০১:৫৩ পি.এম
ইরান আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বুধবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
তেহরান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দেয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইআরজিসি ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলেও উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা
ইরান জানায়, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরো বলা হয়, এই সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।
গত মার্চের শেষ দিকে, আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। দেশটির এই সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানান ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।
আর্জেন্টিনার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হন।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
এদিকে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের প্ররোচনায় আর্জেন্টিনা এই সিদ্ধান্ত নিয়েছে। তেহরান তখন এই পদক্ষেপকে ‘কৌশলগত ভুল ও ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করেছিল।
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন