ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজী নজরুলের বিরুদ্ধে মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলা ডিবিতে


গাজী নজরুলের বিরুদ্ধে মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলা ডিবিতে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি এখন তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান উল্লেখ করেছেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় এটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের কার্যক্রমও ডিবি পরিচালনা করবে।

শেরেবাংলা নগর থানায় রোববার রাতে জামায়াতে ইসলাম থেকে বহিষ্কৃত গাজী নজরুল, তার প্রথম স্ত্রী ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন হতভাগ্য মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ বলেন, "তারা সবাই মিলে নির্যাতন করে আমার মেয়েকে হত্যা করেছে। বিশেষ করে ওবায়দুর রহমান ক্রিমিনাল। ও-ই মূল নায়ক। সবকিছু করেছে। আমি ওবায়দুরের ফাঁসি চাই। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু করেছে, সবকিছু ঘটিয়েছে। আমাদের পুরো পরিবার তছনছ করে দিয়েছে।"

মামলার পর থেকে আত্মগোপনে রয়েছে ওবায়দুর রহমান। এদিকে মৃত্যুর পর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি মরিয়মের হাতের লেখা নয়।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তবে লেখাটি মরিয়মের হাতের কি না, সিআইডির ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হবেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুগান্তরে প্রতিবেদন প্রকাশ

ইব্রাহিম আলী শেখের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ইব্রাহিম আলী শেখের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনটি দেখে ২২ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া ইব্রাহিম আলী শেখের পাশে দাঁড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। সরকারী সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে, হাইকোর্টে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে থাকার ঘটনায় রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নে ডিজিটাল ব্যবস্থা চালুর দাবিও করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের ২৯ নম্বর কোর্টে বিচারক ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে রিট পিটিশনটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বিষয়টি দৈনিক যুগান্তরকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান ও অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

এর আগে যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন দেখে ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করেন ওই দুই আইনজীবী। পরে তার দীর্ঘ কারাবাস এবং খালাস পাওয়ার পরও কারাগারে থাকার বিষয়ে নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে জনস্বার্থে আইনি উদ্যোগ গ্রহণ করা হয়। ক্ষতিপূরণের দাবিতে দেওয়া আইনি নোটিশের সঙ্গে যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের পেপার কাটিংও রেফারেন্স হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আইনজীবীরা রাষ্ট্রের ১২টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রদান করেন। এর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বাগেরহাট ও নওগাঁর জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা পুলিশ সুপার এবং নওগাঁ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট অন্তর্ভুক্ত রয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালে ইব্রাহিমকে হত্যা ও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়। ২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট বিভাগ তাকে খালাস দেন। কিন্তু খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় আট বছর সময় লাগে। ফলে আদালতে খালাস পাওয়ার পরও ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে কারাগারে থাকতে হয়। নোটিশে এই অতিরিক্ত আটককে বেআইনি উল্লেখ করে তার মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

নোটিশে ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, পূর্ণ পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আট বছর বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহির ব্যবস্থা এবং আদালত, পুলিশ ও কারা কর্তৃপক্ষের মধ্যে আদালতের আদেশ দ্রুত পৌঁছে দিতে বাধ্যতামূলক ডিজিটাল অর্ডার ট্রান্সমিশন ব্যবস্থা চালুর দাবি করা হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে সংবিধানের ১০২(২)(এ) অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে রিট করার কথা জানানো হয়েছে।

এদিকে যুগান্তরে প্রকাশিত সংবাদ নজরে আসার পর বাগেরহাট জেলা প্রবেশন অফিসার শহিদুর রহমান ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। তার বর্তমান অবস্থা ও প্রয়োজনের বিষয়ে খোঁজ নিয়ে তাকে সরকারি সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইব্রাহিমের চাহিদা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের একটি পাকা ঘর ও একটি মুদির দোকানের ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই দৈনিক যুগান্তরে ‘বিনা দোষে ২২ বছর কারাগারে ইব্রাহিম’, ‘জেল থেকে মুক্তি পাইছি, জীবনডা ফেরত পাই নাই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দীর্ঘ কারাজীবন শেষে মুক্তি পাওয়া ইব্রাহিমের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়। পরে ১৭ জুলাই ইব্রাহিমের ক্ষতিপূরণ ও পুণর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করা হয়।

মুক্তির পর ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা-খাড়িবুনিয়া গ্রামের মরাপশুর নদীর চরে খাসজমিতে অন্যের আশ্রয়ে জরাজীর্ণ ঘরে বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করছেন ইব্রাহিম। সংসার চালাতে মানুষের বাড়িতে কাজ করলেও দীর্ঘ কারাভোগের পর শারীরিক দুর্বলতার কারণে নিয়মিত কাজ করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। মুক্তির পর সরকারি সহায়তা ও পুনর্বাসনের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরলেও এতদিন কার্যকর সহায়তা পাননি তিনি।

সহায়তার উদ্যোগ ও আইনি পদক্ষেপে কৃতজ্ঞতা জানিয়ে ইব্রাহিম আলী শেখ বলেন, ‘জেল থেকে বের হওয়ার পর এক বছর ধরে মানবেতর জীবনযাপন করেছি। কিন্তু দৈনিক যুগান্তর আমার কষ্টের কথা প্রকাশ করায় অনেক মানুষ পাশে দাঁড়িয়েছে। সমাজসেবা অফিস ও আইনজীবীরা সহায়তার হাত বাড়িয়েছেন। এখন আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবির প্রথম সমাবর্তন ২০২৭ সালের মার্চে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


পাবিপ্রবির প্রথম সমাবর্তন ২০২৭ সালের মার্চে

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এই সমাবর্তন আগামী ২০২৭ সালের মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গভবনে প্রেসিডেন্টের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি প্রদান করেন।

সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন। এই সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ও ২১টি বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের বিষয় এবং চাকরির বাজারে চাহিদা রয়েছে এমন সাবজেক্ট খোলার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন নিয়ে তাঁরা দীর্ঘ আলোচনা করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, "মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের মার্চের ১৫ ও ১৬ তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মহিপুরের জেলেদের ক্ষোভ ও দাম কমানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মহিপুরের জেলেদের ক্ষোভ ও দাম কমানোর দাবি

জ্বালানী তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলের জেলেরা এবং মৎস্য সংশ্লিষ্টরা। তারা দাবি করেছেন, জ্বালানী তেলের দাম কমিয়ে সাধ্যের মধ্যে নিয়ে আসা হোক। পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে বছরের অধিকাংশ সময় ইলিশের আকাল চলছিল। কাঙ্ক্ষিত ইলিশের অভাবে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন।

ট্রলার মাঝি সুলতান মন্তব্য করেন, "ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছি। তার উপর হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে জ্বালানী তেলের দাম।" তিনি জানান, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা বেড়ে গেছে। সুলতান বলেন, "এ যেন জেলেদের মরার উপর খড়ার ঘা।"

জেলে সোবাহান জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের খরচ বাড়বে। এতে মৎস্য খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। তাই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা ভর্তুকির দাবি জানিয়েছেন।

জানা গেছে, পটুয়াখালী জেলায় ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও অনিবন্ধিত জেলের সংখ্যা অর্ধলক্ষের বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানিয়েছেন, জেলেদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


সৌদি আরবে লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রেক্ষাপটের কারণে সউদী আরব এ বছরের লোহিত সাগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসবটি বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণের জন্য পরিচিত, যেখানে এমিলি ব্লান্ট, অ্যাড্রিয়েন ব্রডি, গুইনেথ প্যালট্রো ও মাইকেল কেইনের মতো হলিউডের তারকারা পূর্বে উপস্থিত ছিলেন।

প্রতিবছর সউদী আরবের লোহিত সাগর তীরবর্তী জেদ্দা শহরে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। চলতি বছরও ডিসেম্বর মাসে উৎসবটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আয়োজকরা জানিয়েছেন, উৎসবটি আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে। তাদের বক্তব্য অনুযায়ী, উৎসবটি যেন ‘উপযুক্ত সময় ও সঠিক পরিস্থিতিতে’ অনুষ্ঠিত হতে পারে, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উৎসবে হলিউডের পাশাপাশি বলিউড ও আরব বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র তারকারাও অংশগ্রহণ করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সউদী আরবের বিভিন্ন তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার রিয়াদে হামলার দায়ও হুতিরা স্বীকার করেছে। ওই হামলার ফলে সউদী রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে।

সংঘাতের বিস্তার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সউদী আরবের অন্যতম বড় আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্র : ওয়াশিংটন পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%