মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি
১১:১৩ পি.এম
রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন।
প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশ গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না। বিভিন্ন রোগে পশু-পাখির মৃত্যু হলে খামারিরা আর্থিক ক্ষতিরও মুখে পড়েন।
তিনি বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করলে খামারিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি রোগজনিত ক্ষতি কমাতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, টিকাদান, পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা পাবেন।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানিয়ারচর জোনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা অথবা ব্যবসার জন্য সঠিক বিনিয়োগের স্থান খুঁজছেন? এর জন্য এসেছে একটি অনন্য সুযোগ। রবিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘শেল্টেক্ আবাসন মেলা ২০২৬’, যা চার দশকের অভিজ্ঞতার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় একসাথে পাওয়া যাচ্ছে শেল্টেক্-এর অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস এবং দোকান।
ক্রেতারা তাদের প্রয়োজন ও পছন্দের এলাকা অনুযায়ী বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। মেলা চলাকালীন সময়ে অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস এবং দোকান বুকিংয়ের ক্ষেত্রে ২৫ লাখ* টাকা পর্যন্ত বিশেষ অফার রয়েছে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টেক্ গ্রুপের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, যেমন ডিরেক্টর, অ্যাডভাইজার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং, এক্সিকিউটিভ ডিরেক্টর, চিফ অপারেটিং অফিসার, চিফ বিজনেস অফিসার এবং অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, সেলস, শেল্টেক্ (প্রা.) লি.।
ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস এবং দোকান থেকে প্রপার্টি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। মেলায় এসে প্রকল্পের বিস্তারিত ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে শেল্টেক্-এর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন ক্রেতারা। পরিবারের প্রয়োজন কিংবা ব্যবসার পরিকল্পনার সঙ্গে কোন ঠিকানাটি মানানসই, তা বুঝে নিতে এই আয়োজন সহায়ক হবে।
রাজধানীর পশ্চিম পান্থপথের ৬০ শেখ রাসেল স্কয়ারে শেল্টেক্ কর্পোরেট অফিস, বনশ্রী মেইন রোডের শেল্টেক্ লিগ্যাসি প্লাজা সেলস অফিস, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, জলসিঁড়ির সেক্টর ১৭ এবং চট্টগ্রামের জাকির হোসেন সড়কের রুবিয়া হাইটসের সেলস অফিসে একযোগে এই মেলা চলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবারসহ যেকোনো ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় আসতে পারবেন আগ্রহীরা।
বিস্তারিত জানতে ফোন করা যাবে ১৬৫৫০ নম্বরে
রেজিস্ট্রেশন লিংক : www.sheltech-bd.com/registration
আরো জানতে ভিজিট করুন : www.sheltech-bd.com
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ডলার বন্ড ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ স্থানীয় এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার সুযোগ সৃষ্টি করবে। তিনি উল্লেখ করেন যে, অর্থনীতি সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
অর্থ মন্ত্রণালয় এবং এডিবির সহযোগিতায় রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, "বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে।" এই পরিবর্তনকে মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ককে অ্যালাইন করার প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, "পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে।" বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আমাদের প্রোগ্রামের অ্যালাইনমেন্ট না হলে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল ঘটনাস্থলের পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নেন তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
আজ রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের রক্তনালিতে সফলভাবে দু’টি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে উপস্থিত হয়ে ডা. বিটু স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করা হলে হৃদযন্ত্রের রক্তনালিতে দু’টি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তাঁর রক্তনালিতে দু’টি স্টেন্ট স্থাপন করা হয়।
এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ