ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কারাগার থেকে হাসপাতালে, ইমরান খানকে ঘিরে ‘গোপন চুক্তির’ গুঞ্জন?


কারাগার থেকে হাসপাতালে, ইমরান খানকে ঘিরে ‘গোপন চুক্তির’ গুঞ্জন?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের ওপর সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের মধ্যে। পাকিস্তানের প্রবীণ সাংবাদিক হামিদ মীর ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

হামিদ মীর বলেন, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আদালতের এ ধরনের সুবিধা অনেক সময় ক্ষমতাচ্যুত বা কারাবন্দি নেতাদের আবার রাজনীতিতে প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। উদাহরণ হিসেবে তিনি নওয়াজ শরিফের কথা উল্লেখ করেন। ২০১৯ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত অবস্থায় চিকিৎসার জন্য জামিন পেয়ে নওয়াজ লন্ডনে গিয়ে ফিরে পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন।

সম্প্রতি, সুপ্রিম কোর্ট ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে আদিয়ালা কারাগার থেকে তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ প্রদান করে। তবে শেহবাজ শরিফ সরকার এই নির্দেশের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

হামিদ মীরের মতে, পাকিস্তানে আদালতের এ ধরনের সিদ্ধান্তগুলোকে প্রায়ই পাড়ার আড়ালে কোন সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখা হয়। এজন্য শরিফ পরিবার মনে করতে পারে, ইমরান খানও কিছু গোপন সমঝোতার মাধ্যমে সুবিধা পাচ্ছেন।

ক্ষমতাসীন জোটের মাঝেও সম্প্রতি মতবিরোধ দেখা দিয়েছে। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে অবস্থান নিয়েছেন।

একইসাথে তরুণদের মধ্যে রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।

ইমরানের জনপ্রিয়তা এখনো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা উল্লেখ করে হামিদ মীর বলেন, পাকিস্তানের রাজনীতিতে যেকোনো কিছু ঘটতে পারে। যেমন নওয়াজ শরিফ কারাগার থেকে বের হয়ে রাজনীতিতে ফিরে এসেছেন, তেমনি ইমরান খানও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

তার মতে, ইমরান খানের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের আশঙ্কা বর্তমানে শরিফ সরকারের উদ্বেগের অন্যতম কারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। যদিও তিনি রাষ্ট্রপতি প্রার্থী, থাকার কারণে সংসদ সদস্য না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারেননি।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেছেন।

সিইসির প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ৩৪৩টি ভোট বৈধ হয়েছে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে, প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

তিনি জানিয়েছেন, মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন এবং ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের হুমকির জবাবে যা বলেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


ট্রাম্পের হুমকির জবাবে যা বলেছে ইরান

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘ব্যর্থ নীতির ধারাবাহিকতা’ বলে খারিজ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ হিতে বিপরীত হবে। এর ফলে যুক্তরাষ্ট্রকে আরও বড় পরাজয়ের মুখে পড়তে হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ‘অর্থনৈতিক যুদ্ধ’ ও একঘরে করার ঘোষণা দেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান ইরানকে কোনো ধরনের সহায়তা বা ‘লাইফলাইন’ দেবে, তাদেরও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

এর জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মার্কিন প্রশাসনের এই তথাকথিত হুমকি মূলত তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে মানুষের নজর ঘোরানোর একটি কৌশল মাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ কেবল ইরান নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাতের পর এপ্রিলে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। তবে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেল অবরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের চাপ সৃষ্টি করে তাদের নিজস্ব অবস্থান থেকে একচুলও টলানো যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মিলিয়ে বাজারের পরিবর্তন বুঝতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মিলিয়ে বাজারের পরিবর্তন বুঝতে হবে: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বাজারের পরিবর্তন বুঝতে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সঠিক উদ্যোক্তাদের কাছে পুঁজি পৌঁছে দিতে হবে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে বাজারের পণ্যের জ্ঞান এবং বাজারের পরিবর্তন সম্পর্কে তরুণদের ধারণা নিতে হবে। পরিবর্তিত শ্রমবাজারের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চাকরি মেলা ও অধিবেশন’-এ তিনি এসব কথা বলেন। এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় এবং চোরোগ উসান ফর চিলড্রেনের অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়া চাকরিপ্রত্যাশী তরুণদের সঙ্গে সরকারি প্রতিনিধি, কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও বিভিন্ন অংশীজন এতে অংশ নেন। প্রায় ৩১টি চাকরিদাতা প্রতিষ্ঠানও মেলায় অংশ নেয়। এতে তরুণেরা সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান।

জহির উদ্দিন স্বপন বলেন, জীবনের অর্জন শুধু বস্তুগত পুরস্কার দিয়ে মূল্যায়ন করা যায় না।

যেসব তরুণ নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করতে পারেন, তারাই ভবিষ্যতের কাণ্ডারি। তাই তরুণদের লক্ষ্য সুনির্দিষ্ট করার পাশাপাশি সেই লক্ষ্য অর্জনের জন্য পথনকশা ঠিক করতে হবে।

তিনি বলেন, লক্ষ্য ও পথনকশা ঠিকভাবে নির্ধারণ করতে পারলে রাষ্ট্র ও দেশ উভয়ই উপকৃত হবে। তরুণদের শুধু চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম উন্নয়ন, প্রশিক্ষণ, সনদায়ন ও মূল্যায়নের মাধ্যমে প্রকৃত দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণশেষ হওয়ার পর চাকরিতে নিয়োগ নিশ্চিত করা, সনদধারীদের নিয়মিত নজরদারি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে যেতে আগ্রহীদের জন্য ভাষা প্রশিক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা প্রয়োজন। তরুণদের শুধু চাকরি খোঁজার পরিবর্তে নিজেদের চাকরির উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে একটি কার্যকর দক্ষতা পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে সামনে রেখে আন্তর্জাতিক মানের দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে প্রশিক্ষণের পর কর্মীদের যথাযথ খোঁজখবর রাখার ঘাটতিকে একটি দুর্বলতা হিসেবে উল্লেখ করেন তিনি। বাজারের চাহিদার সঙ্গে দক্ষ কর্মীদের সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী নিয়মিত খোঁজখবরের ওপর গুরুত্ব দেন বিসিক চেয়ারম্যান।

অনুষ্ঠানে এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ বলেন, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে লিফট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুবিধাবঞ্চিত ৩০০ তরুণকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য তিনি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তরুণদের নিজেদের দক্ষতার ওপর আস্থা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

পরে লিফট প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন এডুকোর শিশু শ্রম নিরসন ব্যবস্থাপক আফজাল কবির খান। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী তরুণেরা তাদের প্রশিক্ষণ, চাকরি ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ভাণ্ডারিয়ায় সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধান শিক্ষকের

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক অনিয়ম, শিক্ষক রাজনীতি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং শ্রেণিকক্ষে অনিয়ন্ত্রিত প্রাইভেট বাণিজ্যকে কেন্দ্র করে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে এই মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমান অভিযোগ করেন যে, ২০২২ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদার এবং তার অনুসারীদের প্রভাবে তাঁকে জিম্মি করে বিদ্যালয়ে নানা অনিয়ম চলছিল। তিনি বলেন, বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক মোসাঃ হামিদা বেগমসহ কয়েকজন শিক্ষকের সমন্বয়ে গঠিত একটি চক্র ভূয়া কাগজপত্র তৈরি, জেলা পরিষদের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের বেতন-ফি বাবদ আদায় করা প্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

প্রধান শিক্ষক উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মিথ্যা সিআর মামলা আদালত খারিজ করে দেওয়ার পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও মানহানির পৃথক দুটি মামলা (মামলা নং সিআর ৬০/২৬ ও ২০১/২৬) দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, যে অনিয়মে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মাসে ৭০-৮০ হাজার টাকা আয় করা চিকিৎসাতুল্য 'প্রাইভেট বাণিজ্য' বন্ধ করতে বাধ্য করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষক কর্তৃক মোবাইল ব্যবহার ও অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বাধ্যবাধকতা আরোপ করায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো জানান, গত ১৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান কোনো পূর্ব নোটিশ বা লিখিত পত্র ছাড়া স্কুলে পরিদর্শনে আসেন। সেখানে প্রধান শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শিক্ষক ও সাংবাদিকদের সামনে অপমান করা হয় এবং কোনো রসিদ বা প্রমাণ ছাড়াই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র নিয়ে যাওয়া হয়। পরদিন ১৭ আগস্ট ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সামনে বিদ্যালয়ে আর্থিক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করলে প্রধান শিক্ষক হেয় প্রতিপন্ন হন। ১৮ আগস্ট শিক্ষার্থীদের উসকে দিয়ে তাঁর বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ানো হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপহৃত কাগজপত্র ফেরতের জন্য তিনি জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, একাধিক সহকারী শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং পূর্বেই প্রধান শিক্ষককে অবহিত করে তিনি সেখানে পরিদর্শনে যান। পরিদর্শনকালে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হলেও প্রধান শিক্ষক তা উপস্থাপন করতে ব্যর্থ হন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টির গভীর ও নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর কাছ থেকে যে সব কাগজপত্র নেওয়া হয়েছিল তা তিনি ফেরত নিয়েছেন এবং প্রধান শিক্ষককে কোনো প্রকার অপমান বা অসৌজন্যমূলক আচরণ করা হয়নি বলে জানান। ভাউচার পর্যালোচনা করে গভীর অসংগতি পরিলক্ষিত হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%