ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

কলকাতায় মাহি, নিউইয়র্কে সাইমন, তবুও মুক্তি পাচ্ছে 'আনন্দ অশ্রু'


কলকাতায় মাহি, নিউইয়র্কে সাইমন, তবুও মুক্তি পাচ্ছে

নায়িকা মাহিয়া মাহি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন, অপরদিকে নায়ক সাইমন সাদিক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। দুজনের কেউই দেশে নেই, তবে তাদের অনুপস্থিতি নতুন সিনেমা মুক্তিতে কোনো বাধা সৃষ্টি করছে না। দীর্ঘ অপেক্ষার পর সাইমন-মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক আগামী ১৩ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন।

দেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও সিনেমার প্রচারণা নিয়ে নির্মাতা খুব একটা উদ্বিগ্ন নন। তিনি মনে করেন, সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাবে এবং দর্শকরা এর মূল্যায়ন করবেন।

মাহিয়া মাহি একসময় ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ছিলেন। তবে গত দুই বছরে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। সর্বশেষ তিনি ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হয়েছিলেন। এর আগে ‘বুবুজান’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী। নির্বাচনে পরাজয়ের পর তিনি অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এরপর থেকে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে পোস্টের মাধ্যমে আলোচনায় এলেও ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর সামনে আসে।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল

অন্যদিকে, ২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইমন সাদিক। এরপর থেকে তিনি দেশে ফেরেননি। এই সময়ের মধ্যে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তার অভিনয়ের খবরও প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর এবার মাহির সঙ্গে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন, সিঙ্গেল স্ক্রিনে ৩৪টি প্রদর্শনী চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে কতটি প্রদর্শনী পাওয়া যাবে, তা আজ-কালের মধ্যে জানা যাবে।

নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকায় প্রচারণায় কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও তারা ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এমনিতেও দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারণা চালান। তারা না থাকায় তাই খুব একটা সমস্যা মনে করছি না। তা ছাড়া ছবিটি বেশ কিছুদিন ধরে মুক্তি দেব দেব করেও দেওয়া হচ্ছিল না। এখন ভাবছি, আর দেরি না করি। দর্শকের জন্য বানানো ছবি তাদের কাছে পৌঁছে দিই, তারা দেখে বলুক, কেমন লাগছে।’

উল্লেখ্য, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র সঙ্গে নামের মিল থাকলেও নতুন সিনেমাটি পুরোনোটির কোনো সিক্যুয়াল নয়। ছবিটি সম্পূর্ণ মৌলিক ও ভিন্ন গল্পে নির্মিত হয়েছে। পরিচালক একে আখ্যা দিয়েছেন ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা হিসেবে।

আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ‘নসীব’ সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাদের মতামত জানাবেন।’

পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান মানিকের এটি ১২তম সিনেমা। প্রায় দুই বছর আগে ছবিটির সেন্সরসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। তবে মুক্তির উপযুক্ত সময়ের অপেক্ষায় এত দিন সিনেমাটি আটকে ছিল। অবশেষে অভি কথাচিত্রের পরিবেশনায় প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন। নতুন ‘আনন্দ অশ্রু’তে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।

আরও পড়ুন: ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


ইরান আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে

ইরান আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বুধবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

তেহরান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দেয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইআরজিসি ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলেও উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান জানায়, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।

গত মার্চের শেষ দিকে, আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। দেশটির এই সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানান ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।

আর্জেন্টিনার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হন।

এদিকে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের প্ররোচনায় আর্জেন্টিনা এই সিদ্ধান্ত নিয়েছে। তেহরান তখন এই পদক্ষেপকে ‘কৌশলগত ভুল ও ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করেছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন গ্রেফতার

কুমিল্লার হোমনায় আলোচিত তিনজনের হত্যার ঘটনায় প্রায় ১১ মাস পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইজনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হোমনা উপজেলার মনিপুর গ্রামের চান মিয়া সওদাগরের ছেলে শহিদ উল্লাহ (৪০) এবং খলিল ভূইয়ার ছেলে কাউছার মিয়া (২৮)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।

পুলিশের সূত্রে জানা গেছে, ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পাপিয়া আক্তার সুখীর স্বামী জহিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করেছে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজনের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি রাতে হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির দুটি কক্ষে ঢুকে তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং পাঁচ বছর বয়সী ভাতিজা জুবায়েরকে গলা কেটে হত্যা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি লাইব্রেরিতে ৩০ লাখ টাকা বরাদ্দ, বই রাখার জায়গার অভাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


কুবি লাইব্রেরিতে ৩০ লাখ টাকা বরাদ্দ, বই রাখার জায়গার অভাব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরির জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বই সংগ্রহের জন্য বরাদ্দ থাকলেও লাইব্রেরিতে সেগুলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। স্থানসংকটের কারণে নতুন ও পুরোনো বই স্তূপ করে রাখতে হচ্ছে। এমনকি শিক্ষকদের জন্য নির্ধারিত কক্ষে বই রাখা হচ্ছে।

তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ২৪ হাজার ৭৩৮টি বই রয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে নতুন যুক্ত হয়েছে ৬৬০টি বই। নতুন বই সংগ্রহের উদ্যোগ অব্যাহত থাকলেও জায়গার অভাবে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। লাইব্রেরির কাউন্টারের পেছনে প্রায় দুই থেকে তিন হাজার বই রাখা হয়েছে।

এদিকে, লাইব্রেরিতে পর্যাপ্ত আসন ও বই না থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাওজিয়া ফারিহা মন্তব্য করেন, "আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে স্টুডেন্ট এর সংখ্যা অনুযায়ী যথেষ্ট পরিমাণ আসন নেই। অনেক সময় আমরা যেয়ে বসার জায়গা পাই না। এছাড়া তেমন বইও নেই। এটি খুবই হতাশাজনক।"

শিক্ষার্থী সাইদুল ইসলাম জানান, লাইব্রেরিতে বর্তমানে শূন্য জায়গার অভাব রয়েছে। পর্যাপ্ত জায়গার অভাবে লাইব্রেরির একই কক্ষে সাজানো হয়েছে কম্পিউটার ল্যাব এবং পড়ার টেবিল। বইয়ের নতুন কোনো আলমারি বসানোর জন্য ফাঁকা জায়গা নজরে পড়ছে না। পত্রিকা ও সাময়িকী রাখার তাকটির জায়গা হয়েছে লাইব্রেরির বাইরের কক্ষে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো. মহিউদ্দিন আলম বলেন, "এবছর নতুন করে ৬৩২টি বই অর্ডার দেওয়া হয়েছে। তবে লাইব্রেরিতে পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাক কাউন্টারের পেছনে প্রায় ২-৩ হাজার বই রাখা হয়েছে।"

স্থানসংকটের কারণে ভবিষ্যতে নতুন বই কেনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, "পরবর্তী সেশনে নতুন বই কিনতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ আছে।"

লাইব্রেরির জায়গা সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, "লাইব্রেরির জন্য জায়গা সম্প্রসারণ করার সুযোগ নেই। যতদিন না পর্যন্ত আমরা নতুন ক্যাম্পাসে যেতে পারছি ততদিন পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানীরা জানালেন, যে কারণে দ্রুত বুড়িয়ে যায় বড় জাতের কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বিজ্ঞানীরা জানালেন, যে কারণে দ্রুত বুড়িয়ে যায় বড় জাতের কুকুর

ছোট জাতের কুকুরের তুলনায় বড় জাতের কুকুরের আয়ু সাধারণত কম হয়ে থাকে। তারা দ্রুত বৃদ্ধির দিকে এগিয়ে যায়, বয়সজনিত রোগে বেশি আক্রান্ত হয় এবং তুলনামূলকভাবে কম বয়সে মারা যায়। এতদিন ধরে পরিচিত এই প্রবণতার পেছনের কারণ খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। একটি নতুন গবেষণায় দেখা গেছে, বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার পেছনে ডিএনএর বিশেষ পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ৮৯৪টি কুকুরের ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে ডগ এজিং প্রজেক্ট থেকে।

গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সাথে সাথে কুকুরের ডিএনএ মিথাইলেশন কমতে থাকে। বিশেষ করে, লাইন-১ (LINE1) নামক একটি ধরনের জাম্পিং জিনের ওপর নিয়ন্ত্রণের মাত্রা দুর্বল হয়ে পড়ে। এই জিনগুলো ডিএনএর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে অথবা নিজেদের অনুলিপি তৈরি করতে সক্ষম। এর ফলে ডিএনএর ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়।

গবেষকদের মতে, বড় কুকুরের ক্ষেত্রে এই জিনগুলোর নিয়ন্ত্রণ দ্রুত হ্রাস পায়। কুকুরের জিনোমে লাইন-১ সংশ্লিষ্ট ৪০ শতাংশের বেশি অঞ্চলে বয়স বৃদ্ধির সাথে সাথে মিথাইলেশন হ্রাস পেয়েছে। তবে বড় কুকুরের ক্ষেত্রে এই হ্রাসের হার ছোট কুকুরের তুলনায় বছরে প্রায় ৩৫ শতাংশ বেশি দেখা গেছে।

গবেষণার জ্যেষ্ঠ লেখক ও বিবর্তনীয় জীববিজ্ঞানী নোয়াহ স্নাইডার-ম্যাকলার মন্তব্য করেন, "একই প্রজাতির মধ্যে আয়ুর এত পার্থক্য থাকায় বার্ধক্য বোঝার জন্য কুকুর একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র।"

গবেষণার সহলেখক ব্লেইস মেরিনারের মতে, জাম্পিং জিনের ওপর নিয়ন্ত্রণের হ্রাস বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, যেসব কুকুরের এপিজেনেটিক বয়স প্রত্যাশার চেয়ে বেশি, তাদের মৃত্যুর ঝুঁকিও বেশি। বড় আকারের ও পুরুষ কুকুরের মধ্যে দ্রুত বার্ধক্যের আণবিক লক্ষণ তুলনামূলকভাবে বেশি পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে তাদের ধারণা, জাম্পিং জিনের কার্যক্রম নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবন করা গেলে কুকুরের পাশাপাশি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সময়ও বাড়ানোর সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। সূত্র: ইয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%