০৬:১৩ পি.এম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা পূর্ব উত্তরপাড়া থেকে বড় সাঙ্গীশ্বর পর্যন্ত দীর্ঘ পৌনে এক কিলোমিটার কাঁচা সড়ক সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কাদা, বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এলাকার লোকজন দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, কৌশলগতভাবে কাকৈরতলা পূর্ব উত্তরপাড়া থেকে বড় সাঙ্গীশ্বর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকা কাদা এতটাই বেড়ে গেছে যে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থী, কৃষক, চাকুরিজীবী, রোগীসহ সাধারণ মানুষের জন্য প্রতিদিন চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন প্রবাহিত হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, সড়কটি প্রায় ১৭ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। জনপ্রতিনিধিরা নানা বার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। বর্ষা আসলে দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে স্কুল, কলেজ এবং মাদ্রাসাগামী শিক্ষার্থীরা, মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিরা এবং অসুস্থ রোগীদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
স্থানীয় পথচারী আমান উল্লাহ, তাজুল ইসলাম ও বাবুল মোল্লা বলেন, "দীর্ঘ ১৭ বছর ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় ভরে যায়। আমরা ঠিকমতো মসজিদে যেতে পারি না, শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠাতেও দুর্ভোগ পোহাতে হয়। কাকৈরতলা ও বড় সাঙ্গীশ্বর মিলিয়ে প্রায় দুই হাজার মানুষের বসবাস। আমাদের একটাই দাবি—সড়কটি দ্রুত পাকাকরণ করা হোক।"
এলাকাবাসী আরো জানান, সড়কটি সংস্কার হলে দুই গ্রামের মানুষের যাতায়াতসহ কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যাপক সুবিধা হবে। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার বলেন, "এ বিষয়ে লিখিত আবেদন পেলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, লিখিত আবেদন পেলে "সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হবে। চলতি অর্থবছরেই সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।"
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন