ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা


পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পিটিআইয়ের আট নেতাকে, যার মধ্যে রয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত আটজন নেতা বর্তমানে পুলিশের সুরক্ষামূলক হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে সোহেল আফ্রিদি উল্লেখযোগ্য।

এছাড়া, পুলিশি হেফাজতে আছেন খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর।

রোববার, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকারের পতনের পর, সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন: নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইলিং, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

রোববার খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর জরুরি অবস্থা ও গভর্নরের শাসন কার্যকর করা হয়।

সূত্র: জিও নিউজ

আরেএ

আরও পড়ুন: স্বাধীনতার প্রশ্নে হারলেও টিকে থাকতে পারে আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থীদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান। তিনি রোববার অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনের প্রথম পর্বে উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেছেন। ভোটের আয়োজকেরা এই তথ্য প্রকাশ করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৬ বছর বয়সী গ্লুকসম্যান মধ্য-বামপন্থী দল প্লাস পাবলিকের নেতা। প্রাথমিক নির্বাচনে মোট ১ লাখ ২০ হাজার ৭৮৭ ভোটের মধ্যে তিনি ৬৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

গ্লুকসম্যানের নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ে ফোর পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। অন্য তিন প্রার্থীর প্রত্যেকেই ১০ শতাংশের কম ভোট অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্লুকসম্যান মন্তব্য করেছেন, ‘এই ফলাফল একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বামপন্থীরা নিজেদের আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে ঐক্যবদ্ধ হতে পারে, সরকার পরিচালনা করতে পারে এবং নির্বাচনে জয়ী হতে পারে।’

গ্লুকসম্যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নীতির বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। তিনি মনে করেন, কট্টর ডানপন্থীদের পরাজিত করা তার পক্ষে সম্ভব।

তবে বর্তমানে জনমত জরিপে তার সমর্থন ৯ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে, যা শীর্ষ প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের চেয়ে অনেক কম।

মাখোঁর অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মধ্য-ডানপন্থী নেতা এদুয়ার ফিলিপ এবং কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর চেয়েও জরিপে পিছিয়ে রয়েছেন গ্লুকসম্যান। উল্লেখ্য, মেলঁশোঁর দল ফ্রান্স আনবোড নির্বাচনে অংশগ্রহণ করেনি।

গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে গ্লুকসম্যান নিজেকে ‘চিরাচরিত রাজনৈতিক’ বলয়ের বাইরে থাকা একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেন।

তিনি বিদেশে তার অতীত কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিয়েছেন, যার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার পরবর্তী সময়ে কাজ করা এবং মস্কোবিরোধী অবস্থানের জন্য পরিচিত জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন। ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনের জন্যও তিনি পরিচিত।

গ্লুকসম্যানের রাজনৈতিক অবস্থান সমাজতান্ত্রিক দলের তুলনায় বেশি সংস্কারপন্থী ও মধ্যপন্থী। অতীতে তিনি সমাজতন্ত্রীদের সঙ্গে নির্বাচনী জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

এবারও ঐতিহ্যবাহী সমাজতান্ত্রিক দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রচারযন্ত্রের সুবিধা নিতে তিনি দলের সঙ্গে কাজ করা লাভজনক মনে করতে পারেন।

তবে বামপন্থীদের মধ্যে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মেলঁশোঁর সঙ্গে কোনো ধরনের সহযোগিতার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

সমালোচকদের মতে, গ্লুকসম্যান ‘অতিরিক্ত প্যারিসকেন্দ্রিক’ এবং সাধারণ ফরাসি নাগরিকদের দৈনন্দিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ফলে প্রেসিডেন্ট পদে বিশ্বাসযোগ্য প্রার্থী হয়ে ওঠা তার জন্য কঠিন হতে পারে।

জবাবে তিনি সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গ্লুকসম্যান বলেছেন, ‘বিশ্ব সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা ডাভোস কিংবা ওয়াশিংটনে গড়ে ওঠেনি; বরং এমন সব জায়গায় গড়ে উঠেছে, যেখানকার ধ্বংসযজ্ঞের গভীরতা আপনারা কল্পনাও করতে পারবেন কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’

চলতি গ্রীষ্মে ফ্রান্সজুড়ে নির্বাচনী প্রচারের সময় তিনি এমন একটি বামপন্থী কর্মসূচি তুলে ধরেন, যেখানে পরিবেশগত রূপান্তরের সঙ্গে সামাজিক অগ্রগতির সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট এর দুই সপ্তাহ পর ২ মে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানালেন আমিরাতের আনোয়ার গারগাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানালেন আমিরাতের আনোয়ার গারগাশ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘আমরা সবাই হামলার লক্ষ্যবস্তু’ এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য। গারগাশ বলেন, সৌদি আরবের ওপর হামলা আমিরাতসহ উপসাগরীয় সব দেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে।

একটি পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনোয়ার গারগাশ মন্তব্য করেন যে, উপসাগরীয় দেশগুলো যে যুদ্ধে জড়াতে চায়নি, সেই যুদ্ধে তাদের দুর্বলতম পক্ষ হিসেবে বিবেচনা করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এই ভুল মূল্যায়ন থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গারগাশের মতে, উপসাগরীয় দেশগুলোর যৌথ উদ্যোগ আবারও জোরদার করা জরুরি। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে পুরো অঞ্চলের সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা অন্যদের উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে বাড়াবাড়ি করতে উৎসাহিত করেছে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার অভিন্ন দায়িত্ব। এ বিষয়ে কোনো শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে একাধিক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


সৌদি আরবে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে একাধিক দেশ

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার পর দেশটির ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে একাধিক দেশ।

সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সর্বশেষ দেশ হিসেবে সৌদি আরবে ভ্রমণ না করার জন্য সতর্কতা প্রদান করে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং জাপানও একই ধরনের সতর্কতা জারি করেছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ (ডিএফএটি) নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় নাগরিকদের সৌদি আরবের রাজধানীর প্রধান বিমানবন্দর এবং নাজরান, জিজান ও আসির প্রদেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। সেইসাথে, দেশটির অন্যান্য এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

রোববার, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়। এ সতর্কতা ইরান ও ইরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কার কথা উল্লেখ করে জারি করা হয়।

কানাডার পররাষ্ট্রবিষয়ক দপ্তর গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সৌদি আরবের সব এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জরুরি কাজ ছাড়া দেশটি ত্যাগ করার সুপারিশ করেছে। একই সাথে, সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা নাগরিকদের সফর বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জরুরি প্রয়োজন ছাড়া জেদ্দা ও দাম্মামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সাথে, মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া দেশটির অন্য সব বিমানবন্দরে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটিতে।

সূত্র: আল জাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটক হওয়া আমির খানের ভাতিজি জেনের শরীরে আঘাতের চিহ্ন, ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


আটক হওয়া আমির খানের ভাতিজি জেনের শরীরে আঘাতের চিহ্ন, ভিডিও প্রকাশ

মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের কারণে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং অভিনেত্রী জেন মেরি খান। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে আমির খানের ভাতিজি জেন তার শরীরে আঘাতের চিহ্ন প্রদর্শন করেছেন। তিনি এ সময় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

রবিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে জেন। ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন প্রদর্শন করার পর তিনি বলেন, “প্রথমত, এত ভয় দেখিও না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।” ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “সবার সামনে প্রকাশ করে দিল সে।”

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন, অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সেখানে জমায়েতের পরিকল্পনা ছিল তাদের। যদিও কয়েক ঘণ্টা পর পুলিশ তাদের মুক্তি দেয়।

আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন। ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ!” ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

এদিকে আটকের পর তাদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা জানিয়ে ভিডিও প্রকাশ করেন লেখা। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “পুলিশ আমাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। আমরা রাস্তায় এ দিক-ও দিক ঘুরছি। বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি বা অন্য যানবাহনও ধরতে দিচ্ছে না ওরা।”

পরে অবশ্য আরেকটি ভিডিওতে অনুরাগীদের আশ্বস্ত করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আমরা সবাই নিরাপদে আছি, ভাল আছি এবং বাড়ির পথে রয়েছি।”

পুলিশের ভ্যানের ভেতর থেকে একটি মজার ভিডিওও প্রকাশ করেন জেন। সেখানে ইমরানকে তিনি প্রশ্ন করেন, এর আগে কখনো জেলে গিয়েছেন কি না। পরিস্থিতির কথা মাথায় রেখে এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে বলে হাসতে হাসতে জবাব দেন অভিনেতা।

মুম্বাই পুলিশের দাবি, ক্রান্তি ময়দানে বিক্ষোভের ঘটনায় চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। পুলিশের ভাষ্য, কর্মসূচিটির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিক্ষোভের অনুমতি শুধু আজাদ ময়দানেই দেওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

তবে সিজেপির কর্মীদের দাবি, বিক্ষোভের অনুমতি চেয়ে ইমেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা। কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাননি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%