প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০ দিন ধরে জামাতে নামাজ আদায়ের কর্মসূচিতে সফল ২৬ জন শিশু-কিশোর ও যুবকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিশু-কিশোর ও যুবকদের নামাজের প্রতি আগ্রহী করা, মসজিদমুখী করা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায়ের স্বীকৃতিস্বরূপ ১৩ জনকে নতুন সাইকেল প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ি জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুট্টাপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে সাত দিনব্যাপী ৫০তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে এই পুরস্কার বিতরণ করা হয়।
মাহফিলের প্রতিষ্ঠাতা পূর্ব কুট্টাপাড়া বাগবাড়ির বড় হুজুর মরহুম মাওলানা মোহাম্মদ আলীর (রহ.) পরিবারের পক্ষ থেকে পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানান তাঁর ছেলে ও জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন। তিনি বলেন, "ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মসজিদের সঙ্গে সম্পৃক্ত করা, নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষায় আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
আয়োজকদের এই উদ্যোগ এলাকায় প্রশংসা ও উৎসাহ সৃষ্টি করেছে। তাঁদের প্রত্যাশা, পুরস্কারের আনন্দ ও অনুপ্রেরণা সাময়িক উৎসাহে সীমাবদ্ধ না থেকে নিয়মিত নামাজ আদায়ের স্থায়ী অভ্যাসে পরিণত হবে। মসজিদমুখী এই প্রজন্ম ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা, মাহফিলে আগত ধর্মপ্রাণ মানুষ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন