ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘প্রজন্মের ক্ষোভ’: ইউরোপজুড়ে নিজেদের দাবি তুলে ধরতে সোচ্চার তরুণরা


‘প্রজন্মের ক্ষোভ’: ইউরোপজুড়ে নিজেদের দাবি তুলে ধরতে সোচ্চার তরুণরা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ, তাঁবু গেড়ে অবস্থান এবং রাজপথে বিক্ষোভ—ইউরোপের বিভিন্ন দেশে তরুণরা রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। ইতালির রাজধানী রোম, স্পেনের মাদ্রিদ এবং ফ্রান্সের বিভিন্ন শহরে এই আন্দোলন চলছে।

তরুণদের অভিযোগ, রাজনীতিকেরা তাদের সমস্যাগুলো গুরুত্ব দিচ্ছেন না এবং তাদের কথা শুনছেন না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

তরুণদের দাবিগুলো ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন হলেও একটি বিষয় তাদের মধ্যে সাধারণ। তারা চান, রাজনীতি ও সমাজে তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হোক। কখনো কখনো তারা কঠোর কর্মসূচিও ঘোষণা করছেন তাদের দাবি আদায়ের জন্য।

অন্যদিকে, পুলিশের কঠোর পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

রোমের কাভুর হাইস্কুলের ১৮ বছর বয়সী শিক্ষার্থী দামিয়ানো ফুসা বলেন, ‘আমরা লড়াই করছি এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিচ্ছি।’

ইতালির রাজধানীতে শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষাপ্রতিষ্ঠান দখল কর্মসূচির মধ্যে কাভুর হাইস্কুলই প্রথম অবরুদ্ধ হয়। ফুসা এএফপিকে বলেন, ‘আমাদের প্রতিনিধিত্ব করার মতো কেউ নেই।’ তিনি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর ডানপন্থি জোটের পাশাপাশি আগের মধ্য-বামপন্থি সরকারগুলোরও সমালোচনা করেন।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

তার অভিযোগ, এসব সরকার শিক্ষা খাতে বরাদ্দ কমিয়েছে এবং তরুণদের প্রয়োজন উপেক্ষা করেছে। গত কয়েক সপ্তাহে ফ্রান্স, ইতালি, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে কয়েক লাখ স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিক্ষোভ-সমাবেশ করেছেন। কিছু বিক্ষোভ সহিংসতায়ও রূপ নিয়েছে।

সরকারগুলো মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। ফ্রান্সের কিছু এলাকায় আংশিক কারফিউ জারি করা হয়েছে, আর ইতালিতে মোতায়েন করা হয়েছে সেনাসদস্য। তবে বিক্ষোভকারীদের দাবি, এ ধরনের পদক্ষেপ তাদের মূল দাবিগুলোকে আড়াল করছে এবং পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

পর্তুগালের রাজধানী লিসবনের ১৯ বছর বয়সী মনোবিজ্ঞানের শিক্ষার্থী লুইস মার্কেস বলেন, ‘রাজনীতিকেরা বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও একেবারেই অযৌক্তিক উপায়ে পরিস্থিতির জবাব দিচ্ছেন।’

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে লাগামহীন বাড়িভাড়া নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা খাতের পরিবর্তে শিক্ষায় বেশি অর্থ ব্যয় এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের

তবে বিশেষজ্ঞদের মতে, এই বিক্ষোভের পেছনে আরও গভীর সংকট রয়েছে। ইউরোপের বহু তরুণ মনে করছেন, তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের কোনো কার্যকর ভূমিকা নেই।

আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক সমিতির সভাপতি জিওফ্রে প্লেয়ার্স বলেন, ‘এই তরুণেরা শুধু মনে করেন না যে রাজনীতিতে তাদের কোনো জায়গা নেই; তারা মনে করেন, তাদের কথা একেবারেই শোনা হচ্ছে না।’

রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোজারিও ফোরলেনজা এই আন্দোলনকে ‘ইউরোপজুড়ে প্রজন্মগত বিদ্রোহ’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এর মূলে রয়েছে এমন এক সামাজিক ও অর্থনৈতিক সংকট, যার কার্যকর সমাধান দিতে রাজনীতিকেরা ব্যর্থ হচ্ছেন।

তিনি বলেন, ‘তরুণেরা জনসংখ্যার এমন একটি অংশ, যাদের অনুপাত ক্রমেই কমছে। ফলে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নির্বাচনী ক্ষেত্রে তাদের গুরুত্বও ক্রমাগত কমে যাচ্ছে।’

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

‘অন্যদের অনুপ্রাণিত করছি’

ফ্রান্স ও ইতালিতে তরুণদের ক্ষোভ সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। দেশ দুটিতে শনিবার নতুন করে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

গত সপ্তাহান্তে ফ্রান্সের বোর্দো শহরে এক বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছর বয়সী এডি নামে এক শিক্ষার্থী এএফপিকে বলেন, ‘মানুষ খুব ক্ষুব্ধ, তারা আর সহ্য করতে পারছে না। সারাদিন কঠোর পরিশ্রম করেও কেনাকাটার ঝুড়ি ভরার মতো সামর্থ্য থাকে না।’

তিনি আরও বলেন, ‘সবকিছু ভাঙচুর করলে কি কিছু বদলাবে? আমার মনে হয়, এতে রাজনীতিকদের ঘুম ভাঙতে পারে। নিজেদের কথা শোনানোর জন্য আর কী করতে পারি, তা আমরা জানি না। ভোটের মাধ্যমে পরিবর্তন? এখন আর তাতে আমাদের বিশ্বাস নেই।’

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

ইউরোপজুড়ে বিভিন্ন প্রতিবাদী আন্দোলন একে অপরের কাছ থেকে ক্রমেই অনুপ্রেরণা নিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি ভারত ও নেপালের মতো দেশগুলোতে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকেও তারা শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন।

ইতালিতে গত সপ্তাহে শিক্ষার্থীদের একটি স্লোগানে বলা হয়, ‘ফ্রান্সের মতো করো’। এছাড়া জলদস্যুদের প্রতীক হিসেবে পরিচিত ‘জলি রজার’ পতাকাসহ বিভিন্ন অভিন্ন প্রতীক ইউরোপের তরুণদের সমাবেশে দেখা যাচ্ছে।

মাদ্রিদের ২২ বছর বয়সী পরীক্ষাগারের মাননিয়ন্ত্রণ প্রযুক্তিবিদ মার্কোস নাভারো বলেন, ইউরোপের বিভিন্ন দেশের আন্দোলনকারীরা নিজেদের কর্মপদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।

নাভারো বলেন, ‘তারা আমাদের কাছে এসে জানতে চেয়েছেন, ‘তোমরা কীভাবে আন্দোলন করেছ? কীভাবে নিজেদের সংগঠিত করো?’ আমরা ইতিমধ্যে নিজেদের মধ্যে নানা আইডিয়া বিনিময় করেছি।’

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

আবাসন ব্যয় বৃদ্ধি ও উচ্ছেদের প্রতিবাদে গত সেপ্টেম্বর থেকে নাভারো মাদ্রিদের কেন্দ্রীয় পুয়ের্তা দেল সল চত্বরে শত শত মানুষের সঙ্গে তাঁবু গেড়ে অবস্থান করছেন।

ওই শিবিরের চিকিৎসাকেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ২৬ বছর বয়সী নৃবিজ্ঞানী আইলা হেরেরো বলেন, ‘আমরা অন্যদের অনুপ্রাণিত করছি—এটা জানতে পারা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের আন্দোলন শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না।’

‘এটা গ্রহণযোগ্য নয়’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপের বিভিন্ন দেশে সামরিক ব্যয় বাড়ানোর প্রবণতাও তরুণদের বিক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে।

গ্রিসের রাজধানী এথেন্সের এক্সারখিয়া এলাকার ১৭ বছর বয়সী হাইস্কুল শিক্ষার্থী নিকোস মাভরুদিস বলেন, সামরিক খাতে ব্যয় বাড়ানোর পরিবর্তে তার স্কুলের পেছনে অর্থ ব্যয় করা হলে তা বেশি কাজে আসত। স্কুলের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে বলে তিনি জানান।

মাভরুদিস বলেন, ‘শ্রেণিকক্ষ বিপজ্জনক অবস্থায় থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ভবিষ্যতে রাঁধুনি হওয়ার স্বপ্ন দেখা এই শিক্ষার্থী ইউরোপের অন্য কোনো দেশে চলে যেতে চান। তার ভাষায়, তিনি এমন দেশে যেতে চান, ‘যেখানে পরিস্থিতি আরও ভালো’।

রোমের দখল করা মর্গাগনি হাইস্কুলে শিক্ষার্থীরা টেবিল দিয়ে প্রবেশপথ আটকে রেখেছেন। সেখানে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের জরাজীর্ণ অবকাঠামোকে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ হিসেবে তুলে ধরছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ইতালির সংবাদমাধ্যম ও রাজনীতিকেরা কিছু বিক্ষোভকারীর লুটপাট ও ভাঙচুরের ঘটনাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ‘এর ফলে এই ব্যবস্থার শিকার শিক্ষার্থীদের বিরুদ্ধেই মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে পড়ছে।’

বিক্ষোভে সহিংসতার বিষয়ে ইতালির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইউনিয়নের সমন্বয়ক ২৪ বছর বয়সী সাবরিনা ব্রিজোলা বলেন, তার সংগঠনের মতো প্রতিষ্ঠানগুলোর উচিত এই ‘প্রজন্মের ক্ষোভকে’ সংগঠিত করা এবং গঠনমূলক পথে পরিচালিত করা।

তিনি বলেন, ‘আমাদের উদ্বেগগুলো একই রকম, যদিও প্রতিবাদের পদ্ধতি একেকজনের একেক রকম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণ না দেওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ঋণ না দেওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা যুবকের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে স্থানীয় লোকজন গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ জানায়, তাকে ঋণ না দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে কাউসার ভেতরের স্ট্রং রুমের তালা ভেঙে ব্যাংক লুটের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয় এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কাউসার আহম্মেদ সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

এই ঘটনায় ব্যাংকটির সোহাগী বাজার শাখার কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, কাউসারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (২২) বলেন, বুধবার রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মূল ফটক ভেঙে কাউসার ভেতরে ঢুকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তিনি এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে গলায় চাকু ধরে রশি দিয়ে তার হাত-পা বাঁধেন এবং গামছা দিয়ে মুখ বেঁধে আটকে রাখেন। এরপর স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন।

মাজহারুল জানান, একপর্যায়ে তিনি বাঁধন খুলে ব্যাংক থেকে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এসে কাউসারকে আটক করে পুলিশে দেন।

কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হাসান জানান, ঘটনার সময় নিরাপত্তাকর্মী মাজহারুলের হাত-পা ও মুখ বেঁধে রেখে ব্যাংক লুটের চেষ্টা করা হয়। কাউসার তাদের কাছে ঋণ নিতে আসার বিষয়টি সঠিক নয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাষ্ট্রীয় একটি ব্যাংকে এমন ঘটনা খুবই উদ্বেগজনক।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, কাউসার পুলিশকে জানিয়েছেন, ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় তিনি এমন পরিকল্পনা করেন। এ ঘটনায় দস্যুতা আইনে কাউসারসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে গৌরীপুরের ভবানীপুর এলাকায় পথরোধ করে সোহাগীর বৃ-কাঁঠালিয়া গ্রামের অন্য এক যুবক ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছিলেন। ঋণ না দেওয়ার অজুহাতে এ ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


যুক্তরাষ্ট্র পেল নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব

ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব যুক্তরাষ্ট্র পেয়েছে। ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, প্রথম আসরে অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব।

এখনো ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত শহরগুলোর নাম প্রকাশ করা হয়নি। তবে, প্রথম আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে সাতটি ক্লাব। এই ক্লাবগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।

যুক্তরাষ্ট্র গত বছর সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে। এছাড়া, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও দেশটি কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে। বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামোর কারণে ফিফা নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে নির্বাচন করেছে।

ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান মন্তব্য করেন, "ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্য, দেশটিতে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে এই প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত আয়োজক হিসেবে গড়ে তুলেছে।"

নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসরকে বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং ক্লাব পর্যায়ে প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মন্দানা অভিনীত ঐতিহাসিক ড্রামা সিনেমা ‘রণবালি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির নেট কালেকশন ৪৫ কোটি ২০ লাখ রুপি হয়েছে। বিশ্বব্যাপী মোট আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি পৌঁছেছে।

ভারতের বাজারে সিনেমাটি মোট ৫২ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে ১১ কোটি ১০ লাখ রুপি এসেছে, ফলে প্রথম সাত দিনে বিশ্বব্যাপী মোট আয় ৬৩ কোটি ৬৫ লাখ রুপি হয়েছে।

রাহুল সংকৃতায়ন পরিচালিত এই ঐতিহাসিক ড্রামা সিনেমাটি গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুক্তির সপ্তম দিনে ভারতে ৩ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করেছে। ওই দিন দেশজুড়ে ২,১২৩টি শোয়ে সিনেমাটি প্রদর্শিত হয় এবং দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল প্রায় ৩১ শতাংশ।

বুধবারের ৫ কোটি ৫০ লাখ রুপি আয়ের তুলনায় বৃহস্পতিবার আয় প্রায় ৪২.৭ শতাংশ কমেছে। বুধবারের ২,২৩২টি শো থেকে বৃহস্পতিবার শোর সংখ্যা কিছুটা কমিয়ে আনা হয়েছে।

সপ্তম দিনে ছবিটির আনুমানিক ২,৭১,৫৬৩টি টিকিট বিক্রি হয়েছে, ফলে প্রথম সপ্তাহে মোট টিকিট বিক্রির সংখ্যা ৩৫,৮৪,০৬৭টিতে পৌঁছেছে।

গত ১৬ অক্টোবর মুক্তির দিনেই সিনেমাটি ২,৫১৫টি শো এবং ৫৭ শতাংশ দর্শক উপস্থিতি নিয়ে ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করে শক্তিশালী ওপেনিং করেছিল। এরপর প্রথম শনিবার ৭ কোটি ৩০ লাখ এবং রোববারে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে গতি ধরে রাখে। তবে সাপ্তাহিক ছুটির পর আয়ে কিছুটা পতন দেখা দেয়।

সোমবার ৫ কোটি ৪০ লাখ রুপি আয় করার পর মঙ্গলবার কিছুটা বেড়ে ৭ কোটি ১০ লাখ রুপি হয়েছে, কিন্তু বুধবার ৫ কোটি ৫০ লাখ এবং বৃহস্পতিবার ৩ কোটি ১৫ লাখ রুপি আয় করে সিনেমাটি প্রথম সপ্তাহ শেষ করেছে।

এছাড়া বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৩৫ লাখ রুপি আয় করতে সক্ষম হয়েছে ‘রণবালি’।

১৮৭৬-১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আমলের রায়লসীমা অঞ্চলের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা। রাহুল সংকৃতায়নের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা।

গল্পে দেখা যায় এক অশ্বারোহীকে, যিনি ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং এই ভয়াবহ দুর্ভিক্ষের সময় নিজ দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করেন। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই প্রেক্ষাগৃহে পথচলা অব্যাহত রেখেছে ‘রণবালি’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে না আসার কারণ জানালেন ইরানি কূটনীতিক মুজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


জনসমক্ষে না আসার কারণ জানালেন ইরানি কূটনীতিক মুজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করছেন, এমন তথ্য জানিয়েছেন দেশটির একজন কূটনীতিক। তবে, সুস্থ থাকা সত্ত্বেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না।

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মুজতবা খামেনির সাত থেকে আট ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এলাহি উল্লেখ করেন, “তিনি খুব আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। আমাদের প্রেসিডেন্টও গত সপ্তাহে তার সঙ্গে সাত ঘণ্টার বৈঠকের কথা উল্লেখ করেছেন। এমনকি আমাদের পার্লামেন্টের স্পিকারও তার সঙ্গে দেখা করেন।”

এলাহি মুজতবা খামেনির বাবার জানাজায় অনুপস্থিত থাকার দাবিও নাকচ করেন। তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে তিনি গণমাধ্যমের সামনে আসেননি এবং কেউ তাকে দেখেনি। কিন্তু তিনি তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন। সে সময় আমি ইরানে ছিলাম। তার দুই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। মুজতবা খামেনিও সেখানে উপস্থিত ছিলেন।”

এছাড়া, তিনি আরও দাবি করেন, মুজতবা কখনও কখনও রাতের বেলায় রাস্তায় বের হন এবং ইরানে সাধারণ মানুষের সমাবেশেও অংশ নিয়েছেন। তার বক্তব্য, সর্বোচ্চ নেতা ভালো আছেন এবং স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধের মধ্যে দেশটি কে পরিচালনা করছেন, তা কেউ জানে না। ট্রাম্প বলেন, “তাদের নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও চলে গেছেন। আমার সবচেয়ে বড় সমস্যা হলো, দেশটি আসলে কে চালাচ্ছে, তা কেউ জানে না।”

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%