ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্পেনের জার্সিতে প্রথমবার ১০ নম্বরে খেলবেন ইয়ামাল


স্পেনের জার্সিতে প্রথমবার ১০ নম্বরে খেলবেন ইয়ামাল

স্পেনের জাতীয় দলের হয়ে লামিনে ইয়ামাল সাধারণত ১৯ নম্বর জার্সিতে খেলেন। জাতীয় দলে অভিষেকের পর থেকে এই জার্সিতেই মাঠে নামছেন বার্সেলোনার তরুণ প্রতিভা। তবে ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে তাঁর জার্সিতে থাকবে ১০ নম্বর।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কর্তৃক প্রকাশিত আনুষ্ঠানিক স্কোয়াড তালিকায় ইয়ামালের নামের পাশে ১০ নম্বর উল্লেখ করা হয়েছে। বার্সেলোনার হয়ে এই নম্বরেই তিনি খেলছেন। ২০২৫ সালে লিওনেল মেসির স্মৃতি বিজড়িত বার্সেলোনার ১০ নম্বর জার্সি পান ইয়ামাল।

স্পেনের হয়ে ১০ নম্বর পাওয়ার পেছনে আপাতত কোনো বড় প্রতীকী সিদ্ধান্ত নেই। বরং এর কারণ হলো সতীর্থ দানি ওলমোর অনুপস্থিতি। বার্সেলোনার এই মিডফিল্ডার ২০২২-২৩ মৌসুম থেকে স্পেনের ১০ নম্বর জার্সি পরে খেলছেন। কিন্তু অক্টোবরে পাওয়া পেশির চোটের কারণে তিনি চলতি আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত

ওলমোর অনুপস্থিতিতে গত বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে ম্যাচে স্পেনের ১০ নম্বর জার্সি পেয়েছিলেন লিভারপুলের উইঙ্গার ভিক্তর মুনিয়োজ। যদিও সেই ম্যাচে বদলি হিসেবেও মাঠে নামেননি তিনি। ইয়ামালও চেকিয়ার বিপক্ষে খেলেননি নিজের চোটের কারণে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তিনি দলে ফিরেছেন।

এবার ইয়ামালকে ১০ নম্বর দেওয়ায় মুনিয়োজের জার্সি নম্বরও পরিবর্তিত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ১৯ নম্বর পরবেন। আর চেকিয়ার বিপক্ষে ১৯ নম্বর পরা হোর্হে দে ফ্রুতস এবারের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আরএফইএফের প্রকাশিত তালিকায় স্পেনের ২৩ জন খেলোয়াড়ের জার্সি নম্বরও নিশ্চিত করা হয়েছে।

স্পেনের হয়ে ইয়ামাল এই প্রথম ১০ নম্বর জার্সি পরছেন না। ২০২৪ সালের অক্টোবরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও এই নম্বর গায়ে চাপিয়েছিলেন তিনি। সেবারও চোটের কারণে দলে ছিলেন না ওলমো। অর্থাৎ, দুইবারই ওলমোর অনুপস্থিতিতে ইয়ামাল স্পেনের ১০ নম্বর জার্সি পেয়েছেন।

তবে এই পরিবর্তন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ২০২৭ সালের মার্চে নেশন্স লিগের পরবর্তী ম্যাচগুলোতে ওলমো দলে ফিরলে ইয়ামাল আবারও ১৯ নম্বর জার্সিতে খেলতে পারেন। স্পেনের হয়ে নিয়মিত ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়ে ইয়ামাল আগ্রহও দেখাননি। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় ১৯ নম্বরও আমাকে মানায়।’

আরও পড়ুন: রবিন স্বেচ্ছায় খেলেছিলেন প্রথম বল

বার্সেলোনায় ১৯ নম্বর ছেড়ে ১০ নম্বর নেওয়ার পরও স্পেনের হয়ে ইয়ামাল নিজের পুরোনো নম্বরেই খেলছিলেন। তাই জাতীয় দলে এবার ১০ নম্বর পাওয়া তাঁর স্থায়ীভাবে নম্বর পরিবর্তনের ইঙ্গিত নয়; বরং সতীর্থের অনুপস্থিতিতে সাময়িক দায়িত্ব নেওয়া।

ফুটবলে ক্লাব ও জাতীয় দলের জার্সি নম্বর এক হওয়া বাধ্যতামূলক নয়। বার্সেলোনার সাবেক দুই কিংবদন্তি জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার উদাহরণও রয়েছে। জাভি বার্সেলোনায় ৬ এবং স্পেনে ৮ নম্বর জার্সি পরতেন। অন্যদিকে ইনিয়েস্তা বার্সেলোনায় ৮ এবং স্পেনে ৬ নম্বর পরে খেলেছেন। দুই দলের হয়ে ভিন্ন নম্বর ব্যবহার করলেও তাঁদের কাছে সেটি কোনো সমস্যা ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন।

প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশ গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না। বিভিন্ন রোগে পশু-পাখির মৃত্যু হলে খামারিরা আর্থিক ক্ষতিরও মুখে পড়েন।

তিনি বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করলে খামারিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি রোগজনিত ক্ষতি কমাতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, টিকাদান, পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা পাবেন।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেল্টেকের আবাসন মেলা শুরু, ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


শেল্টেকের আবাসন মেলা শুরু, ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ অফার

পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা অথবা ব্যবসার জন্য সঠিক বিনিয়োগের স্থান খুঁজছেন? এর জন্য এসেছে একটি অনন্য সুযোগ। রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘শেল্টেক্ আবাসন মেলা ২০২৬’, যা চার দশকের অভিজ্ঞতার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় একসাথে পাওয়া যাচ্ছে শেল্টেক্-এর অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস এবং দোকান।

ক্রেতারা তাদের প্রয়োজন ও পছন্দের এলাকা অনুযায়ী বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। মেলা চলাকালীন সময়ে অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস এবং দোকান বুকিংয়ের ক্ষেত্রে ২৫ লাখ* টাকা পর্যন্ত বিশেষ অফার রয়েছে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টেক্ গ্রুপের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যেমন ডিরেক্টর, অ্যাডভাইজার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং, এক্সিকিউটিভ ডিরেক্টর, চিফ অপারেটিং অফিসার, চিফ বিজনেস অফিসার এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, সেলস, শেল্টেক্ (প্রা.) লি.।

ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস এবং দোকান থেকে প্রপার্টি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। মেলায় এসে প্রকল্পের বিস্তারিত ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে শেল্টেক্-এর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন ক্রেতারা। পরিবারের প্রয়োজন কিংবা ব্যবসার পরিকল্পনার সঙ্গে কোন ঠিকানাটি মানানসই, তা বুঝে নিতে এই আয়োজন সহায়ক হবে।

রাজধানীর পশ্চিম পান্থপথের ৬০ শেখ রাসেল স্কয়ারে শেল্টেক্ কর্পোরেট অফিস, বনশ্রী মেইন রোডের শেল্টেক্ লিগ্যাসি প্লাজা সেলস অফিস, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, জলসিঁড়ির সেক্টর ১৭ এবং চট্টগ্রামের জাকির হোসেন সড়কের রুবিয়া হাইটসের সেলস অফিসে একযোগে এই মেলা চলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবারসহ যেকোনো ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় আসতে পারবেন আগ্রহীরা।

বিস্তারিত জানতে ফোন করা যাবে ১৬৫৫০ নম্বরে

রেজিস্ট্রেশন লিংক : www.sheltech-bd.com/registration

আরো জানতে ভিজিট করুন : www.sheltech-bd.com

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ডলার বন্ড ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ স্থানীয় এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার সুযোগ সৃষ্টি করবে। তিনি উল্লেখ করেন যে, অর্থনীতি সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

অর্থ মন্ত্রণালয় এবং এডিবির সহযোগিতায় রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, "বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।" এই পরিবর্তনকে মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ককে অ্যালাইন করার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, "পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে।" বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আমাদের প্রোগ্রামের অ্যালাইনমেন্ট না হলে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল ঘটনাস্থলের পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%