১১:০২ পি.এম
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই নারী ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি: প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) এবং নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।
আরও পড়ুন: পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপ, ৪ জন আটক
জানা যায়, ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন এবং আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে ভর্তি হওয়ার পর গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।
হাম পরিস্থিতি: একই সময়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের একজনের বয়স ৭ মাস, যার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। অপর শিশুর বয়স ১০ মাস, তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।
হাসপাতাল সূত্র জানায়, ফুলবাড়িয়ার শিশুটি শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ওই দিন সন্ধ্যার পর মারা যায়। কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর ভর্তি হয়ে শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ১৩ জন। বর্তমানে হাসপাতালে ১৬৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৫৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মারা গেছে ৯৪ শিশু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন