শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৩ পি.এম
বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে, গত অক্টোবরে রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। একই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা দেন। খবরটি আনাদোলুর মাধ্যমে প্রকাশিত হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আইইএর নভেম্বর মাসের তেল বাজার বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবরে রাশিয়ার দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ২ লাখ ১০ হাজার ব্যারেল বেড়ে ৮৭ লাখ ৩০ হাজার ব্যারেলে পৌঁছেছে।
গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে চুক্তির ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহ যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানির দাম কমাতে সহায়তা করবে।
ট্রাম্পের ঘোষণার পর রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। পরবর্তী সময়ে নভেম্বরে আরও ৫ লাখ টন এবং অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।
একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) জেনারেল লাইসেন্স ১৩৫ জারি করে। এই লাইসেন্সের আওতায় রাশিয়ায় উৎপাদিত ডিজেল বিক্রি, সরবরাহ, জাহাজ থেকে খালাস ও আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। অনুমতির মেয়াদ ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত।
তবে আইইএ রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদন বৃদ্ধির সঙ্গে ট্রাম্প-পুতিনের ডিজেল সরবরাহ চুক্তির সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করেনি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় অক্টোবরে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ ২৩ লাখ ব্যারেল বেড়ে ১০ কোটি ৫৪ লাখ ব্যারেলে পৌঁছেছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম তেলের বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে গেছে।
এই পরিস্থিতিতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে তেলের সরবরাহের পূর্বাভাস দৈনিক ৩৩ লাখ ব্যারেল বেড়ে গেছে আইইএ।
অন্যদিকে, অক্টোবরে পর্যবেক্ষণাধীন বৈশ্বিক তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। গত জুনের পর এই প্রথম মজুত বৃদ্ধির ঘটনা ঘটেছে। তবে এই বৃদ্ধি মূলত সমুদ্রে জাহাজে থাকা তেলের কারণে হয়েছে। স্থলভাগের তেলের মজুত এখনো কমছে।
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী, এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলের প্রধান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছান বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।
পরে সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এমপি ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর এবং এমপি নুসরাত তাবাসসুম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার, গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এই নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত এবং উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করা যায় না এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, এই হামলার পেছনে ফ্যাসিবাদী দোসরদের সম্পৃক্ততা রয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার পরও সংশ্লিষ্ট মহলে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো অপতৎপরতা ও সহিংসতা প্রতিহত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই।
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ দায়িত্ব পালনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অবিলম্বে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান নেজামে ইসলাম পার্টির শীর্ষ দুই নেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ