প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসামে মুসলিমদের ওপর উচ্ছেদ ও নির্বাসনের তথ্য সংগ্রহের সময় 'মাইলস টু স্মাইল ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী আসিফ মুজতবাকে আটক করা হয়েছে। তার দলের সদস্যরা এবং মুজতবা নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আসাম পুলিশ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
আটক অবস্থায় 'দ্য অবজারভার পোস্ট'-এর সাথে সংক্ষিপ্ত কথোপকথনে মুজতবা জানান, তাকে লখিমপুরের একটি স্থানীয় থানায় রাখা হয়েছে। ফোনালাপে তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে কিছুই স্পষ্ট করছে না।
মুজতবা বলেন, "আমি দুই ঘণ্টা ধরে এখানে বসে আছি। কোন ধারায় আমাকে এখানে আনা হয়েছে, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে কি না, বা তারা আসলে কী করতে চাইছে—এসবের কিছুই তারা আমাকে বলছে না। কোনো কিছুই স্পষ্ট নয়। তারা আমাকে দুই ঘণ্টা ধরে শুধু বসিয়ে রেখেছে।"
তিনি আরও জানান, পুলিশ সুপার (এসপি) থানায় উপস্থিত ছিলেন এবং তার সাথে কথা বলেছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দেখার অপেক্ষায় আছেন বলে তিনি উল্লেখ করেন।
মুজতবা অভিযোগ করেন, এর আগে বিভিন্ন স্থানে পুলিশ তাকে বাধা দিয়েছিল। তার মতে, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করার জন্য প্রশাসন চায়নি। তিনি কেন ওই এলাকায় গিয়েছেন, কীভাবে সেখানে পৌঁছেছেন, তার উদ্দেশ্য কী এবং ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করার পেছনে তার অভিসন্ধি কী—এসব বিষয়ে পুলিশ তাকে দীর্ঘসময় জেরা করেছে। তিনি এই প্রশ্নগুলোকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।
মুজতবা জানান, ত্রাণ ও তথ্য সংগ্রহের কাজে তিনি গত আট দিন ধরে আসামে অবস্থান করছেন। তবে তিনি কতগুলো জেলা বা গ্রামে গিয়েছেন তা জানাতে পারেননি, কারণ কথা বলার মাঝপথে কলটি বিচ্ছিন্ন হয়ে যায়।
আসিফ মুজতবা একজন মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ এবং পরিবেশ প্রকৌশলী। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), দিল্লিতে পড়াশোনা করেছেন। তিনি 'মাইলস টু স্মাইল ফাউন্ডেশন' নামক একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন, যা সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি এবং উচ্ছেদের শিকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসনে কাজ করে। এছাড়াও তিনি 'শাগির্দ ফাউন্ডেশন'-এর পরিচালক, যা সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষাকেন্দ্র পরিচালনা করে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে গড়ে ওঠা শাহীনবাগ আন্দোলনের অন্যতম সহ-সংগঠক ছিলেন। ২০২০ সালের দিল্লি সহিংসতার পর ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য একটি রিলিফ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তার ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়।
তার সংস্থাটি বেশ কিছুদিন ধরে আসামে কাজ করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে 'মাইলস টু স্মাইল'-এর একটি দল বড় ধরনের উচ্ছেদ অভিযানের পরবর্তী পরিস্থিতি নথিভুক্ত করতে গোয়ালপাড়া ও ধুবড়িতে গিয়েছিল। ফাউন্ডেশনের নিজস্ব অনুসন্ধানে বলা হয়, সেখানে ২৫,০০০-এরও বেশি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ছিল মুসলিম পরিবারের।
মুজতবা আসামের এই পরিস্থিতিকে 'মানবিক সংকট' উল্লেখ করে অনুদানের আহ্বান জানিয়েছেন। তার দাবি, গত চার বছরে আসামের শত শত মুসলিম গ্রাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে ৫০,০০০-এরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
অন্যদিকে, আসাম সরকারের দাবি, সরকারি ও বনাঞ্চলের জমি অবৈধ দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার অভিযোগ তারা অস্বীকার করেছে।
ভারতীয় আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। মুজতবার ভাষ্যমতে, তাকে গ্রেপ্তার করা হয়েছে নাকি প্রতিরোধমূলক আটক রাখা হয়েছে, অথবা কোন আইনি ধারায় তাকে আটক রাখা হয়েছে—তা এখনো জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন