০৮:৩৯ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই হলেও, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বৈরিতা কমছে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, চুক্তির বাস্তবায়ন কঠিন তবে এটি সম্ভব।
স্মারক সইয়ের পরও যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক টানাপোড়েন কমেনি। উল্টে, দুই পক্ষ প্রায়ই একে অপরকে নানা হুঁশিয়ারি এবং সতর্কবার্তা দিচ্ছে। চুক্তি বাস্তবায়ন সম্পর্কে গালিবাফ এখন মুখ খুলেছেন।
তিনি তেহরানে হামাস নেতার সঙ্গে বৈঠকে সাফ জানান, চুক্তি হলেও ওয়াশিংটনের সঙ্গে গভীর মতবিরোধ রয়ে গেছে। তবে তিনি আবারও মন্তব্য করেন, এই স্মারক বাস্তবায়ন করা কঠিন হলেও অসম্ভব নয়।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
গালিবাফ পরিষ্কারভাবে বলেন, ইরান কখনোই ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না এবং প্রয়োজনে ক্ষেপণাস্ত্র বা রাজনৈতিক আলোচনার মাধ্যমে 'প্রতিরোধ অক্ষ'-এর পাশে থাকবে।
কূটনৈতিক এই টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ফাটলের গুঞ্জনকে নাকচ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে তাদের বেশিরভাগ বিষয় একমত। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ সামরিক অভিযানের ফলে তেহরান দুর্বল হয়েছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে আব্রাহাম অ্যাকর্ডসের মতো নতুন শান্তি চুক্তি সম্ভব হবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স- ইউকেএমটিও- এর তথ্যানুসারে, গত তিন দিনে মার্কিন সেনাদের পাহারায় মাত্র ৮০টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি পার হয়েছে। সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করত।
জাহাজ চলাচল কমে যাওয়ার প্রধান কারণ হলো নিরাপত্তার উদ্বেগ। ইউকেএমটিও সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে এখনো মাইন পেতে থাকার ঝুঁকি রয়ে গেছে। এর সাথে পুরো অঞ্চলে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে ক্রমাগত জ্যামিং বা সিগন্যালে হস্তক্ষেপ করা হচ্ছে, যা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য বড় ধরনের বিপদ তৈরি করছে।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

