ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী


আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী অর্থবছর শেষে যশোরের ভবদহের জলাবদ্ধতা থেকে ভুক্তভোগীরা মুক্তি পাবেন।

মন্ত্রী বলেন, চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। এর পাশাপাশি, আমডাঙ্গায় নতুন খাল খনন এবং শিবসা নদীর পানির ধারাবাহিকতা বজায় রেখে প্রায় ৯০ কিলোমিটার নতুন খননের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে। এতে জলাবদ্ধতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি

শনিবার (২৮ নভেম্বর) যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী জানান, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের বক্তব্য ও সমস্যাগুলো শোনা হয়েছে এবং আলোচনা হয়েছে।

তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটারের কাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন: ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ

বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এবং ভবদহ অঞ্চলের ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টরা ভবদহ এলাকা পরিদর্শনে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী সামরিক ঘাঁটিতে থাকার কারণ রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী সামরিক ঘাঁটিতে থাকার কারণ রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক শতাব্দীরও বেশি পুরোনো কিছু সামরিক আবাসনে বর্তমানে বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এসব বাড়ি কঠোর নিরাপত্তাবেষ্টিত এবং মূলত জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্মিত হয়েছিল। বেড়া ও নিয়ন্ত্রিত প্রবেশপথের কারণে এসব আবাসন রাজধানীর অন্যান্য এলাকা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে।

সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য বর্তমানে এসব সামরিক আবাসনে বসবাস করছেন। এখানে তারা ওয়াশিংটনের অন্য যেকোনো এলাকার তুলনায় বেশি নিরাপদ বোধ করছেন। অতীতে কোনো মার্কিন প্রশাসনের এতসংখ্যক বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির খুব একটা দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি শত্রুদের কাছ থেকে নতুন নতুন হুমকির কারণে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট, যে দলের সরকারই ক্ষমতায় আসুক না কেন, শীর্ষ কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ ধরনের হুমকির কারণে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এর ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঐতিহ্যটি হলো, বেসামরিক নেতারা সাধারণ মানুষের সঙ্গে একই এলাকায় বসবাস করবেন এবং তাদের কাছাকাছি থাকবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে নিজের প্রভাব বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। শহরটিকে অনিরাপদ উল্লেখ করে তিনি সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। পাশাপাশি হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ এবং সরকারি গলফ কোর্স সংস্কারের উদ্যোগ নিয়েছেন। অথচ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান মন্তব্য করেছেন যে, উচ্চপদস্থ কর্মকর্তারা নিরাপত্তার কারণে সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকেন। তাদের সঙ্গে সব সময় নিরাপত্তারক্ষীরা থাকেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময়ও বিশেষ ব্যবস্থা করা হয়। তবে এখন তারা সাধারণ মানুষের বসবাসের এলাকাতেও থাকছেন না, ফলে এই বিচ্ছিন্নতা আরো বাড়ছে।

সম্প্রতি সামরিক আবাসনে উঠেছেন ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে চলে গেছেন। এই মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর হুমকি থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বেসেন্ট বলেছেন, ‘ইরানের নেতাদের ধিক্কার জানাই। আমি ভয় পেয়ে পিছু হটব না। তারা আমাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা ভয় পাব না।’ নিরাপত্তাঝুঁকির কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক আবাসনে ছিলেন।

বিদেশি হুমকির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা নিয়েও উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, তার স্ত্রী কেটি ও চার সন্তানও গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে চলে যান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বাড়ির সামনে বিক্ষোভ, ব্যক্তিগত ঠিকানা প্রকাশ এবং হুমকির ঘটনা ঘটেছিল। এসব কারণে নিরাপত্তার স্বার্থে তারা বাড়ি ছাড়েন।

সামরিক আবাসনে থাকার খরচ

গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সমালোচনার মুখে পড়েন। ফোর্ট ম্যাকনেয়ারে তার বাসভবন মেরামত ও সংস্কারের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার খরচের পরিকল্পনা করেছিল। সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। এই নিয়মের ভিত্তি তৈরি হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়।

গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি ওয়াশিংটনের নেভি হিলের একটি ঐতিহাসিক সামরিক আবাসনে বসবাস শুরু করেন। তখনকার নিয়ম অনুযায়ী, তাকে স্থানীয় এলাকার সমমানের বাড়ির বাজারদর অনুযায়ী মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হতো।

২০০৮ সালে পেন্টাগন ভাড়া কমানোর প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক আবাসনে কর্মকর্তারা থাকলে আলাদা নিরাপত্তাব্যবস্থা ও কর্মী নিয়োগের প্রয়োজন হয় না। এতে সরকারের অর্থ সাশ্রয় হয়। কংগ্রেস প্রস্তাবটি অনুমোদন করে। এরপর থেকে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ শতাংশ বেশি দিয়ে এসব আবাসনে থাকতে পারেন।

তবে ২০১৭ সালে জিম ম্যাটিসের আগে মন্ত্রিসভার অন্য কোনো সদস্য নেভি হিলের ওই আবাসনে থাকেননি। ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেখানে থাকার আগ্রহ দেখালেও নৌবাহিনী আপত্তি জানায়। তাদের আশঙ্কা ছিল, এতে আইনি, আর্থিক ও নৈতিক জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি, আবাসনসংকটের মধ্যে একজন বেসামরিক কর্মকর্তার জন্য কোনো সামরিক সদস্যকে তার নির্ধারিত বাড়ি থেকে সরিয়ে দিতে হতে পারে। শেষ পর্যন্ত পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটির একটি আবাসনে বসবাস করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায়ে ২৬ শিশু-কিশোর ও যুবককে পুরস্কৃত করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


সরাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায়ে ২৬ শিশু-কিশোর ও যুবককে পুরস্কৃত করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০ দিন ধরে জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে সফল ২৬ জন শিশু-কিশোর ও যুবকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিশু-কিশোর ও যুবকদের নামাজের প্রতি আগ্রহী করা, মসজিদমুখী করা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায়ের স্বীকৃতিস্বরূপ ১৩ জনকে নতুন সাইকেল প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ি জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে সাত দিনব্যাপী ৫০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে এই পুরস্কার বিতরণ করা হয়।

মাহফিলের প্রতিষ্ঠাতা পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ির বড় হুজুর মরহুম মাওলানা মোহাম্মদ আলীর (রহ.) পরিবারের পক্ষ থেকে পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানান তাঁর ছেলে ও জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন। তিনি বলেন, "ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মসজিদের সঙ্গে সম্পৃক্ত করা, নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।"

আয়োজকদের এই উদ্যোগ এলাকায় প্রশংসা ও উৎসাহ সৃষ্টি করেছে। তাঁদের প্রত্যাশা, পুরস্কারের আনন্দ ও অনুপ্রেরণা সাময়িক উৎসাহে সীমাবদ্ধ না থেকে নিয়মিত নামাজ আদায়ের স্থায়ী অভ্যাসে পরিণত হবে। মসজিদমুখী এই প্রজন্ম ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা, মাহফিলে আগত ধর্মপ্রাণ মানুষ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেন ইরানি টেনিস তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেন ইরানি টেনিস তারকা

ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত এম১৫ টেনিস টুর্নামেন্টের পুরুষ দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে তার জুটি সেমিফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে রাশিয়ার খেলোয়াড় এগর খোতেনকভের সঙ্গে মাঠে নামার কথা ছিল ইয়াজদানির। তাদের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রিয়ার থিলো বেয়ারমান ও ইসরাইলের টিম ভাইসম্যান। কিন্তু ইয়াজদানি ইসরাইলি খেলোয়াড়ের বিপক্ষে খেলতে রাজি হননি। এর ফলে তার জুটি ম্যাচটি ওয়াকওভার দেয়।

টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে রাশিয়া ও ইরানের এই জুটিকে বিবেচনা করা হচ্ছিল। প্রতিযোগিতার ড্রয়ে তাদের দ্বিতীয় বাছাই হিসেবে রাখা হয়েছিল। তবে ইসরাইলি প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্তের কারণে তারা শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েন।

এম১৫ আনতালিয়া আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) পুরুষদের বিশ্ব টেনিস ট্যুরের অংশ। ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ার বেলেক এলাকায় ক্লাব মেগাসারে হোটেলের উন্মুক্ত ক্লে কোর্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট পুরস্কারমূল্য ১৫ হাজার ডলার।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলি খেলোয়াড়দের বিপক্ষে না খেলার ক্ষেত্রে ইরানি অ্যাথলেটদের এমন সিদ্ধান্ত নতুন কিছু নয়। গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশটির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবিও জোরালো হয়েছে।

এর আগে গত মে মাসে ইরানের তরুণ টেনিস খেলোয়াড় হানা শাবানপুরও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তুরস্কে অনুষ্ঠিত জে৬০ পর্যায়ের একটি টুর্নামেন্টের দ্বৈত বিভাগের ফাইনালে ওঠার পর ইসরাইলি খেলোয়াড় থাকা একটি দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। ফাইনালে তিনি তুরস্কের এক খেলোয়াড়কে নিয়ে উঠেছিলেন।

এর আগে গত মার্চে ইরানের ১০ হাজারের বেশি অ্যাথলেট আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি এ বিষয়ে আবেদন জানান।

একই সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সদস্যপদ স্থগিত করারও দাবি জানান ওই অ্যাথলেটরা।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ

ফিরোজ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ওয়ারিশান সনদ তৈরি করে পালিত বাবার শত বিঘার বেশি সম্পত্তি দখল করেছেন। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের একটি সম্ভ্রান্ত ও সম্পদশালী পরিবারের ৪০টিরও বেশি উত্তরাধিকারী পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ভূমিহীন ব্যক্তিরাও রয়েছেন।

সরেজমিনে গিয়ে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহীর পঞ্চবটী মোড় এলাকায় প্রতিবন্ধী সত্তরোর্ধ্ব হাসিনা বেগম দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জরাজীর্ণ একটি ভাড়া ঘরে বসবাস করছেন। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সাহায্যের টাকায় তাদের সংসার চলে। একইভাবে রাজশাহীর হরিয়ানে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী ভূমিহীন দরিদ্র বিধবা ষাটোর্ধ্ব মহুয়া সুলতানার অবস্থাও একই। তারা দুবেলা দু-মুঠো ভাত খেয়ে দিন কাটাচ্ছেন।

এমন দুরবস্থায় রয়েছেন অন্তত ৪০টির বেশি পরিবার। অভিযোগ রয়েছে যে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নিঃসন্তান মীর তোফেল আলীর সমস্ত সম্পত্তি ফিরোজ আলী ভুয়া এনআইডি ও ওয়ারিশান সনদপত্র তৈরি করে দখল করেছেন। প্রকৃত উত্তরাধিকারীরা বর্তমানে দিনমজুর বা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মীর তোফেল আলীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মৌজায় শত বিঘার বেশি জমি, পুকুর, বাগানসহ নানা সম্পদ ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, মীর তোফেল আলী ও কোহিনুর বেগম দম্পতি নিঃসন্তান হওয়ায় আমনুরা লক্ষ্মীপুর এলাকা থেকে মাত্র এক কেজি খুদ (চালের ভাঙা অংশ) দিয়ে ফিরোজকে দত্তক নেন। এরপর তাকে লালন-পালন করে জীবিত অবস্থায় ফিরোজকে কিছু জমিজমা লিখে দেন তোফেল আলী। সেসব দলিলে ফিরোজ আলীর বাবার নাম হিসেবে আশির উদ্দিনের নাম উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মীর তোফেল আলীর মৃত্যুর পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও নির্বাচন অফিস থেকে ভুয়া এনআইডি ও ওয়ারিশান সনদ তৈরি করে ফিরোজ আলী পালিত বাবার সমস্ত সম্পত্তি দখল করেন। এ বিষয়ে উত্তরাধিকারীরা আদালতে দুটি মামলা করেছেন এবং জাতীয় পরিচয়পত্র ও জমির খারিজ বাতিলে নির্বাচন অফিস ও এসিল্যান্ড অফিসে আবেদন করেছেন।

হাসিনা বেগম সময় সংবাদকে বলেন, ‘প্রতিবন্ধী দুই ছেলেমেয়েকে নিয়ে অসহায় অবস্থায় জরাজীর্ণ ভাড়া বাড়িতে বসবাস করছি। অসুস্থ অবস্থায় কয়েক দফা ফিরোজ আলীর কাছে গেছি। কিন্তু এক ছটাক মাটি বা সম্পদ আমাদের দেয়নি। অথচ আমরাই এর প্রকৃত হকদার। তার মধ্যে ন্যূনতম কোনো দয়ামায়া নেই। প্রতিবন্ধী দুই ছেলেমেয়েকে নিয়ে মানুষের দেয়া সাহায্যে অর্ধাহারে-অনাহারে থাকছি।’

আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা মহুয়া সুলতানা বলেন, ‘ঘরবাড়ি না থাকায় সরকারের দেয়া উপহারের ঘরে বসবাস করছি। নিঃস্ব অবস্থায় থাকলেও আমাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করে সব সম্পত্তি দখল করে খাচ্ছে এবং বিক্রি করছে। আমাদের ৪০টির বেশি পরিবার এমন দুরবস্থায় থাকলেও কোনো জমি দিচ্ছে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%