০১:৫০ এম
মাগুরা, ১ অক্টোবর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন, অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চাকে কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করা আবশ্যক।
আজ মাগুরার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এর আগে, জেলার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সক্ষম হবেন এবং এ বছর পূজা মন্ডপের সংখ্যা গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাবে।
আগামী শারদীয় দুর্গাপূজা সম্পর্কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মন্তব্য করেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষকে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
মন্ত্রী আরও জানান, এ বছর দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু কল্যাণ ট্রাস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন।
বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন