রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:১৪ এম
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটন অঞ্চলে অবস্থিত একটি দুই তলা আবাসিক ভবন ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার গ্রিক ফায়ার ব্রিগেড এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় মেয়রের বক্তব্য অনুযায়ী, গ্যাস লাইনের ত্রুটি থেকেই এই মারাত্মক বিস্ফোরণ ও ভবন ধসের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন, যা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভাসিলিস ভাথরাকোগিয়ানিস এক টেলিভিশন ব্রিফিংয়ে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা ৬ জনের মৃতদেহ উদ্ধার করেন। ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি ফ্ল্যাটে থাকা চার পর্যটকের সন্ধান পাওয়া গেছে।
হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়া বাসার জন্য পরিচিত এই এলাকায় দুর্ঘটনার আগে তীব্র গ্যাসের গন্ধ পাওয়ার খবর পাওয়া যায়। ঘটনার তদন্তের জন্য ফায়ার ব্রিগেডের অপরাধ তদন্ত বিভাগও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই চার মার্কিন পর্যটকের এথেন্স বিমানবন্দর থেকে শুক্রবার বিকেল ৩টায় ফ্লাইট ধরার কথা ছিল, কিন্তু তারা সময়মতো পৌঁছাননি।
লাশগুলো শনাক্তকরণ ও হাসপাতালে পাঠানোর জন্য শনিবার ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। ভয়াবহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, ‘গতকাল মধ্য এথেন্সে ভয়াবহ বিস্ফোরণে চার আমেরিকান নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ রবিবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিষয়টি গতকাল শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
গতকাল ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
এছাড়া উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ রবিবারের দিনটি গরম আরো বৃদ্ধি পেতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানাচ্ছে, এই সময়ের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আজ। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমার তারিখ কয়েক দফা পিছিয়ে গেছে। সর্বশেষ ২০ আগস্ট প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত আজ ২৭ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০ আগস্ট মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা সেদিন প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলাটির তদন্ত করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। অভিযোগপত্রে ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ আরো কয়েকজনের নামও সেখানে উল্লেখ করা হয়।
তবে ডিবির ওই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুনরায় তদন্তের নির্দেশ দেন। এরপর মামলাটির তদন্তভার সিআইডির হাতে চলে যায়। ডিবির অভিযোগপত্রে বলা হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির উদ্দেশ্যও হত্যাকাণ্ডের অংশ ছিল বলে তদন্তে উল্লেখ করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় তার বহনকারী অটোরিকশা পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। হাদিকে গুলি করার ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন আবদুল্লাহ আল জাবের। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ