ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের পর মধুচন্দ্রিমায় আমির-গৌরী


বিয়ের পর মধুচন্দ্রিমায় আমির-গৌরী

পারিবারিক পরিবেশে সদ্য বিয়ের পর্ব সেরে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে মধুচন্দ্রিমায় গেলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। অস্ট্রেলিয়ায় সময় কাটাতে বেছে নিয়েছেন অভিনেতা গৌরী স্প্র্যাটের সঙ্গে একান্তে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ জুলাই এক বৃষ্টিমুখর দিনে আমির খান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। এই বিয়ে হয় অভিনেতার পালি হিলের বাড়িতে। বিয়েতে আমিরের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ছাড়াও তার আগের দুই পক্ষের ছেলেমেয়ে ও সাবেক দুই স্ত্রীর উপস্থিতি ছিল।

এটি আমিরের তৃতীয় বিয়ে। জানা গেছে, বিয়ের পর, নায়ক তার পালি হিলের বাড়ি ছেড়ে ১০০ কোটির মারিনা আবাসনে বসবাস করবেন। সেখানে আমির মোট ৩টি ফ্ল্যাট কিনেছেন। একটি ফ্ল্যাটে গৌরীকে নিয়ে নায়ক থাকবেন। অন্য দুই ফ্ল্যাটের একটিতে থাকবেন দ্বিতীয় স্ত্রী কিরণ এবং তার ছেলে আজাদ। অন্যটিতে থাকবেন আমিরের বড় ছেলে জুনেইদ, বোন নিখাত এবং মা জিনাত।

আরও পড়ুন: রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিমান

নতুন বাড়িতে ওঠার আগে, এই নতুন জুটি অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমায় অবকাশ কাটাচ্ছেন। ব্যক্তিগত অবসর কাটানোর পাশাপাশি, মেলবোর্নে প্রথমে ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার কথাও রয়েছে তাদের।

গত দু’বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গৌরীর সঙ্গে তার পরিচয় ঘটে অভিনেতার বোনের মাধ্যমে। ২০২৫ সালে ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন আমির। সংবাদমাধ্যমকে তিনি জানান, তার নতুন সম্পর্কের বিষয়েও। প্রেম জীবন প্রকাশের এক বছরের মাথায় গৌরীকে বিয়ে করেন এই সুপারস্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন সৌরভ, পিটারসেন ও আঞ্জুম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:২৭ এম


হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন সৌরভ, পিটারসেন ও আঞ্জুম

আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ইংল্যান্ডের তারকা ব্যাটার কেভিন পিটারসেন এবং ভারতের নারী ক্রিকেটের পথিকৃৎ আঞ্জুম চোপড়া।

শনিবার (১১ জুলাই) এডিনবরায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। নতুন তিন সদস্যকে নিয়ে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১২৫।

হল অব ফেমে জায়গা পেলেন গাঙ্গুলি, আঞ্জুম এবং পিটারসেন (বাঁ থেকে)। ছবি: এক্স

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ানডেতে দেশের প্রতিনিধিত্ব করেন। টেস্টে ১৬ সেঞ্চুরিতে ৭,৭২১ এবং ওয়ানডেতে ২২ সেঞ্চুরিতে ১১,৩৬৩ রান করেন তিনি।

অধিনায়ক হিসেবে ফিক্সিং কেলেঙ্কারির পর ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যান সৌরভ। তার নেতৃত্বে ভারত ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ওঠে, ন্যাটওয়েস্ট সিরিজ জেতে এবং বিদেশের মাটিতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।

এই স্বীকৃতিকে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত উল্লেখ করে সৌরভ বলেন, 'ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় আমার নাম থাকাটা আমার সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে। ভারতের প্রতিনিধিত্ব করা এবং এই খেলার বেশ কয়েকজন কিংবদন্তির সঙ্গে খেলা ছিল সৌভাগ্যের এবং এখন এভাবে স্বীকৃতি পাওয়াটা সত্যিই বিশেষ কিছু। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। আশা করি, আগামী দিনগুলোতেও এই খেলার সেবা করে যেতে পারব।'

এদিকে ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্টে ২৩ সেঞ্চুরিতে ৮,১৮১ রান করা কেভিন পিটারসেন ২০০৫ সালের ঐতিহাসিক অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের টুর্নামেন্টসেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। হল অব ফেমে জায়গা পাওয়াকে একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বীকৃতি বলে মন্তব্য করেছেন পিটারসেন।

ভারতের নারী ক্রিকেটের অন্যতম অগ্রদূত আঞ্জুম চোপড়া ছিলেন দেশের প্রথম নারী ক্রিকেটার, যিনি ১০০ ওয়ানডে নির্বাচিত হন এবং এক হাজার রান পূর্ণ করেন। তিন সংস্করণেই ভারতকে নেতৃত্বদানকারী আঞ্জুম ১২৭ ওয়ানডেতে ২,৮৫৬ রান করেন। এই সম্মানটিকে তিনি পরিবার, কোচ ও সতীর্থদের সম্মিলিত অর্জন বলে উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিং-বিমাসহ নানা সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ এম


চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’, মিলবে ব্যাংকিং-বিমাসহ নানা সুবিধা

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশে এবং বিদেশে তাদের নানান ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। সেই ভোগান্তি কমাতে চলতি মাসেই ডিজিটাল 'প্রবাসী কার্ড' চালু হতে যাচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই এক কার্ডের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, বিমা, বিনিয়োগ এবং সম্পদ সুরক্ষাসহ বিভিন্ন জরুরি সেবা মিলবে। প্রবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যের নিরাপত্তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন বিমানবন্দর থেকে শুরু করে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত, তাদের হয়রানির শিকার হতে হয়। তথাকথিত দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, পুনর্বাসন সংকটসহ একাধিক সমস্যার সম্মুখীন হন তারা।

এসব সমস্যা সমাধানে সরকার চলতি মাসেই ডিজিটাল 'প্রবাসী কার্ড' চালু করতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে হয়রানি কমবে এবং দূতাবাসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন জরুরি সেবা এবং অনলাইন পেমেন্টও সহজ হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত করে এ প্রবাসী কার্ডটি প্রদান করা হবে। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে। পাশাপাশি, বিমানবন্দরের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার পাশাপাশি দূতাবাসে কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। অন্যান্য সেবার ফি এবং পেমেন্ট অনলাইনে এই কার্ডের মাধ্যমে করা যাবে।

এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা নিজের অর্থকে আরও নিরাপদ রাখতে পারবেন। চাইলে পরিবারের একজন সদস্যকে সম্পূরক (সাপ্লিমেন্টারি) কার্ডধারী করা সম্ভব হবে। তিনি মাসে কত টাকা তুলতে পারবেন, সেটিও আগে থেকেই নির্ধারণ করা যাবে। এতে প্রতারণা ও হুন্ডির ব্যবহার কমবে এবং অর্থ লেনদেনের সঠিক হিসাবও থাকবে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, অনেক প্রবাসী দেশে আত্মীয়-স্বজনদের কাছে টাকা পাঠান অথবা সম্পত্তি কেনার জন্য অর্থ পাঠান। পরে দেশে ফিরে গিয়ে তারা দেখতে পান, টাকা বা সম্পত্তির সঙ্গে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। প্রবাসী কার্ড চালু হলে তারা নিজের নামে থাকা অ্যাকাউন্টেই টাকা রাখতে পারবেন এবং সুদও পাবেন। পরিবারের প্রয়োজন হলে নির্দিষ্ট সীমার মধ্যে একজন সদস্য সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।

প্রবাসীরাও আশা করছেন, এই কার্ড চালু হলে দেশে ও বিদেশে তাদের ভোগান্তি অনেকটাই কমবে। তারা জানান, একই কার্ড ব্যবহার করে তারা বিদেশে যেমন টাকা তুলতে পারবেন, তেমনি বাংলাদেশেও সহজে লেনদেন করতে পারবেন। সরকারের দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন তাদের জন্য লাভজনক হবে।

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, এই কার্ডের মাধ্যমে তথ্য নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতাও থাকা প্রয়োজন, যাতে কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহার না ঘটে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুরো ব্যবস্থাকে ডিজিটাল ডাটাবেজের সঙ্গে যুক্ত করলে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে প্রকৃত সুবিধাভোগীরা সঠিকভাবে সেবা পাবেন। তবে রাজনৈতিক প্রভাব বা অসাধু গোষ্ঠীগুলো যাতে এই ব্যবস্থার অপব্যবহার করতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে।

সংশ্লিষ্টদের মতে, শুধু কার্ড চালু করলেই হবে না; দেশের সঙ্গে আন্তর্জাতিক এবং সমাজের সব স্তরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই কার্ডের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএমএফের নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু হচ্ছে আজ, বেতন কাঠামোসহ আলোচনায় থাকছে যেসব বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩২ এম


আইএমএফের নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু হচ্ছে আজ, বেতন কাঠামোসহ আলোচনায় থাকছে যেসব বিষয়

আজ রোববার (১২ জুলাই) আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরের সময়ে প্রতিনিধিদলটি অর্থ বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের আলোচনায় ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের বিষয়টি গুরুত্ব পাবে। আলোচনায় কর ছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা, আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কারের অগ্রগতি, কর ও সরকারি ব্যয় ব্যবস্থার সংস্কার এবং আর্থিক খাতের সংস্কার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

নতুন বেতন কাঠামোর বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে।

গত ৯ জুন আইএমএফকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, আগের ঋণ কর্মসূচি গ্রহণের সময় যে অর্থনৈতিক ও নীতিগত বাস্তবতা ছিল, তা বর্তমানে অনেকটাই বদলে গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক নীতির কাঠামোগত রূপান্তর, বৈশ্বিক অনিশ্চয়তা এবং নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর ফলে নতুন কর্মসূচির আওতায় সেসব সংস্কার আবারও বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বন্দুকধারীর গুলিতে ৫ জন হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


কানাডায় বন্দুকধারীর গুলিতে ৫ জন হতাহত

কানাডার টরন্টো শহরে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার রাতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় জানিয়েছে, ‘সবাইকে অবিলম্বে ঘটনাস্থল এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’ পুলিশ এরপর আরেকটি বার্তায় জানায়, ‘ঘটনাস্থল নিরাপত্তার আওতায় আনা হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যেখানে এই হামলা ঘটেছে সেখানে ওই সময় একটি ‘সালসা উৎসব’ চলছিল। এলাকাটি দোকানপাট ও রেস্তোরাঁয় পূর্ণ, এবং সাধারণত সেখানে বেশ জনসমাগম থাকে।

এই ঘটনার কয়েক সপ্তাহ আগে, গত মাসের শেষের দিকে মন্ট্রিয়ালে আরেকটি বন্দুক হামলায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পশ্চিমাঞ্চলের ছোট খনিশহর টাম্বলার রিজের একটি স্কুলে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে হামলাকারীর মা ও সৎ ভাইও ছিলেন। এই ঘটনায় আরও ২৭ জন আহত হয়। হামলাকারী পরে নিজেই আত্মহত্যা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%