসবাসের সুযোগ দিতে হবে এবং স্থানীয় পর্যায়েই তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নাগরিক সেবা— সব ক্ষেত্রেই স্থানীয় পর্যায়ে সক্ষমতা বাড়ানো জরুরি।

ড. আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মৌলিক ভিত্তি। গণতন্ত্র শুধু কেন্দ্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলে হবে না; এর ভিত্তি গড়ে তুলতে হবে তৃণমূল পর্যায় থেকে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়েই একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি আরো মজবুত করা সম্ভব।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের আরো বেশি সুযোগ দিতে হবে। সংরক্ষিত আসনের পাশাপাশি ভবিষ্যতে নারীদের সাধারণ আসনেও পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি হিসেবে উঠে আসার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা এবং নারীর ক্ষমতায়ন— তিনটিই শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে এ উদ্যোগ আরো গতিশীল হবে এবং তৃণমূল থেকে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের প্রধান জ্যঁ পেসমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ফাঁসির দড়ির ভয়ে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


শেখ হাসিনা ফাঁসির দড়ির ভয়ে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবেন না, ফাঁসির দড়ির ভয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ চিরতরে ‘ক্ষমার অযোগ্য’। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিচার সম্পন্ন হওয়ার আগে দলটির পুনর্বাসন বা তথাকথিত ‘রিকনসিলেশন’-এর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহ্যবাহী উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানান, আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, তার মূল নির্দেশদাতা শেখ হাসিনা। তিনি বলেন, "একটা মানুষ এত বোকা হতে পারে না যে, যার জন্য আদালতে ফাঁসির দড়ি প্রস্তুত রাখা আছে, সে দেশে ফিরে নিজে সেই দড়িতে ঝুলবে!" তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়েছেন আত্মরক্ষার জন্য, বাংলাদেশে ফেরার জন্য নয়। তিনি যদি সত্যিই দল বা রাজনীতিকে ভালোবাসতেন, তবে বলতেন ‘আমি জেলে যেতে রাজি, তাও দেশ ছাড়ব না’।

আওয়ামী লীগের ক্ষমা চাওয়া ও রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে রাশেদ খান মন্তব্য করেন, "আওয়ামী লীগ ক্ষমা চাইল কী চাইল না, তাতে এ দেশের ভুক্তভোগী জনগণের কিছু যায় আসে না।" তিনি বলেন, "তাদের অপরাধ ক্ষমার অযোগ্য।" বর্তমানে যারা রিকনসিলেশন বা সমঝোতার বয়ান তৈরি করছেন, তারা মূলত ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যাকারীদের ফিরিয়ে আনার চক্রান্ত করছেন। জনগণ এই চালাকি বুঝে ফেলেছে। তিনি বলেন, "দল হিসেবে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে, এর আগে কোনো আলোচনার সুযোগ নেই।"

রাশেদ খান জামায়াতে ইসলামী এবং জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জামায়াতের আমীর অভ্যুত্থানের এক মাসের মধ্যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে চেয়েছিলেন। তিনি বলেন, "ক্ষমতার জন্য জামায়াত আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা করবে না।" তিনি আবরার ফাহাদ হত্যা মামলায় জামায়াত নেতা শিশির মনীরের ভূমিকা উল্লেখ করে বলেন, "জুলাইয়ের উত্তাল দিনে এরা প্রোফাইল লাল পর্যন্ত করেনি। এই লজ্জা শিবির কীভাবে ঢাকবে?"

সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর কঠোর সমালোচনা করে তিনি বলেন, "জুলাই শহীদদের তাজা রক্ত মাড়িয়ে সারজিস ও হাসনাত আবদুল্লাহরা কীভাবে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন?" তিনি বলেন, "তারা পারলেও আমরা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো আপস করতে পারি না।"

গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, হাসিনা খেদাও আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। তিনি জানান, রাজপথে অকাতরে জীবন বিলিয়ে দেওয়া এই নেতাকর্মীদের অবদান জনগণের কাছে পৌঁছে দিতেই তিনি দেশব্যাপী জুলাই শহীদদের মাজার জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করছেন।

এর আগে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%